Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

কার্তিক ৩০ ১৪৩৩, রোববার ১৫ নভেম্বর ২০২৬

রমজান উপলক্ষে তিন ফল আমদানিতে শুল্ক কমানোর সিদ্ধান্ত

প্রকাশিত: ২০:৪৪, ১৫ নভেম্বর ২০২৬

প্রিন্ট:

রমজান উপলক্ষে তিন ফল আমদানিতে শুল্ক কমানোর সিদ্ধান্ত

রমজান উপলক্ষে তিন ফল আমদানিতে শুল্ক কমানোর সিদ্ধান্ত

আসন্ন রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় ফলের সরবরাহ সহজ করতে খেজুর, মাল্টা ও আপেল আমদানিতে শুল্ক ও করভার কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে খেজুর আমদানিতে বিদ্যমান ২৫ শতাংশ কাস্টমস শুল্ক কমিয়ে ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে মাল্টা ও আপেল আমদানিতে মোট করভার ১২১ দশমিক ৭৮ শতাংশ থেকে কমিয়ে ৬১ শতাংশ করার সিদ্ধান্ত নেওয়া হয়।

আজ রবিবার (১৫ নভেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, খেজুর আমদানির ক্ষেত্রে আগামী ১০ মার্চ (২০২৭) পর্যন্ত কাস্টমস শুল্ক ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ বিদ্যমান শুল্কহার থেকে ২০ শতাংশ পয়েন্ট কমানো হয়েছে।

এ ছাড়া আগামী ২৪ জানুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি ২০২৭ পর্যন্ত এক মাসের জন্য অরেঞ্জ বা মাল্টা এবং আপেল আমদানিতে করভার কমানোর সিদ্ধান্ত হয়েছে। এ ক্ষেত্রে এইচএস কোড ০৮০৫১০৯০-এর আওতাভুক্ত অরেঞ্জ (মাল্টা) এবং এইচএস কোড ০৮০৮১০৯০-এর আওতাভুক্ত আপেলের মোট করভার ১২১ দশমিক ৭৮ শতাংশের পরিবর্তে ৬১ শতাংশ নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ উভয় ফল আমদানিতে মোট করভার কমছে ৬০ দশমিক ৭৮ শতাংশ।

আসন্ন রমজান সামনে রেখে ফল আমদানিতে এই শুল্ক ও করছাড়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মন্ত্রিসভার প্রেস ব্রিফে উল্লেখ করা হয়। তবে শুল্ক কমানোর সুফল ভোক্তা পর্যায়ে কতটা পৌঁছাবে, তা নির্ভর করবে আমদানি ব্যয়, সরবরাহব্যবস্থা ও বাজার পরিস্থিতির ওপর।

এদিকে, একই বৈঠকে ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) আইন, ২০২৬’ এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে এ অনুমোদন দেওয়া হয়েছে।

মন্ত্রিসভার সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে প্রতি মাসে বা প্রতি কর মেয়াদে মূল্য সংযোজন করের (ভ্যাট) দাখিলপত্র জমা দেওয়ার বাধ্যবাধকতা শিথিল করা হয়েছিল। পরিবর্তিত বিধান অনুযায়ী, প্রতি তিন কর মেয়াদ বা তিন মাস শেষ হওয়ার পর সর্বোচ্চ ১৫ দিনের মধ্যে দাখিলপত্র জমা দেওয়ার সুযোগ রাখা হয়। তবে এই পরিবর্তনের ফলে মাঠপর্যায়ে রাজস্ব আদায়ে নানা প্রতিবন্ধকতা তৈরি হয়। ফলে তিন মাস অন্তর দাখিলপত্র জমা দেওয়ার বিধান সংশোধন করে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর ৬৪ ধারা সংশোধনের প্রয়োজন দেখা দেয়।

ওই সময় জাতীয় সংসদের অধিবেশন চলমান না থাকায় সংবিধানের ৯৩(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি গত ১৪ অক্টোবর ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’ জারি করেন। এখন জারি করা অধ্যাদেশটি জাতীয় সংসদের চলতি অধিবেশনে আইনে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে সংশোধনী আইনের খসড়া মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন পেয়েছে। এ দুটি প্রস্তাবই মন্ত্রিসভায় উত্থাপন করে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ।

Walton
Walton