প্রধানমন্ত্রী তারেক রহমান ছবি সংগৃহীত
দ্য মুসলিম ৫০০: দ্য ওয়ার্ল্ডস ৫০০ মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল মুসলিমস’ শীর্ষক এই প্রকাশনার ১৮তম সংস্করণ সম্প্রতি প্রকাশ করেছে জর্ডানভিত্তিক রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার (আরআইএসএসসি)। এতে তারেক রহমানের নাম অন্তর্ভুক্তিকে তাঁর প্রথমবারের স্বীকৃতি হিসেবে উল্লেখ করা হয়েছে।
প্রকাশনাটির রাজনৈতিক বিভাগে স্থান পাওয়া তারেক রহমানকে বাংলাদেশের বিশিষ্ট রাজনীতিবিদ, প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে।
তাঁর রাজনৈতিক পথচলার পাশাপাশি লন্ডনে দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন এবং পরবর্তী সময়ে দেশে ফিরে বিএনপির নেতৃত্ব গ্রহণের বিষয়টিও তুলে ধরা হয়েছে।
বাংলাদেশ থেকে তালিকায় জায়গা পাওয়া অন্য দুই ব্যক্তি হলেন মানবাধিকারকর্মী ড. হামিদা হোসেন এবং আইনজীবী রাজিয়া সুলতানা। তাঁদের রাখা হয়েছে ‘সামাজিক ইস্যু’ বিভাগে।
ড. হামিদা হোসেন আইন ও সালিশ কেন্দ্রের (আসক) অন্যতম প্রতিষ্ঠাতা। দীর্ঘদিন ধরে মানবাধিকার, নারীর অধিকার ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় কাজ করছেন তিনি।
রাজিয়া সুলতানা আইনজীবী ও মানবাধিকারকর্মী হিসেবে রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার রক্ষায় কাজ করে আন্তর্জাতিক পরিচিতি পেয়েছেন। বিশেষ করে রোহিঙ্গা নারী ও শিশুদের সুরক্ষায় তাঁর ভূমিকার কথা প্রকাশনায় তুলে ধরা হয়েছে।
ড. মুহাম্মদ ইউনূসের নাম নেই এবারের তালিকায়
২০২৬ সালের সংস্করণে বাংলাদেশের তৎকালীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস শীর্ষ ৫০ প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বের তালিকায় ৫০তম অবস্থানে ছিলেন। কিন্তু ২০২৭ সালের নতুন সংস্করণে তাঁর নাম অন্তর্ভুক্ত হয়নি।
প্রকাশনাটির তালিকা তৈরির পদ্ধতিতেও রয়েছে বিশেষ বৈশিষ্ট্য। বিশ্বের আনুমানিক ২২০ কোটি মুসলিম জনগোষ্ঠীর ওপর ব্যক্তিদের রাজনৈতিক, আদর্শিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক প্রভাব বিবেচনায় নেওয়া হয়।
এতে প্রথম ৫০ জনকে ক্রমানুসারে স্থান দেওয়া হয়। বাকি ৪৫০ জনকে নির্দিষ্ট ক্রম বা অবস্থান ছাড়াই ১৩টি পৃথক বিভাগে অন্তর্ভুক্ত করা হয়।




