ছবি: সংগৃহীত
বাংলাদেশের মহান বিজয়ের ৫৫তম বার্ষিকী এবং বাংলাদেশ ও রাশিয়ার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উদযাপনের লক্ষ্যে ঢাকাস্থ রাশিয়ান হাউস, নর্থ সাউথ ইউনিভার্সিটি এবং ‘দ্য মেলোডিয়া কালেক্টিভ’-এর যৌথ উদ্যোগে গত ১১ নভেম্বর (২০২৬) ‘ইকোস অব ফ্রিডম, বন্ডস অব ফ্রেন্ডশিপ’ (Echoes of Freedom, Bonds of Friendship) শীর্ষক এক বিশেষ সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে রাশিয়ার সমৃদ্ধ সংগীত ঐতিহ্যের এক মনোমুগ্ধকর পরিবেশনা উপস্থাপিত হয়, যেখানে ধ্রুপদী সংগীতের কালজয়ী সৃষ্টি এবং রাশিয়ার জনপ্রিয় লোকসংগীতের পরিচিত সুরের অপূর্ব সমন্বয় ঘটেছিল। সংগীতের বৈচিত্র্য, শৈল্পিক উৎকর্ষ এবং চিরন্তন আবেদন উপভোগের এক অনন্য সুযোগ পান উপস্থিত দর্শক-শ্রোতারা।
অনুষ্ঠানটি দুটি বিশেষ পর্বে সাজানো হয়েছিল, ধ্রুপদী সংগীত (ভোকালিজ (Vocalise) – সের্গেই রাখমানিনভ, শঁ দ্যু মেনেস্ত্রেল (Chant du ménestrel) বা চারণকবির গান – আলেকজান্ডার গ্লাজুনভ) এবং রুশ লোকসংগীত ও অন্যান্য পরিবেশনা (ভো পোলিয়ে বেরিওজা স্তোইয়ালা (Vo pole beryoza stoyala) – মাঠে দাঁড়িয়ে থাকা বার্চ গাছ, সভেতিৎ মেসিয়াতস (Svetit mesyats) – চাঁদ কিরণ দিচ্ছে, কামারিনস্কায়া (Kamarinskaya) – মিখাইল গ্লিঙ্কা ভালেনকি (Valenki) – অনুভূত কাপড়ের তৈরি রুশ ঐতিহ্যবাহী জুতা, কালিঙ্কা (Kalinka) – ইভান লারিওনভ নস্টালজিয়া (Nostalgia) – আলেক্সেই কোজলভ, করোবেইনিকি (Korobeiniki) – প্রচলিত লোকসুর; গীতিকথা: নিকোলাই নেক্রাসভ) প্রভৃতির সমন্বয়ে।

ধ্রুপদী সংগীতের গভীর আবেগ ও মাধুর্য থেকে শুরু করে রুশ লোকসংগীতের প্রাণবন্ত ছন্দ এবং বহুল পরিচিত সুরের মূর্ছনা—‘দ্য মেলোডিয়া কালেক্টিভ’ তাদের পরিবেশনার মধ্য দিয়ে রাশিয়ার সংগীত ঐতিহ্যের সমৃদ্ধি, বৈচিত্র্য ও চিরন্তন আবেদন অসাধারণভাবে তুলে ধরে।
শিল্প-সংস্কৃতির এই বিশেষ আয়োজন কেবল সংগীতের সৌন্দর্য উপভোগের মধ্যেই সীমাবদ্ধ ছিল না; বরং বাংলাদেশ ও রাশিয়ার ঐতিহাসিক বন্ধুত্বের প্রতিও এটি ছিল এক আন্তরিক শ্রদ্ধার্ঘ্য। অভিন্ন ঐতিহাসিক অভিজ্ঞতা, পারস্পরিক সাংস্কৃতিক বোঝাপড়া এবং শিল্প-সংস্কৃতির আদান-প্রদানের মধ্য দিয়ে দুই দেশের জনগণের মধ্যে গড়ে ওঠা সুদৃঢ় বন্ধনকে সংগীতের সর্বজনীন ভাষায় উদযাপন করে এই অনুষ্ঠান।




