Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

কার্তিক ২৯ ১৪৩৩, শনিবার ১৪ নভেম্বর ২০২৬

যোগাযোগব্যবস্থায় ত্রুটি, যুক্তরাষ্ট্রে বাতিল ৪৭০০ ফ্লাইট

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১০:৫৬, ১৪ নভেম্বর ২০২৬

প্রিন্ট:

যোগাযোগব্যবস্থায় ত্রুটি, যুক্তরাষ্ট্রে বাতিল ৪৭০০ ফ্লাইট

ছবি সংগৃহীত

আকাশপথে হঠাৎ নেমে আসে অচলাবস্থা। যোগাযোগব্যবস্থার ত্রুটিতে যুক্তরাষ্ট্রজুড়ে প্রায় চার ঘণ্টা বন্ধ রাখতে হয় বিমান চলাচল। নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলেও দুর্ভোগ শেষ হয়নি; বাতিল হয়েছে হাজার হাজার ফ্লাইট, অনিশ্চয়তায় পড়েছেন প্রায় ১৫ লাখ যাত্রী।

দেশটির ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) শুক্রবার স্থানীয় সময় ফ্লাইট চলাচলের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করে। বিমান চলাচল নিয়ন্ত্রণ কেন্দ্রগুলোর যোগাযোগব্যবস্থায় দেখা দেওয়া ত্রুটিই এই বিপর্যয়ের কারণ বলে প্রাথমিকভাবে জানা গেছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, নিষেধাজ্ঞা উঠে গেলেও বিমানবন্দর ও এয়ারলাইনসগুলোর কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক হতে আরও সময় প্রয়োজন। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, ফ্লাইটের নিয়মিত সূচি ফিরিয়ে আনতে কয়েক দিনও লেগে যেতে পারে।

বিপর্যয়ের মাত্রা বোঝা যায় ফ্লাইটের পরিসংখ্যানে। ফ্লাইটরাডার২৪-এর তথ্য বলছে, শুক্রবার ৪ হাজার ৭০০টির বেশি উড়োজাহাজের যাত্রা বাতিল হয়েছে। নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে ছেড়েছে বা পৌঁছেছে প্রায় ১০ হাজার ফ্লাইট।

শনিবারের সূচিতেও এর প্রভাব পড়েছে। আগাম বাতিল করা হয়েছে আরও প্রায় ৭০০টি ফ্লাইট। তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠান সিরিয়ামের হিসাব অনুযায়ী, এই বিপর্যয়ে আনুমানিক ১৫ লাখ মানুষ আটকা পড়েছেন।

২০০১ সালের ১১ সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলার পর যুক্তরাষ্ট্রে এটিই ছিল সবচেয়ে দীর্ঘ সময় ধরে দেশজুড়ে ফ্লাইট চলাচল বন্ধ থাকার ঘটনা।

কেন এমন পরিস্থিতি তৈরি হলো, তা নিয়ে দেশটির প্রশাসনের পক্ষ থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ ব্যাখ্যা এসেছে। হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্কওয়েন মুলিন জানিয়েছেন, কোনো নিরাপত্তা হুমকির কারণে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়নি।

এ সপ্তাহে মাইক্রোসফটের সেবায় যে প্রযুক্তিগত বিপর্যয় ঘটেছিল, তার সঙ্গেও এ ঘটনার কোনো যোগসূত্র নেই বলে জানান তিনি। তাঁর বক্তব্য অনুযায়ী, সমস্যাটি সাইবার হামলার কারণে হয়েছে-এমন কোনো প্রমাণও পাওয়া যায়নি।

যুক্তরাষ্ট্রের পরিবহনমন্ত্রী শন ডাফি পুরোনো বিমান চলাচল নিয়ন্ত্রণ প্রযুক্তি এবং অতিরিক্ত তথ্যের চাপে থাকা রাউটারগুলোকে এই বিপর্যয়ের জন্য দায়ী করেছেন। তাঁর ব্যাখ্যায়, প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে শুক্রবার দেশজুড়ে ফ্লাইট চলাচল স্থগিত রাখার প্রয়োজন দেখা দেয়।

এর আগে এফএএ এয়ারলাইনসগুলোকে জানিয়েছিল, সমস্যাটির সূত্রপাত শিকাগোর মিডওয়ে আন্তর্জাতিক বিমানবন্দরে হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পরবর্তী সময়ে ত্রুটিটি দেশের অন্যান্য অংশেও ছড়িয়ে পড়ে।

যুক্তরাষ্ট্রের বিমান চলাচল নিয়ন্ত্রণব্যবস্থা অবশ্য দীর্ঘদিন ধরেই নানা চ্যালেঞ্জের মুখে। পুরোনো অবকাঠামো, যন্ত্রপাতি ও যোগাযোগসংক্রান্ত ত্রুটি এবং পর্যাপ্ত নিয়ন্ত্রকের অভাব নিয়ে আগে থেকেই উদ্বেগ রয়েছে।

এর আগে ২০২৩ সালের জানুয়ারিতেও দেশটিতে বড় ধরনের ফ্লাইট বিপর্যয় দেখা দিয়েছিল। সে সময় বিমান চলাচল নিয়ন্ত্রণব্যবস্থার সমস্যার কারণে প্রায় ৯০ মিনিটের জন্য অভ্যন্তরীণ ফ্লাইটের উড্ডয়ন স্থগিত করেছিল এফএএ।

Walton
Walton