Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

কার্তিক ৩০ ১৪৩৩, রোববার ১৫ নভেম্বর ২০২৬

ফ্রান্সে আবারও হলুদ জ্যাকেট আন্দোলন, রাস্তায় লাখো মানুষ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৭:২৯, ১৫ নভেম্বর ২০২৬

প্রিন্ট:

ফ্রান্সে আবারও হলুদ জ্যাকেট আন্দোলন, রাস্তায় লাখো মানুষ

ছবি সংগৃহীত

জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়, কম মজুরি, শিক্ষা ও সরকারি সেবার মানের অবনতি এবং পুলিশের সহিংসতার প্রতিবাদে আবারও উত্তাল হয়ে উঠেছে ফ্রান্স। শনিবার দেশটির বিভিন্ন শহরে ‘ইয়েলো ভেস্ট’ বা হলুদ জ্যাকেট আন্দোলনের ব্যানারে রাজপথে নামেন লাখো মানুষ। তাঁদের সঙ্গে যোগ দেন শিক্ষার্থী, শ্রমিক সংগঠনের সদস্য ও বিভিন্ন সামাজিক আন্দোলনের কর্মীরা।

ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, শনিবারের বিক্ষোভে সারা দেশে অংশ নেন ১ লাখ ৬ হাজার মানুষ। এর মধ্যে রাজধানী প্যারিসে ছিলেন ২৪ হাজার। গত সপ্তাহে দেশজুড়ে ১ লাখ ৪৬ হাজার এবং প্যারিসে ৪৬ হাজার মানুষ বিক্ষোভে অংশ নিয়েছিলেন।

তবে শিক্ষার্থী সংগঠনগুলোর হিসাবে বিক্ষোভকারীর সংখ্যা আরও বেশি। তাদের দাবি, শনিবারের কর্মসূচিতে অংশ নিয়েছেন প্রায় ২ লাখ মানুষ। এর মধ্যে শুধু প্যারিসেই ছিলেন প্রায় ১ লাখ।

কর্তৃপক্ষ জানিয়েছে, আগের কয়েক সপ্তাহের তুলনায় শনিবারের কর্মসূচিতে মানুষের উপস্থিতি কম ছিল। বেশির ভাগ বিক্ষোভ শান্তিপূর্ণভাবেই শেষ হয়েছে। তবে কয়েকটি শহরে পুলিশ কাঁদানে গ্যাস ব্যবহার করেছে।

এক মাসেরও বেশি সময় ধরে ফ্রান্সে চলছে উচ্চবিদ্যালয় অবরোধ, গণবিক্ষোভ ও ধর্মঘট। শিক্ষার মান কমে যাওয়া, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, কম মজুরি এবং পুলিশের সহিংসতার বিরুদ্ধে ক্ষোভ থেকেই এই আন্দোলনের বিস্তার ঘটেছে।

বিক্ষোভে অংশ নেওয়া অনেকের হাতে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর বিরুদ্ধে লেখা প্ল্যাকার্ডও দেখা যায়। আন্দোলনকারীদের সমালোচনার মুখে রয়েছেন তাঁর সরকার।

গত কয়েক সপ্তাহের কিছু কর্মসূচির একপর্যায়ে সহিংসতা ছড়িয়ে পড়ে। ১৭ অক্টোবরের প্রথম বড় বিক্ষোভে ফ্রান্সের বিভিন্ন শহরে লুটপাটের ঘটনাও ঘটে। এরপর থেকে বিক্ষোভস্থলে পুলিশের উপস্থিতি বাড়ানো হয়েছে। একই সঙ্গে গণপরিবহন চলাচল এবং বিক্ষোভের অনুমতি দেওয়ার ক্ষেত্রে নিয়ন্ত্রণ জোরদার করেছে কর্তৃপক্ষ।

মার্সেই ও লিওঁতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের উত্তেজনা
ফ্রান্সের দ্বিতীয় বৃহত্তম শহর মার্সেইয়ে সপ্তাহান্তে বিক্ষোভ নিষিদ্ধ করেছিল স্থানীয় প্রশাসন। তা সত্ত্বেও প্রিফেকচারের হিসাবে প্রায় সাড়ে তিন হাজার মানুষ রাস্তায় নেমে আসেন।

স্থানীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করেছে। শহরের একটি জনপ্রিয় চত্বরে আগুন জ্বলতেও দেখা গেছে।

লিওঁ শহরে শনিবারের কর্মসূচিতে অংশ নেন প্রায় আট হাজার মানুষ বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম। প্রকাশিত ছবিতে মুখোশ পরা বিক্ষোভকারীদের রাস্তায় জ্বালানো আগুনের সামনে স্লোগান দিতে দেখা যায়। একপর্যায়ে পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করতে অভিযান চালায় এবং কাঁদানে গ্যাস ছোড়ে।

নঁত, বোর্দো ও প্যারিসেও পুলিশের কাঁদানে গ্যাস ব্যবহারের খবর পাওয়া গেছে।

মঙ্গলবার আবারও ধর্মঘটের ডাক
আন্দোলন আরও জোরদার করার প্রস্তুতি নিচ্ছে শ্রমিক সংগঠনগুলো। আগামী মঙ্গলবার নতুন করে দেশজুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে তারা।

সরকার ন্যূনতম মজুরি ০.৬ শতাংশ বাড়ানোর প্রতিশ্রুতি দিলেও তা প্রত্যাখ্যান করেছে ইউনিয়নগুলো। তাদের ভাষায়, এই সামান্য বৃদ্ধি শ্রমিকদের জন্য কোনো কার্যকর সমাধান নয়; বরং তা ‘উচ্ছিষ্টের মতো’।

মঙ্গলবারের কর্মসূচি বাস্তবায়িত হলে তা হবে ‘ইয়েলো ভেস্ট’ আন্দোলনের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকীর দিন।

২০১৮ সালে জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে এই আন্দোলনের সূচনা হয়েছিল। সে সময় প্রেসিডেন্ট ম্যাক্রোঁর সরকারের বিরুদ্ধে টানা প্রায় দুই বছর বিক্ষোভ চলে। সড়কের গোলচত্বর, টোল প্লাজা ও গুরুত্বপূর্ণ সড়ক অবরোধের মধ্য দিয়ে আন্দোলনটি দ্রুত সারা দেশে ছড়িয়ে পড়ে।

ইয়েলো ভেস্ট আন্দোলনের কার্যক্রম পর্যবেক্ষণকারী ওয়েবসাইট 17octobregiletjaune.net জানিয়েছে, মঙ্গলবার আন্দোলনকারীরা সেই পুরোনো আন্দোলনের সূচনাস্থলগুলোতে ফিরে যাবেন।

ওয়েবসাইটটির ভাষ্য অনুযায়ী, ‘ফ্রান্সজুড়ে গোলচত্বর ও টোল প্লাজায়, যেখান থেকে আন্দোলন শুরু হয়েছিল, সেখানেই আট বছর পূর্তি উদ্‌যাপন করবেন হলুদ জ্যাকেট আন্দোলনকারীরা।’

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও সরকারি সেবার সংকট নিয়ে জনঅসন্তোষের মধ্যে নতুন করে এই আন্দোলনের বিস্তার ম্যাক্রোঁ সরকারের ওপর রাজনৈতিক চাপ আরও বাড়িয়েছে।
সূত্র: আলজাজিরা

Walton
Walton