Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ১৮ ১৪৩৩, রোববার ০৪ অক্টোবর ২০২৬

মার্কিন এয়ার অ্যাম্বুলেন্সের ধ্বংসাবশেষ উদ্ধার, নিখোঁজ ৬

প্রকাশিত: ২২:০০, ৪ অক্টোবর ২০২৬

প্রিন্ট:

মার্কিন এয়ার অ্যাম্বুলেন্সের ধ্বংসাবশেষ উদ্ধার, নিখোঁজ ৬

ফাইল ফটো

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের নানটাকেট দ্বীপের উপকূলে নিখোঁজ একটি এয়ার অ্যাম্বুলেন্সের ধ্বংসাবশেষ শনাক্ত করেছে মার্কিন কোস্ট গার্ড। এমনটিই জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা আল-জাজিরা।

সংস্থাটি জানিয়েছে, স্থানীয় সময় শনিবার (৩ অক্টোবর) ভোরে বারমুডা থেকে বোস্টনগামী একটি গালফস্ট্রিম জেটের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার কথা কোস্ট গার্ডকে জানায় মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। কয়েক ঘণ্টা পর নানটাকেটের উপকূলীয় এলাকায় নিখোঁজ বিমানটির সঙ্গে সংশ্লিষ্ট একটি ধ্বংসাবশেষের এলাকা শনাক্ত করা হয়।

বিমানটি কানাডায় নিবন্ধিত ছিল এবং চারজন ক্রু ও দুই যাত্রী নিয়ে বারমুডার এলএফ ওয়েড আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্তরাষ্ট্রের উদ্দেশে যাত্রা করেছিল। কানাডার পরিবহনমন্ত্রী স্টিভেন ম্যাককিনন জানিয়েছেন, বিমানে থাকা চারজনই কানাডার নাগরিক। বাকি দুজন বারমুডার নাগরিক বলে জানিয়েছে কোস্ট গার্ড।

ফ্লাইট ট্র্যাকিং তথ্য অনুযায়ী, ল্যাটিচিউড এয়ার অ্যাম্বুলেন্সের মালিকানাধীন বিমানটি স্থানীয় সময় রাত ১২টা ৪১ মিনিটে বারমুডা ছাড়ে। উড্ডয়নের পর বেশির ভাগ সময় প্রায় ২৪ হাজার ফুট উচ্চতায় উড়ছিল বিমানটি। তবে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার কিছুক্ষণ আগে মাত্র দুই মিনিটে এটি প্রায় ১৩ হাজার ফুট নিচে নেমে যায়।

বিমানটির শেষ মুহূর্তের যোগাযোগের একটি অডিও রেকর্ডিংও প্রকাশ পেয়েছে। এতে এয়ার ট্রাফিক কন্ট্রোলারকে পাইলটকে বলতে শোনা যায়, তিনি ‘দৃষ্টিসীমা ছাড়া’ অবতরণের চেষ্টা করছেন কি না। পাইলটের বক্তব্য রেকর্ডিংয়ে স্পষ্ট শোনা যায়নি। পরে কন্ট্রোলার নিশ্চিত করেন, যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার ঠিক আগে পাইলট জরুরি পরিস্থিতির ঘোষণা দিয়েছিলেন।

বারমুডার প্রধানমন্ত্রী ডেভিড বার্ট জানিয়েছেন, নিখোঁজদের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে এবং মার্কিন কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। তিনি ছয়জনকেই নিরাপদে খুঁজে পাওয়ার আশা প্রকাশ করেছেন।
কানাডার অন্টারিওভিত্তিক ল্যাটিচিউড এয়ার অ্যাম্বুলেন্স মূলত মেডিকেল ইভাকুয়েশন বা জরুরি চিকিৎসা পরিবহন সেবা দিয়ে থাকে। দুর্ঘটনার বিষয়ে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
 

Walton
Walton