Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ভাদ্র ৫ ১৪৩৩, শুক্রবার ২১ আগস্ট ২০২৬

রাষ্ট্রপতির শপথ ঘিরে বন্ধ থাকবে যেসব সড়ক

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৯:২১, ২১ আগস্ট ২০২৬

প্রিন্ট:

রাষ্ট্রপতির শপথ ঘিরে বন্ধ থাকবে যেসব সড়ক

ফাইল ছবি

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে শুক্রবার রাজধানীর বঙ্গভবন ও আশপাশের এলাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ কারণে দুপুর ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল বন্ধ ও নিয়ন্ত্রিত থাকবে।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে বিদায়ী ও নবনির্বাচিত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, প্রধান বিচারপতি, সাবেক রাষ্ট্রপতি, মন্ত্রিসভার সদস্য, বিভিন্ন দেশের কূটনীতিক, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন।Executive Branch

শপথ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের নির্বিঘ্নে যাতায়াত নিশ্চিত করতে এই ট্রাফিক ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে বঙ্গভবনে আমন্ত্রিত অতিথিদের যানবাহন এ নির্দেশনার আওতামুক্ত থাকবে

ডিএমপির নির্দেশনা অনুযায়ী, মতিঝিলের শাপলা চত্বরের অ্যালিকো গ্যাপ থেকে দিলকুশা বাণিজ্যিক এলাকা হয়ে বঙ্গভবন রোড এবং রাজউক ক্রসিং পর্যন্ত সব ধরনের যানবাহনের প্রবেশ বন্ধ থাকবে।

শাপলা চত্বর ও দৈনিক বাংলা থেকে রাজউক-গুলিস্তানগামী বাসগুলো দৈনিক বাংলা-ইউবিএল-প্রেসক্লাব হয়ে চলাচল করবে। প্রয়োজন অনুযায়ী বাসগুলো বিকল্প সুবিধাজনক সড়কও ব্যবহার করতে পারবে।এ সময়ে দৈনিক বাংলা থেকে রাজউক অভিমুখে কোনো বাণিজ্যিক যানবাহন চলাচল করতে পারবে না।

এ ছাড়া হানিফ ফ্লাইওভার থেকে আসা যানবাহনকে জিরো পয়েন্টে ইউটার্ন না করার নির্দেশ দেওয়া হয়েছে। এসব যানবাহন বামে ফুলবাড়িয়া অথবা ডানে ইউবিএল ক্রসিং হয়ে দৈনিক বাংলা-শাপলা চত্বর রুট ব্যবহার করতে পারবে।

বিকল্প হিসেবে জিরো পয়েন্ট-ইউবিএল ক্রসিং-নাইটিঙ্গেল ক্রসিং-ফকিরাপুল ক্রসিং-ইত্তেফাক রুটও ব্যবহার করা যাবে।

ডিএমপি নগরবাসী ও চালকদের এসব সড়ক এড়িয়ে সম্ভব হলে বিকল্প ও সুবিধাজনক পথ ব্যবহার করার অনুরোধ জানিয়েছে। ট্রাফিক ব্যবস্থাপনার কারণে সংশ্লিষ্ট সড়ক ও এলাকায় সাময়িক যানজট বা চলাচলে বিঘ্ন ঘটতে পারে বলেও জানিয়েছে পুলিশ।

Walton
Walton