Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

কার্তিক ৩০ ১৪৩৩, রোববার ১৫ নভেম্বর ২০২৬

রেলওয়ে ওভারপাসে বোমাসদৃশ বস্তু, মধ্যরাতে নিষ্ক্রিয় করল সেনাবাহিনী

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৭:২০, ১৫ নভেম্বর ২০২৬

প্রিন্ট:

রেলওয়ে ওভারপাসে বোমাসদৃশ বস্তু, মধ্যরাতে নিষ্ক্রিয় করল সেনাবাহিনী

ছবি সংগৃহীত

শহরের ব্যস্ত রেলওয়ে ওভারপাসের ফুটপাতে পড়ে ছিল লাল টেপে মোড়ানো একটি সন্দেহজনক বস্তু। দুই পাশে বৈদ্যুতিক তার লাগানো থাকায় মুহূর্তেই ছড়িয়ে পড়ে আতঙ্ক। প্রায় পাঁচ ঘণ্টার উৎকণ্ঠা শেষে মধ্যরাতে সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিট সেটি নিষ্ক্রিয় করে। পরীক্ষা শেষে জানা যায়, বস্তুটি প্রকৃত কোনো বোমা বা বিস্ফোরক ছিল না।

শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় জামালপুর শহরের গেটপার এলাকায় রেলওয়ে ওভারপাসের ফুটপাতে বস্তুটি দেখতে পান স্থানীয় বাসিন্দারা। বিষয়টি জানাজানি হলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা।

নিরাপত্তার স্বার্থে ঘিরে ফেলা হয় সন্দেহজনক বস্তুটির চারপাশ। বন্ধ করে দেওয়া হয় রেলওয়ে ওভারপাস দিয়ে যানবাহন চলাচল। এতে শহরের ওই অংশে মানুষের চলাচল ব্যাহত হয় এবং সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে টাঙ্গাইলের ঘাটাইল সেনানিবাস থেকে ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয় সেনাবাহিনীর ২ ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নের বোম্ব ডিসপোজাল ইউনিট। মেজর শাহীনের নেতৃত্বে দলটি প্রায় পাঁচ ঘণ্টা পর সেখানে পৌঁছায়।

শনিবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে সন্দেহজনক বস্তুটি উদ্ধার করে শহরের পুরাতন ফুলবাড়িয়া ঈদগাহ মাঠে নেওয়া হয়। সেখানে নিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটিয়ে সেটি নিষ্ক্রিয় করেন সেনাসদস্যরা।

বোম্ব ডিসপোজাল ইউনিটের সূত্রে জানা গেছে, উদ্ধার করা বস্তুটি প্রকৃত কোনো বিস্ফোরক কিংবা বোমা ছিল না। ফলে বড় ধরনের কোনো দুর্ঘটনা ছাড়াই শেষ হয় উদ্ধার ও নিষ্ক্রিয়করণ কার্যক্রম।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব জানান, সেনাবাহিনীর বিশেষায়িত দল বস্তুটি উদ্ধার করে নিষ্ক্রিয় করেছে। এ ঘটনায় কোনো হতাহত বা সম্পদের ক্ষয়ক্ষতি হয়নি। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।

বস্তুটি সেখানে কে বা কারা রেখেছিল, তা খুঁজে বের করতে তদন্ত চলছে বলেও জানান তিনি।

ঘটনাস্থলে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন, জেলা পুলিশের সদস্য, ফায়ার সার্ভিস এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিরা।

Walton
Walton