ছবি সংগৃহীত
লন্ডনের রাস্তায় বাংলাদেশিদের রাজনৈতিক সংঘর্ষ এবার যুক্তরাজ্যের রাজনীতিতেও তীব্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বাংলাদেশিদের যুক্তরাজ্য থেকে বহিষ্কারের দাবি তুলেছেন দেশটির কয়েকজন রাজনীতিবিদ। তাঁদের মধ্যে রয়েছেন ব্রিটিশ সংসদ সদস্য রুপার্ট লো এবং রিফর্ম ইউকের নেতা নাইজেল ফারাজ।
স্থানীয় সময় সোমবার রাতে পূর্ব লন্ডনের চ্যাডওয়েল হিথ এলাকায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নাগরিক সংবর্ধনা শেষে এ হামলার ঘটনা ঘটে। পরদিন মঙ্গলবার সকাল থেকে সংঘর্ষের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এসব দৃশ্যে আবাসিক এলাকার সড়কে দুই পক্ষের মধ্যে উত্তেজনা, ধস্তাধস্তি ও হামলার চিত্র দেখা যায়।
ঘটনাটি নিয়ে সবচেয়ে কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন অভিবাসনবিরোধী দল রিস্টোর ব্রিটেনের নেতা ও সংসদ সদস্য রুপার্ট লো। ফেসবুকে হামলার ভিডিও শেয়ার করে তিনি দাবি করেন, তাঁর দল সরকার গঠন করলে সংঘর্ষে জড়িত বাংলাদেশিদের যুক্তরাজ্য থেকে বহিষ্কার করা হবে।
একই পোস্টে তিনি এনসিপি ও আওয়ামী লীগের মধ্যকার রাজনৈতিক বিরোধকে অর্থহীন আখ্যা দিয়ে বলেন, রমফোর্ডের রাস্তায় বাংলাদেশিরা নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়েছেন। বাংলাদেশের রাজনীতি নিয়ে তাঁর কোনো আগ্রহ নেই বলেও মন্তব্য করেন তিনি।
পরবর্তী পোস্টেও সংশ্লিষ্ট ব্যক্তিদের যুক্তরাজ্য থেকে বের করে দেওয়ার অবস্থান পুনর্ব্যক্ত করেন রুপার্ট লো।
এ ঘটনায় সরব হয়েছেন রিফর্ম ইউকের নেতা নাইজেল ফারাজও। সামাজিক যোগাযোগমাধ্যমে সংঘর্ষের ভিডিও প্রকাশ করে তিনি অভিযোগ করেন, বিদেশি সংস্কৃতির সংঘাত এখন ব্রিটেনের রাস্তায় ছড়িয়ে পড়ছে।
ফারাজের ভাষ্য, বাংলাদেশিদের রাজনৈতিক বিরোধের সঙ্গে ব্রিটিশ সমাজের কোনো সম্পর্ক নেই। তাঁর দল ক্ষমতায় গেলে সহিংসতা ও বিশৃঙ্খলায় জড়িত বিদেশি নাগরিকদের বহিষ্কারের ব্যবস্থা করবে।
ঘটনাটি যে এলাকায় ঘটেছে, সেটি ইলফোর্ড সাউথ সংসদীয় আসনের অন্তর্ভুক্ত। ওই এলাকার সংসদ সদস্য জাস আথওয়াল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে সংঘর্ষের ভিডিও প্রকাশ করে ঘটনাটিকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে অভিহিত করেছেন। তিনি ঘটনার জোরালো তদন্ত, পুলিশের টহল বৃদ্ধি এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এদিকে রমফোর্ডের সংসদ সদস্য অ্যান্ড্রু রোজিনডেলও বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন। স্থানীয় সংবাদমাধ্যমকে তিনি স্পষ্ট করেছেন, সংঘর্ষের ঘটনাটি তাঁর নির্বাচনী এলাকায় ঘটেনি; এটি ইলফোর্ড সাউথ আসনের অন্তর্ভুক্ত চ্যাডওয়েল হিথ এলাকায় ঘটেছে।
ব্রিটিশ সংসদ সদস্য কেটি ল্যামও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে সংঘর্ষের ভিডিও শেয়ার করেছেন। তিনি পূর্ব লন্ডনের রাস্তায় বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক গোষ্ঠীগুলোর এমন সংঘর্ষকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন।
বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বিরোধের প্রভাব এবার যুক্তরাজ্যের রাজনীতিতেও আলোচনার বিষয় হয়ে উঠেছে। বিশেষ করে অভিবাসনবিরোধী রাজনীতিকদের প্রতিক্রিয়ায় ঘটনাটি নতুন মাত্রা পেয়েছে।




