Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

কার্তিক ৩০ ১৪৩৩, রোববার ১৫ নভেম্বর ২০২৬

হাছান-নওফেলসহ ২২ আসামির মামলায় আজ সাক্ষ্যগ্রহণ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৭:১৩, ১৫ নভেম্বর ২০২৬

প্রিন্ট:

হাছান-নওফেলসহ ২২ আসামির মামলায় আজ সাক্ষ্যগ্রহণ

ছবি সংগৃহীত

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে চট্টগ্রামে ছয়জনকে হত্যা এবং শতাধিক ছাত্র-জনতাকে গুরুতর আহত করার অভিযোগে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ ও সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলসহ ২২ জনের বিরুদ্ধে আজ শুরু হচ্ছে সাক্ষ্যগ্রহণ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ রাষ্ট্রপক্ষের সূচনা বক্তব্যের মধ্য দিয়ে বহুল আলোচিত মামলাটির বিচারিক কার্যক্রম নতুন পর্যায়ে প্রবেশ করছে।

রোববার (১৫ নভেম্বর) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ কার্যক্রম অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সূচনা বক্তব্যের পর প্রথম সাক্ষীর জবানবন্দি গ্রহণের মধ্য দিয়ে সাক্ষ্যপর্ব এগিয়ে নেওয়া হবে।

এর আগে গত ১৯ অক্টোবর আসামিপক্ষের করা পুনর্বিবেচনার আবেদন খারিজ করে দেন ট্রাইব্যুনাল। অভিযোগ গঠনের আদেশ পুনর্বিবেচনার আবেদন নিষ্পত্তি করে সাক্ষ্যগ্রহণের জন্য ১৫ নভেম্বর তারিখ নির্ধারণ করা হয়।

পাঁচ আসামি কারাগারে, ১৭ জন পলাতক
মামলার ২২ আসামির মধ্যে বর্তমানে পাঁচজন গ্রেপ্তার রয়েছেন। তাঁরা হলেন চট্টগ্রাম-৬ আসনের সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরী, যুবলীগ নেতা আজিজুর রহমান, তৌহিদুল ইসলাম, মো. ফিরোজ ও দেবাশীষ পাল দেবু।

অন্য ১৭ জনের মধ্যে রয়েছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র আ জ ম নাসির উদ্দীন, রেজাউল করিম ও মহিউদ্দিন বাচ্চু।

এ ছাড়া তালিকায় রয়েছেন হেলাল আকবর, নুরুল আজিম রনি, শৈবাল দাশ সুমন, আবু ছালেক, এসবারুল হক, এইচ এম মিঠু, নূর মোস্তফা টিনু, জমির উদ্দিন, ইমরান হাসান মাহমুদ, জাকারিয়া দস্তগীর, মহিউদ্দিন ফরহাদ ও সুমন দে।

তিন অভিযোগে হত্যাকাণ্ড ও আহতের বিবরণ
প্রসিকিউশনের দাখিল করা অভিযোগে জুলাই গণঅভ্যুত্থানের সময় চট্টগ্রামে সংঘটিত হত্যাকাণ্ড ও সহিংসতার তিনটি পৃথক বিষয় তুলে ধরা হয়েছে।

প্রথম অভিযোগে ওয়াসিম আকরাম, ফয়সাল আহমেদ শান্ত ও মো. ফারুককে হত্যার কথা উল্লেখ করা হয়েছে। দ্বিতীয় অভিযোগে তানভীর সিদ্দিকী, সায়মন ওরফে মাহিম এবং হৃদয় চন্দ্রকে হত্যার বিবরণ রয়েছে।

তৃতীয় অভিযোগে জাহিদ হাসান, আবদুল কাদের, আছিয়া খাতুন, সানজিদা সুলতানা ও আবদুল্লাহসহ শতাধিক ছাত্র-জনতাকে গুরুতর আহত করার অভিযোগ আনা হয়েছে।

যেভাবে এগিয়েছে মামলার কার্যক্রম
গত ৫ এপ্রিল ২২ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। পরদিন ৭ এপ্রিল ট্রাইব্যুনাল-২ অভিযোগগুলো আমলে নেন।

এরপর ৩০ জুন আনুষ্ঠানিক অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেওয়া হয়। সাক্ষ্যগ্রহণের দিনও নির্ধারণ করেছিলেন বিচারিক প্যানেল।

কিন্তু অভিযোগ গঠনের আদেশ পুনর্বিবেচনার আবেদন করেন কারাগারে থাকা পাঁচ আসামি। তাঁদের আবেদনের ওপর ২১ সেপ্টেম্বর প্রথম শুনানি হয়। পরে ৮ ও ১৩ অক্টোবর আরও দুই দফা শুনানি অনুষ্ঠিত হয়।

সবশেষে ১৯ অক্টোবর আবেদনটি খারিজ করে দেন ট্রাইব্যুনাল। এর ধারাবাহিকতায় আজ থেকে সাক্ষ্যগ্রহণের কার্যক্রম শুরুর প্রস্তুতি নেওয়া হয়েছে।

Walton
Walton