ছবি সংগৃহীত
রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে বুধবার সকালে আগুন ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। বর্তমানে সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। প্রস্তুত রাখা হয়েছে আরও একটি ইউনিট।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্রে জানা গেছে, বুধবার (১৮ নভেম্বর) সকাল ৯টা ৪০ মিনিটে বস্তিটিতে অগ্নিকাণ্ডের খবর আসে। এরপর বিভিন্ন ফায়ার স্টেশন থেকে একে একে উদ্ধার ও নির্বাপণকর্মীদের পাঠানো হয়।
তেজগাঁও ফায়ার স্টেশন থেকে তিনটি, বারিধারা থেকে দুটি এবং কুর্মিটোলা স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজে অংশ নেয়। আরও একটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।
প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কেও তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।
আগুন নিয়ন্ত্রণে আসার পর অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।




