ছবি সংগৃহীত
রবি মৌসুমে সার নিয়ে কৃষকদের দুশ্চিন্তা কমাতে বড় মজুত গড়ে তুলেছে সরকার। গত বছরের একই সময়ের তুলনায় দেশে রাসায়নিক সারের পরিমাণ বেড়েছে ২ লাখ ৬২ হাজার ১০০ মেট্রিক টন। বর্তমানে সরকারি হিসাব অনুযায়ী মজুত রয়েছে ১৬ লাখ ৭ হাজার ১০০ মেট্রিক টন। এই সরবরাহ ব্যবস্থায় কৃত্রিম সংকট কিংবা অতিরিক্ত দাম আদায়ের সুযোগ বন্ধ করতে মাঠ প্রশাসনকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মতে, আসন্ন রবি মৌসুমে উৎপাদন কার্যক্রম নির্বিঘ্ন রাখতে শুধু পর্যাপ্ত সার মজুত করলেই হবে না, প্রকৃত চাহিদা নিরূপণ এবং কৃষকের কাছে সময়মতো তা পৌঁছে দেওয়াও জরুরি।
এ লক্ষ্যেই জেলা প্রশাসক ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালকদের সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। মজুত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের পাশাপাশি ঘাটতির আশঙ্কা রয়েছে-এমন উপজেলাগুলো আগেভাগেই শনাক্ত করতে বলা হয়েছে।
কৃষি মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দপ্তরের সর্বশেষ হিসাব বলছে, ২০২৫-২৬ অর্থবছরের একই সময়ে দেশে সারের মজুত ছিল ১৩ লাখ ৪৫ হাজার মেট্রিক টন। চলতি সময়ে তা বেড়ে দাঁড়িয়েছে ১৬ লাখ ৭ হাজার ১০০ মেট্রিক টনে।
বর্তমান মজুতের মধ্যে ইউরিয়া ৬ লাখ ৬ হাজার ৯০০ মেট্রিক টন, টিএসপি ৪ লাখ ৭ হাজার মেট্রিক টন, ডিএপি ৩ লাখ ৩১ হাজার ১০০ মেট্রিক টন এবং এমওপি ২ লাখ ৬২ হাজার ১০০ মেট্রিক টন।
চলতি ২০২৬-২৭ অর্থবছরে সারা দেশে রাসায়নিক সারের মোট চাহিদা নির্ধারণ করা হয়েছে ৫৮ লাখ ৫ হাজার মেট্রিক টন।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, অর্থবছরের শুরু থেকে ২ নভেম্বর পর্যন্ত কৃষকদের মধ্যে বিতরণ করা হয়েছে ১৯ লাখ ৫০ হাজার ৫০০ মেট্রিক টন সার। এর মধ্যে ইউরিয়া ৮ লাখ ৭৪ হাজার ৩০০, টিএসপি ২ লাখ ৭৫ হাজার ৩০০, ডিএপি ৪ লাখ ৬৩ হাজার এবং এমওপি ৩ লাখ ৩৭ হাজার ৯০০ মেট্রিক টন।
শুধু নভেম্বর মাসেই কৃষকদের চাহিদা পূরণে বরাদ্দ রাখা হয়েছে ৭ লাখ ১৪ হাজার ২০০ মেট্রিক টন।
কৃত্রিম সংকট তৈরি করলে ব্যবস্থা
সারের মজুত সন্তোষজনক হলেও বাজারে যাতে কোনো ধরনের কৃত্রিম সংকট তৈরি না হয়, সে বিষয়ে বিশেষ সতর্কতা জারি করেছে কৃষি মন্ত্রণালয়।
ডিলারদের দোকানে সরকার নির্ধারিত বিক্রয়মূল্য ও মজুতের পরিমাণ দৃশ্যমান স্থানে প্রদর্শন করতে হবে। মজুতদারি, অতিরিক্ত দাম আদায় এবং সীমান্ত দিয়ে অবৈধভাবে সার পাচার ঠেকাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশও দেওয়া হয়েছে।
প্রকৃত কৃষকের কাছে ন্যায্যমূল্যে সার পৌঁছাতে কৃষক কার্ড ও কৃষকের তালিকা ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। কৃষিকাজের জন্য বরাদ্দ সার শিল্পকারখানায় ব্যবহার হচ্ছে কি না, সেটিও কঠোরভাবে পর্যবেক্ষণ করতে বলা হয়েছে।
চাহিদা নিরূপণের ক্ষেত্রেও সতর্কতা অবলম্বনের নির্দেশ রয়েছে। আগের বরাদ্দ, ব্যবহার ও মজুতের তুলনামূলক বিশ্লেষণ করে সম্ভাব্য ঘাটতিপ্রবণ অঞ্চল চিহ্নিত করতে হবে। কোনো উপজেলায় প্রয়োজনের তুলনায় বেশি কিংবা কম চাহিদা দেখিয়ে তথ্য পাঠানো যাবে না।
জেলা ও উপজেলা সার মনিটরিং কমিটিকে নিয়মিত সভা করে সিদ্ধান্ত বাস্তবায়ন এবং দৈনিক বা সাপ্তাহিক ভিত্তিতে মজুত ও বিক্রির প্রতিবেদন পাঠাতে বলা হয়েছে। ব্যবস্থাপনায় কোনো সমস্যা দেখা দিলে দ্রুত মন্ত্রণালয়কে অবহিত করার নির্দেশনাও রয়েছে।
১৪ অঞ্চলে বিশেষ তদারকি
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আবদুর রহিম জানান, আসন্ন রবি মৌসুমে কৃষকদের দোরগোড়ায় সময়মতো ও ন্যায্যমূল্যে সার পৌঁছে দিতে মাঠ প্রশাসন ও অধিদপ্তর যৌথভাবে কাজ করছে।
তিনি বলেন, গত বছরের তুলনায় এবার মজুত পরিস্থিতি অনেক ভালো। কৃষকদের মধ্যে বিভ্রান্তি কিংবা কৃত্রিম সংকটের আশঙ্কা দূর করতে মাঠপর্যায়ের কর্মকর্তারা সক্রিয় রয়েছেন।
প্রয়োজনের অতিরিক্ত সার কিনে ঘরে জমা না রাখার জন্য কৃষকদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। তাঁর আশ্বাস, প্রত্যেক কৃষক প্রয়োজন অনুযায়ী সার পাবেন। কোনো ডিলার যাতে কৃত্রিম সংকট তৈরি করতে না পারেন, সে জন্য নজরদারি জোরদার করা হয়েছে।
তদারকি কার্যক্রম আরও কার্যকর করতে দেশকে ১৪টি অঞ্চলে ভাগ করে প্রতিটিতে একজন করে কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। তাঁরা সরকারের পরিকল্পনা বাস্তবায়ন ও মাঠ প্রশাসনের কার্যক্রমের মধ্যে সমন্বয় করবেন।
উত্তরাঞ্চলে বাড়তি গুরুত্ব
কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম খান বলেছেন, কৃষি উৎপাদন ও খাদ্যনিরাপত্তা নিশ্চিত করাকে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। তাঁর মতে, চলতি মৌসুমে সারের মজুত সন্তোষজনক থাকায় কৃষকদের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করার সুযোগ তৈরি হয়েছে।
সচিবের দাবি, কঠোর তদারকির ফলে এবার আমনের বাম্পার ফলন হয়েছে। আসন্ন রবি মৌসুমেও একই ধারাবাহিকতা ধরে রাখতে চায় সরকার।
দেশের খাদ্য উৎপাদনে উত্তরাঞ্চলের গুরুত্ব বিবেচনায় রাজশাহী, খুলনা ও রংপুর বিভাগের ২৬টি জেলায় বিশেষ নজরদারির ব্যবস্থা করা হয়েছে। এসব জেলায় সার ব্যবস্থাপনা পর্যবেক্ষণের দায়িত্ব পেয়েছেন কৃষি মন্ত্রণালয়ের ২৬ জন ঊর্ধ্বতন কর্মকর্তা।
সেলিম খানের প্রত্যাশা, সময়মতো সার উত্তোলন, সুনির্দিষ্ট পরিকল্পনা এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিত উদ্যোগের ফলে রবি মৌসুমে সারের ঘাটতি হবে না। কৃষকেরা ন্যায্যমূল্যে প্রয়োজনীয় সার পাবেন।




