Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

অগ্রাহায়ণ ১ ১৪৩৩, সোমবার ১৬ নভেম্বর ২০২৬

শেখ হাসিনাসহ ৪১ আসামির অব্যাহতি চেয়ে শুনানি আজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০:৩৫, ১৬ নভেম্বর ২০২৬

প্রিন্ট:

শেখ হাসিনাসহ ৪১ আসামির অব্যাহতি চেয়ে শুনানি আজ

শেখ হাসিনাসহ ৪১ আসামির অব্যাহতি চেয়ে শুনানি আজ

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশ ঘিরে সংঘটিত গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আনুষ্ঠানিক অভিযোগ থেকে অব্যাহতি (ডিসচার্জ) চেয়ে আজ শুনানি করবেন আসামিপক্ষের আইনজীবীরা। এ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট আসামি ৪১ জন।

আজ সোমবার (১৬ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ শুনানি হওয়ার কথা রয়েছে। প্যানেলের অন্য সদস্যরা হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

গত ১২ নভেম্বর মামলার ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন জানান চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। ওইদিন শুনানিতে তিনি আসামিদের বিরুদ্ধে আনা পৃথক পৃথক আনুষ্ঠানিক অভিযোগ পড়ে শোনান। একইসঙ্গে মামলার পটভূমি তুলে ধরে আওয়ামী লীগ সরকারের শাসনামলের বিভিন্ন বিষয় উপস্থাপন করেন। শেখ হাসিনা কীভাবে স্বৈরশাসক হয়ে ওঠেন, এর বর্ণনাও দেন তিনি।

শুনানি শেষে আসামিদের বিরুদ্ধে পর্যাপ্তের চেয়েও বেশি তথ্যপ্রমাণ রয়েছে উল্লেখ করে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আবেদন জানান চিফ প্রসিকিউটর। পরে আসামিপক্ষের শুনানির জন্য আজকের দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।

মামলায় গ্রেপ্তার ১১ আসামির মধ্যে রয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, তৎকালীন খাদ্যমন্ত্রী ড. আবদুর রাজ্জাক, সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, সাবেক আইজিপি একেএম শহীদুল হক, মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, ৭১ টিভির সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু এবং প্রতিষ্ঠানটির সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রুপা।

শেখ হাসিনাসহ মামলার পলাতক আসামিদের মধ্যে রয়েছেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহিউদ্দিন খান আলমগীর, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, তৎকালীন তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, তৎকালীন যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন মাহমুদ, গণজাগরণ মঞ্চের আহ্বায়ক ও মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার, সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার, ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, বেনজীর আহমেদ, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদসহ পুলিশের ঊর্ধ্বতন সাবেক কর্মকর্তারা।

এর আগে, ২৭ জুলাই ৪১ আসামির বিরুদ্ধে প্রসিকিউশনের দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল-২। একইসঙ্গে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ও গ্রেপ্তারদের হাজির করার নির্দেশ দেওয়া হয়। পরে ৩ সেপ্টেম্বর শেখ হাসিনাসহ ৩০ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে দুটি জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দেন ট্রাইব্যুনাল। তাদের স্থায়ী-অস্থায়ী ঠিকানায় গিয়েও সন্ধান না পাওয়ার কথা জানিয়ে প্রসিকিউশনের কাছে নন-এক্সিকিউশন রিপোর্ট (এনইআর) জমা দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ১৬ সেপ্টেম্বর আত্মসমর্পণ না করায় ওই ৩০ আসামিকে পলাতক দেখিয়ে সরকারি খরচে আইনজীবী নিয়োগের আদেশ দেন আদালত।

এ মামলায় দুটি অভিযোগ এনেছে প্রসিকিউশন। প্রথম অভিযোগে ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে ৩২ জনকে হত্যার ঘটনা অন্তর্ভুক্ত করা হয়েছে। দ্বিতীয় অভিযোগে ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ২০ জনকে হত্যার ঘটনা উল্লেখ করা হয়েছে।
 

Walton
Walton