ছবি সংগৃহীত
বঙ্গোপসাগরে সৃষ্ট অতি প্রবল ঘূর্ণিঝড় আকভান ভারতের ওড়িশা উপকূলের দিকে এগিয়ে যাওয়ার পথে দুর্বল হয়ে পড়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সকালে ওড়িশার গোপালপুরের কাছে ঘূর্ণিঝড়টির উপকূল অতিক্রমের প্রক্রিয়া শুরু হওয়ার কথা। আবহাওয়া পরিস্থিতির অবনতির আশঙ্কায় পুরীসহ উপকূলীয় এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে স্থানীয় প্রশাসন।
সরকারি তথ্য অনুযায়ী, উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূলের মধ্যবর্তী গোপালপুরের কাছে শুক্রবার সকালে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড়টি। এ সময় বাতাসের সর্বোচ্চ স্থায়ী গতিবেগ ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার থাকতে পারে। দমকা হাওয়ার বেগ ঘণ্টায় ৯০ কিলোমিটার পর্যন্ত পৌঁছানোর আশঙ্কা রয়েছে।
গত ১৩ নভেম্বর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপের সৃষ্টি হয়। পরে সেটি শক্তি সঞ্চয় করে অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নেয়। এরপর উত্তর দিকে অগ্রসর হয়ে ওড়িশা উপকূলের দিকে এগিয়ে আসে।
আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, ২০ নভেম্বর রাত ২টা ৩০ মিনিটে ঘূর্ণিঝড়টি ঘণ্টায় ২৩ কিলোমিটার গতিতে উত্তর-উত্তরপশ্চিম দিকে এগোচ্ছিল। তখন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছিল এটি। অন্ধ্রপ্রদেশের কলিঙ্গপত্তনম থেকে প্রায় ৭০ কিলোমিটার পূর্বে, ওড়িশার গোপালপুর থেকে ১১০ কিলোমিটার দক্ষিণে, বিশাখাপত্তনম থেকে ১৭০ কিলোমিটার পূর্ব-উত্তরপূর্বে এবং পুরী থেকে ২০০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে ছিল ঘূর্ণিঝড়টির অবস্থান।
বিশাখাপত্তনমের ওপর সরাসরি ঘূর্ণিঝড়ের আঘাতের আশঙ্কা কেটে গেলেও শুক্রবার উত্তর অন্ধ্রপ্রদেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত হতে পারে। উপকূলের দিকে ঘূর্ণিঝড়টির অগ্রযাত্রা অব্যাহত থাকায় আবহাওয়া পরিস্থিতির ওপর নজর রাখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এদিকে ওড়িশার পুরী জেলার সমুদ্র উপকূলে নিরাপত্তাব্যবস্থা আরও কঠোর করেছে প্রশাসন। উত্তাল সমুদ্র ও প্রবল বাতাসের কারণে পর্যটকদের চলাচলে সতর্কতা জারি করা হয়েছে। পুরী সৈকতে এখনো বড় বড় ঢেউ আছড়ে পড়ছে।
ঘূর্ণিঝড়ের পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ভারতের বিখ্যাত বালুশিল্পী সুদর্শন পট্টনায়েক। প্রশাসনের নির্দেশনা মেনে চলার পাশাপাশি নিরাপত্তা কার্যক্রমে সহযোগিতা করার অনুরোধও জানিয়েছেন তিনি।
বার্তা সংস্থা এএনআইকে পট্টনায়েক বলেন, পুরীতে প্রতিদিন বিপুলসংখ্যক পর্যটকের সমাগম হয়। ভগবান জগন্নাথের আবাসস্থল হিসেবে পরিচিত এই শহরের বাসিন্দা ও পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসন ব্যাপক প্রস্তুতি নিয়েছে।
তিনি জানান, পর্যটকদের আগেই আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে সতর্ক করা হয়েছে। হোটেল ও বিভিন্ন পর্যটনকেন্দ্রকেও প্রশাসনের নিরাপত্তা পরিকল্পনার আওতায় আনা হয়েছে।
পট্টনায়েক বলেন, 'সাধারণত এই সৈকতে লাখো মানুষের সমাগম হয়। আজ সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পুরো সৈকত এলাকা খালি করা হয়েছে। প্রাণহানি শূন্যে নামিয়ে আনার যে লক্ষ্য সরকার নিয়েছে, তা বাস্তবায়নে প্রশাসন ও সরকার ব্যাপক প্রস্তুতি নিয়েছে।'
ঘূর্ণিঝড়ের উপকূল অতিক্রমের প্রক্রিয়া শুরু হয়েছে জানিয়ে তিনি বলেন, এখন সবার সতর্ক থাকা জরুরি। সমুদ্রের ঢেউ স্বাভাবিক সময়ের তুলনায় অনেক বেশি উঁচু হয়ে উঠেছে।
পট্টনায়েক বলেন, 'আমি প্রতিদিন সকালে এখানে আসি। আজ এসে দেখছি, ঢেউয়ের উচ্চতা অন্য দিনের তুলনায় অনেক বেশি।'
অতীতের বিভিন্ন ঘূর্ণিঝড়ের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি মানুষকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেন। তবে প্রশাসনের নির্দেশনা মেনে চলার ওপর জোর দেন।
তাঁর ভাষায়, 'আমরা অতীতে অনেক ঘূর্ণিঝড় দেখেছি। প্রশাসনের সঙ্গে সহযোগিতা করা আমাদের দায়িত্ব। আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই, তবে সতর্ক থাকা একান্ত জরুরি।'
ঘূর্ণিঝড়টি যেন বড় ধরনের কোনো দুর্ঘটনা ছাড়াই উপকূল অতিক্রম করে, সেই প্রত্যাশা ব্যক্ত করেন এই বালুশিল্পী। এ সময় ভগবান জগন্নাথের আশীর্বাদ কামনা করে তিনি সবাইকে সতর্ক থাকার এবং প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানান।
অন্যদিকে, ঘূর্ণিঝড়ের প্রভাবে সমুদ্র উত্তাল থাকায় ভারতের তামিলনাড়ু রাজ্যের থুথুকুডি এলাকায় যান্ত্রিক নৌকার জেলেরা শুক্রবার মাছ ধরতে সাগরে যাননি। প্রতিকূল আবহাওয়ার কারণে সেখানে টানা অষ্টম দিনের মতো মাছ ধরার কার্যক্রম বন্ধ রয়েছে।
সূত্র: দ্য টাইমস অফ ইন্ডিয়া




