Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

কার্তিক ২৯ ১৪৩৩, শনিবার ১৪ নভেম্বর ২০২৬

এল নিনো মোকাবিলায় এখনই পদক্ষেপ, নইলে ব্যয় দ্বিগুণ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১০:২১, ১৪ নভেম্বর ২০২৬

আপডেট: ১০:২৮, ১৪ নভেম্বর ২০২৬

প্রিন্ট:

এল নিনো মোকাবিলায় এখনই পদক্ষেপ, নইলে ব্যয় দ্বিগুণ

’কোনো পদক্ষেপ না নেওয়াই হলো জলবায়ু বিষয়ক সবচেয়ে ব্যয়বহুল নীতি,’ বলেছেন ইউএনডিপিসি (UNDPC) প্রধান আলেকজান্ডার ডি ক্রু। ছবি সংগৃহীত

এল নিনোর ভয়াবহ প্রভাব মোকাবিলায় এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে। দেরি করলে ক্ষয়ক্ষতির আর্থিক বোঝা দ্বিগুণে পৌঁছাতে পারে বলে সতর্ক করেছেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রধান আলেকজান্ডার ডি ক্রু। শুক্রবার তুরস্কের আনতালিয়ায় কপ৩১ জলবায়ু সম্মেলনে অর্থায়ন নিয়ে আলোচনার মধ্যে তিনি এ সতর্কবার্তা দেন।

আলেকজান্ডার ডি ক্রু বলেন, এখনই এল নিনোর প্রভাব মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি ও প্রতিরোধমূলক ব্যবস্থা নিলে ব্যয় হবে ৩৬ বিলিয়ন ডলার। কিন্তু সময়মতো উদ্যোগ না নিলে সেই ব্যয় বেড়ে দাঁড়াবে ৭৩ বিলিয়ন ডলারে।

তুরস্কের পর্যটন শহর আনতালিয়ায় এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘এখনই ব্যবস্থা নিলে এল নিনোর প্রভাব সামাল দিতে ৩৬ বিলিয়ন ডলার প্রয়োজন হবে। আর তা না করলে ব্যয় বেড়ে ৭৩ বিলিয়ন ডলারে পৌঁছাবে। অর্থাৎ খরচ প্রায় দ্বিগুণ হবে।’

এল নিনো একটি প্রাকৃতিক জলবায়ু পরিস্থিতি, যা প্রতি দুই থেকে সাত বছর পরপর প্রশান্ত মহাসাগরের পানির তাপমাত্রা বাড়িয়ে দেয়। এর প্রভাবে বৈশ্বিক বায়ুপ্রবাহ ও বৃষ্টিপাতের স্বাভাবিক ধরনে পরিবর্তন আসে। চলমান এই চক্রটি বেশ শক্তিশালী। ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন দেশের অর্থনীতি এর বিরূপ প্রভাবের মুখে পড়েছে।

ডি ক্রুর ভাষায়, ‘জলবায়ু নীতিতে নিষ্ক্রিয় থাকার চেয়ে ব্যয়বহুল সিদ্ধান্ত আর হতে পারে না।’ ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ উন্নয়নশীল দেশগুলোকে এই পরিস্থিতি সামাল দিতে সহায়তার জন্য আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) মতো বড় আর্থিক প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানান তিনি।

জলবায়ু পরিবর্তনের জন্য ঐতিহাসিকভাবে দায়ী ধনী দেশগুলোর কাছ থেকে আরও আর্থিক সহায়তা চাইছে উন্নয়নশীল রাষ্ট্রগুলো। তবে ধনী দেশগুলোর সরকারও ঋণের চাপ এবং বিভিন্ন যুদ্ধের ব্যয় সামলাতে হিমশিম খাচ্ছে বলে স্বীকার করেন ইউএনডিপি প্রধান।

তাঁর মতে, একের পর এক সংকটের ধাক্কা সামলে ওঠার সুযোগই পাচ্ছে না ঝুঁকিপূর্ণ দেশগুলো। কোভিড-১৯ মহামারি, ইউক্রেন যুদ্ধ, হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ার পরিস্থিতি-এসবের পর এখন এল নিনোর অভিঘাত। এর সঙ্গে যুক্ত হয়েছে অর্থায়নের বাড়তি ব্যয়।

চলতি সপ্তাহে প্রকাশিত জাতিসংঘের এক প্রতিবেদনে আফ্রিকার সম্ভাব্য ক্ষয়ক্ষতির বিষয়ে আফ্রিকান ডেভেলপমেন্ট ব্যাংকের হিসাব তুলে ধরা হয়েছে। সংস্থাটির অনুমান, এল নিনোর কারণে আফ্রিকায় ১০ থেকে ২০ বিলিয়ন ডলারের ক্ষতি হতে পারে।

অন্যদিকে, জাতিসংঘের লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের অর্থনৈতিক কমিশনের পূর্বাভাস বলছে, আগামী তিন বছরে ওই অঞ্চলের মোট দেশজ উৎপাদন (জিডিপি) অন্তত ২ শতাংশ কমতে পারে। এতে নতুন করে দারিদ্র্যের মুখে পড়তে পারেন ৪৮ লাখ মানুষ।

ইউএনডিপি প্রধান দ্রুত জলবায়ু অভিযোজন খাতে বিনিয়োগ বাড়ানো এবং নীতিগত সংস্কারের ওপর জোর দিয়েছেন। সংস্থাটির ৪৭টি সহযোগী দেশে মূলধন সংগ্রহের ব্যয় কমানোর উদ্যোগও চান তিনি, যাতে জলবায়ু সংকট মোকাবিলায় প্রয়োজনীয় অর্থায়ন সহজ হয়।

২০২৮ সালের কপ সম্মেলন আয়োজন করছে না চীন
আনতালিয়া সম্মেলনের ফাঁকে বৈশ্বিক জলবায়ু নেতৃত্ব নিয়েও নতুন প্রশ্ন সামনে এসেছে। ২০২৮ সালে জাতিসংঘের বার্ষিক জলবায়ু সম্মেলন কপ৩৩ আয়োজনের পরিকল্পনা থেকে সরে এসেছে চীন। বিষয়টি সম্পর্কে অবগত একাধিক সূত্র শুক্রবার এ তথ্য জানিয়েছে। তবে পরিচয় প্রকাশ না করার শর্তে তারা কথা বলেছে।

চীনের এই সিদ্ধান্তের ফলে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অন্য কোনো দেশের জন্য সম্মেলন আয়োজনের সুযোগ তৈরি হয়েছে। পালাক্রমে এবার এ অঞ্চলেরই সম্মেলন আয়োজনের দায়িত্ব পাওয়ার কথা। ভারত গত এপ্রিলে আয়োজক হওয়ার প্রস্তাব প্রত্যাহার করে নেয়। তবে এর কারণ জানায়নি দেশটি। দক্ষিণ কোরিয়া এর আগে সম্মেলন আয়োজনের আগ্রহ প্রকাশ করেছিল।

বিষয়টি প্রথম প্রকাশ করে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান। এ বিষয়ে জানতে চাইলে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, তিনি এ সিদ্ধান্ত সম্পর্কে অবগত নন। তবে বৈশ্বিক পরিবেশবান্ধব ও স্বল্প-কার্বনভিত্তিক অর্থনৈতিক রূপান্তর এগিয়ে নিতে চীন প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান তিনি।

Walton
Walton