Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

অগ্রাহায়ণ ২ ১৪৩৩, মঙ্গলবার ১৭ নভেম্বর ২০২৬

রাশিয়ার দাবি, ইউক্রেনের ১ হাজার ৩৩৬ ড্রোন প্রতিহত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:১৩, ১৭ নভেম্বর ২০২৬

প্রিন্ট:

রাশিয়ার দাবি, ইউক্রেনের ১ হাজার ৩৩৬ ড্রোন প্রতিহত

ছবি সংগৃহীত

ইউক্রেনের চালানো বড় ধরনের ড্রোন হামলা প্রতিহত করার দাবি করেছে রাশিয়া। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভাষ্য, সোমবার এক দফা হামলায় ইউক্রেনের ১ হাজার ৩৩৬টি ড্রোন ভূপাতিত করেছে রুশ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা। প্রায় পাঁচ বছর আগে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর কোনো একক হামলায় এত বিপুলসংখ্যক ড্রোন প্রতিহতের দাবি এই প্রথম।

সাম্প্রতিক মাসগুলোতে রাশিয়ার অভ্যন্তরীণ অঞ্চল, অধিকৃত ক্রিমিয়া উপদ্বীপ, কৃষ্ণসাগর ও আজভ সাগর ঘিরে দূরপাল্লার ড্রোন হামলা বাড়িয়েছে ইউক্রেন। কোনো কোনো দিন এসব অভিযানে এক হাজারের বেশি ড্রোন ব্যবহারের ঘটনাও ঘটেছে।

অন্যদিকে, ইউক্রেনের বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে ধারাবাহিক হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া। এসব হামলার কারণে দেশটির বেসামরিক জনজীবন বিপর্যস্ত হচ্ছে। অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যাহত করার পাশাপাশি সাধারণ মানুষের মনোবল দুর্বল করাও মস্কোর কৌশল বলে মনে করছেন বিশ্লেষকেরা।

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে আলোচনা চললেও যুদ্ধক্ষেত্রে তার কোনো প্রভাব পড়েনি। গত সপ্তাহে মস্কো ও কিয়েভের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত জ্যারেড কুশনার ও স্টিভ উইটকফ জানিয়েছেন, দুই পক্ষের মধ্যে আরও আলোচনা আয়োজনের চেষ্টা চলছে। তবে বৈঠকের তারিখ এখনো ঘোষণা করা হয়নি।

পশ্চিমা বিশ্লেষক ও কর্মকর্তাদের হিসাবে, এ যুদ্ধে কয়েক লাখ সেনা এবং হাজার হাজার ইউক্রেনীয় বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

এ সপ্তাহে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বহুল আলোচিত বৈঠকে ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা করার পরিকল্পনার কথাও জানিয়েছেন ট্রাম্প।

এদিকে, ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো অভিযোগ করেছে, যুদ্ধ বন্ধের আলোচনা দীর্ঘায়িত করার চেষ্টা করছে মস্কো। এর মধ্যে প্রায় ৫০টি রুশ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা ঘোষণা করেছে ইইউ। জ্বালানি খাতের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন ব্যবসায়ীকেও নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে।

ক্রিমিয়া সংযোগকারী গুরুত্বপূর্ণ সেতুতে ইউক্রেনের হামলা
রাশিয়ার মূল ভূখণ্ডের সঙ্গে ক্রিমিয়া উপদ্বীপের যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম কের্চ সেতুতে হামলা চালিয়েছে ইউক্রেন। ২০১৪ সালে ক্রিমিয়া দখলের পর সেতুটি রাশিয়ার জন্য সামরিক ও বেসামরিক সরবরাহ পরিবহনের গুরুত্বপূর্ণ রুট হয়ে উঠেছে। একই সঙ্গে এটি উপদ্বীপটির ওপর রুশ নিয়ন্ত্রণের প্রতীক হিসেবেও বিবেচিত হয়।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ দাবি করেছেন, হামলায় সেতুটির সামান্য ক্ষতি হয়েছে। সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার সন্ধ্যায় সেখানে যান চলাচল আবার শুরু হয়েছে।

রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় ক্রাসনোদার এলাকায় পৃথক ড্রোন হামলায় ছয়জন আহত হয়েছেন বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে। এ অঞ্চলে অবস্থিত ইলস্কি তেল শোধনাগার ইউক্রেনের ড্রোন হামলার নিয়মিত লক্ষ্যবস্তু।

ইউক্রেন সীমান্তসংলগ্ন রোস্তভ অঞ্চলের আজভ শহরেও ড্রোন হামলায় তিনজন আহত হয়েছেন বলে জানিয়েছেন আঞ্চলিক গভর্নর ইউরি স্লিউসার।

ইউক্রেনের সামরিক বাহিনী দাবি করেছে, আজভের দুটি তেল ডিপো এবং ক্রাসনোদারের ইলস্কি তেল শোধনাগারে হামলা চালানো হয়েছে। তাদের ভাষ্য, ইলস্কি শোধনাগারটিতে বছরে প্রায় ৪ কোটি ৮০ লাখ ব্যারেল তেল পরিশোধন করা হয়।

মস্কো অঞ্চলের দিকে রাতভর প্রায় ৬০০টি ড্রোন উড়ে এসেছে বলে জানিয়েছেন নগরটির মেয়র সের্গেই সোবিয়ানিন। তাঁর দাবি, অধিকাংশ ড্রোন রাজধানী থেকে দূরে থাকতেই ধ্বংস করা হয়েছে। মস্কোর দিকে এগিয়ে আসার সময় ১৯১টি ড্রোন ভূপাতিত করা হয়।

রাশিয়ার তেল শোধনাগারগুলো ইউক্রেনের লক্ষ্য
রাশিয়ার অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি জ্বালানি খাত। এ কারণে দেশটির তেল শোধনাগারগুলোকে ধারাবাহিকভাবে লক্ষ্যবস্তু করছে ইউক্রেন।

রোববার রাতে দেওয়া বক্তব্যে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেন, ইউক্রেনের হামলায় রাশিয়ার মোট তেল পরিশোধন সক্ষমতার ৫৫ শতাংশের বেশি অকার্যকর হয়ে পড়েছে।

রাশিয়ার কর্মকর্তারা এ দাবি নিয়ে কোনো মন্তব্য করেননি। স্বাধীনভাবেও এর সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। তবে গত ১ অক্টোবর রুশ প্রেসিডেন্ট পুতিন বিরল এক স্বীকারোক্তিতে বলেন, ইউক্রেনের এসব হামলার কারণে রাশিয়ার মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ১ শতাংশ সমপরিমাণ অর্থনৈতিক ক্ষতি হয়েছে।

বিশ্লেষকদের মতে, যুদ্ধের প্রভাব রাশিয়ার সাধারণ মানুষের জীবনেও পৌঁছে দিতে চায় কিয়েভ। পাশাপাশি মাঝারি পাল্লার হামলার মাধ্যমে রুশ সেনাদের সম্মুখসারিতে রসদ সরবরাহের পথ ব্যাহত করার চেষ্টা করছে ইউক্রেন। এতে যুদ্ধক্ষেত্রে মস্কোর অগ্রযাত্রাও বাধাগ্রস্ত হচ্ছে।

এদিকে, যুক্তরাষ্ট্রের তৈরি স্টারশিল্ড স্যাটেলাইট ব্যবস্থায় গতিসংক্রান্ত নতুন সীমাবদ্ধতা আরোপের কারণে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা দুর্বল হয়েছে বলে দাবি করেছে কিয়েভ। স্টারশিল্ড হলো স্পেসএক্সের স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সেবার সামরিক সংস্করণ।

ইউক্রেনীয় বাহিনীর দাবি, এ পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নিতে তারা রাশিয়ার অস্ত্র উৎপাদন কারখানা এবং ড্রোন ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকেন্দ্রে আগাম হামলা চালাচ্ছে।

রাশিয়া ইউক্রেনে নিজেদের বিজয় অনিবার্য হিসেবে তুলে ধরার চেষ্টা করছে। এর বিপরীতে যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতা ও দৃঢ়তা নিজেদের মিত্রদের সামনে তুলে ধরতেও আগ্রহী কিয়েভ।

রাশিয়ায় ইউক্রেনের সাম্প্রতিক হামলায় ঠিক কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, তার পূর্ণাঙ্গ চিত্র পাওয়া যাচ্ছে না। মস্কোর কেন্দ্রীয় কর্তৃপক্ষ ও স্থানীয় কর্মকর্তারা সাধারণত এসব হামলার বিস্তারিত তথ্য প্রকাশ করেন না।

ইউক্রেনে রুশ হামলাকে ‘নিষ্ঠুর’ বললেন জেলেনস্কি
রাশিয়ার অব্যাহত হামলার মধ্যে কঠিন শীতের প্রস্তুতি নিচ্ছে ইউক্রেন। যুদ্ধ শুরুর পর এবারই সবচেয়ে ভয়াবহ শীতের মুখোমুখি হতে পারে দেশটির মানুষ। বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহব্যবস্থা লক্ষ্য করে রুশ হামলার কারণে অনেক এলাকায় বিদ্যুৎ, তাপ ও সুপেয় পানির সংকট দেখা দেওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

ইউক্রেনের প্রধানমন্ত্রী সেরহি কোরেতস্কি সোমবার জানান, দক্ষিণাঞ্চলীয় জাপোরিঝঝিয়া এবং মধ্যাঞ্চলীয় দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলে বিদ্যুতের লাইন ও সাবস্টেশনে রুশ হামলায় কয়েক লাখ মানুষ বিদ্যুৎবিহীন হয়ে পড়েছেন।

জেলেনস্কির অভিযোগ, নির্দিষ্ট কয়েকটি এলাকায় টানা কয়েক দিন বোমাবর্ষণ করে বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামো ধ্বংস করার কৌশল নিয়েছে রাশিয়া।

তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, গত সেপ্টেম্বরের শুরু থেকে মধ্যাঞ্চলীয় দিনিপ্রো অঞ্চলে ১৩১ বার এবং রাজধানী কিয়েভের আশপাশের এলাকায় ১২৫ বার হামলা চালিয়েছে রুশ বাহিনী।

সোমবার দিনিপ্রো শহরে রুশ হামলায় একজন নিহত এবং তিনজন আহত হয়েছেন বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন। উত্তর-পূর্বাঞ্চলীয় খারকিভ অঞ্চলেও হামলায় একজন নিহত ও চারজন আহত হয়েছেন।

জেলেনস্কির দাবি, গত এক সপ্তাহে ইউক্রেনের বিরুদ্ধে ২ হাজার ৩০০টির বেশি ড্রোন, ১ হাজার ৫৯০টি গ্লাইড বোমা এবং ১৫টি ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে রাশিয়া।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এসব হামলাকে ‘নিষ্ঠুর’ বলে আখ্যা দেন। তাঁর ভাষায়, এসব হামলা প্রতিহত করা অত্যন্ত কঠিন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় দোনেৎস্ক অঞ্চলের বিভিন্ন শহর ও গ্রামে রুশ গোলাবর্ষণে চারজন নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন বলে জানিয়েছেন আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান ভাদিম ফিলাশকিন।

অন্যান্য ঘটনাপ্রবাহ
এস্তোনিয়ায় নাশকতার অভিযোগ অস্বীকার রাশিয়ার: প্রতিবেশী এস্তোনিয়ায় ড্রোন নির্মাণকারী একটি প্রতিষ্ঠানে নাশকতার অভিযোগ প্রত্যাখ্যান করেছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। এস্তোনিয়ার প্রধানমন্ত্রী অভিযোগ করেছিলেন, প্রতিষ্ঠানটিতে নাশকতার চেষ্টা করেছে মস্কো। এ ঘটনার পর আগামী ১ ডিসেম্বর থেকে রাশিয়ার সঙ্গে সব সীমান্ত পারাপার বন্ধের ঘোষণা দিয়েছে এস্তোনিয়া। পেসকভের বক্তব্যের পর দেশটিতে নিযুক্ত রুশ শীর্ষ কূটনীতিককে তলব করেছে এস্তোনিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্গুস সাখনা জানিয়েছেন, সন্দেহভাজন নাশকতাকারীদের আটক করা হয়েছে।

কৃষ্ণসাগরে দুটি ড্রোন নিয়ে তদন্ত করছে রোমানিয়া: কৃষ্ণসাগরে ভাসমান অবস্থায় দুটি আকাশযান শনাক্ত হওয়ার পর তদন্ত শুরু করেছে রোমানিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ওই অঞ্চলে বাণিজ্যিক জাহাজে একের পর এক প্রাণঘাতী হামলার ঘটনা ঘটেছে। রোমানিয়ার প্রধানমন্ত্রী লুকা নিকুলেস্কু জানিয়েছেন, রোববার কৃষ্ণসাগরে তিনটি বাণিজ্যিক জাহাজ ড্রোন হামলার শিকার হয়েছে। এর আগের মাসেও পণ্যবাহী জাহাজ ও তেলবাহী ট্যাংকারে আকাশ ও জলপথে পরিচালিত ড্রোন হামলার ঘটনা ঘটে।

মস্কোর গাড়িবোমা হামলায় সন্দেহভাজন নারী আটক: মস্কোয় গত সপ্তাহে গাড়িবোমা বিস্ফোরণে ইউক্রেনের সাবেক প্রধানমন্ত্রীর এক উপদেষ্টা গুরুতর আহত হওয়ার ঘটনায় এক নারীকে আটকের কথা জানিয়েছে রাশিয়ার প্রধান নিরাপত্তা সংস্থা এফএসবি। বিস্ফোরণের সময় গাড়িটি চালাচ্ছিলেন সের্গেই জাভোরোতনি। তিনি একসময় মস্কোপন্থী সাবেক প্রধানমন্ত্রী মাইকোলা আজারভের উপদেষ্টা হিসেবে কাজ করেছিলেন। এফএসবির অভিযোগ, ইউক্রেনের গোয়েন্দা সংস্থার নির্দেশে কাজ করার সন্দেহে ওই নারীকে আটক করা হয়েছে।

Walton
Walton