Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

অগ্রাহায়ণ ২ ১৪৩৩, মঙ্গলবার ১৭ নভেম্বর ২০২৬

পাঁচ বছরের জল্পনার অবসান, নতুন জেমস বন্ড প্যাটিনসন

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১০:৫০, ১৭ নভেম্বর ২০২৬

প্রিন্ট:

পাঁচ বছরের জল্পনার অবসান, নতুন জেমস বন্ড প্যাটিনসন

ব্রিটিশ অভিনেতা রবার্ট প্যাটিনসন ছবি সংগৃহীত

হলিউডের জনপ্রিয় গুপ্তচর চরিত্র জেমস বন্ডের নতুন মুখ হিসেবে নির্বাচিত হয়েছেন ব্রিটিশ অভিনেতা রবার্ট প্যাটিনসন। কয়েক মাসের জল্পনা ও একাধিক তারকার নাম আলোচনায় আসার পর সোমবার (১৭ নভেম্বর) অ্যামাজন এমজিএম স্টুডিওসের পক্ষ থেকে তাঁর নাম ঘোষণা করা হয়। প্রতিষ্ঠানটির পাশাপাশি জেমস বন্ডের আনুষ্ঠানিক ওয়েবসাইটেও এ ঘোষণা প্রকাশ করা হয়েছে।

‘টোয়াইলাইট’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে বিশ্বজুড়ে পরিচিতি পাওয়া ৪০ বছর বয়সী প্যাটিনসন চলতি বছরের ‘দ্য ওডিসি’ ও ‘দ্য ড্রামা’ সিনেমায় অভিনয় করেও আলোচনায় রয়েছেন। এবার তাঁর ক্যারিয়ারে যুক্ত হতে যাচ্ছে চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় চরিত্র ০০৭।

নতুন দায়িত্ব নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে প্যাটিনসন এক বিবৃতিতে বলেন, ‘জেমস বন্ড চলচ্চিত্রের ইতিহাসের অন্যতম কিংবদন্তিতুল্য চরিত্র। ০০৭-এর দায়িত্ব পাওয়াটা জীবনের সবচেয়ে বড় সম্মানের। এই চরিত্রে অভিনয়ের স্বপ্ন পূরণ হয়েছে বললেও কম বলা হবে।’

ঘোষণার সঙ্গে প্রকাশ করা হয়েছে প্যাটিনসনকে জেমস বন্ডের সাজে দেখানো একটি টিজার ভিডিও। সেখানে কালো টাক্সেডো পরা অবস্থায় হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে দেখা যায় তাঁকে। পেছনে বাজতে থাকে জেমস বন্ড সিরিজের পরিচিত আবহসংগীত।

ড্যানিয়েল ক্রেগের পর নতুন অধ্যায়

জেমস বন্ড চরিত্রে অভিনয়ের সুযোগ পাওয়া অভিনেতাদের বিশেষ একটি তালিকায় যুক্ত হলেন প্যাটিনসন। এর আগে মাত্র ছয়জন অভিনেতা বড় পর্দায় ০০৭ চরিত্রে অভিনয় করেছেন। ১৯৬২ সালে ‘ডক্টর নো’ সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো এই চরিত্রে দেখা যায় শন কনারিকে।

সর্বশেষ জেমস বন্ড হিসেবে পর্দায় হাজির হয়েছিলেন ড্যানিয়েল ক্রেগ। ২০০৬ সালে ‘ক্যাসিনো রয়্যাল’ দিয়ে শুরু করে ১৫ বছরে পাঁচটি সিনেমায় অভিনয় করেন তিনি। তাঁর অভিনীত সর্বশেষ বন্ড সিনেমা ‘নো টাইম টু ডাই’ মুক্তি পায় ২০২১ সালে।

নতুন বন্ড সিনেমাটির নাম এখনো চূড়ান্ত হয়নি। সিরিজের ২৬তম এই চলচ্চিত্রের পরিচালনার দায়িত্ব পেয়েছেন ফরাসি-কানাডীয় নির্মাতা ডেনিস ভিলনুভ। ‘ডিউন’ চলচ্চিত্র সিরিজের জন্য পরিচিত এই নির্মাতার পরিচালনায় শিগগিরই শুরু হওয়ার কথা সিনেমাটির শুটিং।

ভিলনুভ এক বিবৃতিতে বলেন, ‘আমাদের সামনে অসাধারণ প্রতিভাবান অনেক অভিনেতা ছিলেন। কিন্তু ০০৭ হতে পারেন একজনই।’ প্যাটিনসন সম্পর্কে তাঁর মন্তব্য, এই অভিনেতার মধ্যে জেমস বন্ডের চিরচেনা ব্যক্তিত্ব রয়েছে। একই সঙ্গে চরিত্রটিতে তিনি নিয়ে আসবেন সম্পূর্ণ নতুন এক মাত্রা।

বন্ড হওয়ার দৌড়ে ছিলেন যাঁরা

২০২১ সালে ড্যানিয়েল ক্রেগের বিদায়ের পর থেকেই নতুন জেমস বন্ড কে হবেন, তা নিয়ে চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে আলোচনা চলছিল। ‘নো টাইম টু ডাই’ সিনেমার শেষ দৃশ্যে ‘জেমস বন্ড উইল রিটার্ন’ বার্তা থাকলেও পরবর্তী সিনেমার জন্য অপেক্ষা দীর্ঘ হয়।

এর পেছনে ছিল বন্ড চরিত্রের স্বত্ব ও সৃজনশীল নিয়ন্ত্রণ নিয়ে বিরোধ। ২০২২ সালে ৮ দশমিক ৫৬ বিলিয়ন ডলারের বেশি অর্থের বিনিময়ে এমজিএম অধিগ্রহণ করে অ্যামাজন। এর মধ্য দিয়ে প্রতিষ্ঠানটি জেমস বন্ড সিনেমা বিতরণের স্বত্বও পায়।

তবে চরিত্রটির সৃজনশীল নিয়ন্ত্রণ তখনো ছিল প্রয়াত প্রযোজক অ্যালবার্ট ‘কাবি’ ব্রকোলির পরিবারের হাতে। লেখক ইয়ান ফ্লেমিংয়ের সঙ্গে ব্রকোলির করা চুক্তির ভিত্তিতেই দীর্ঘদিন ধরে চরিত্রটির সৃজনশীল সিদ্ধান্ত নিয়ন্ত্রণ করছিল এই পরিবার।

২০২৪ সালে ‘দ্য ওয়াল স্ট্রিট জার্নাল’-এর এক প্রতিবেদনে বলা হয়, অ্যামাজনের তথ্যনির্ভর ব্যবসায়িক সিদ্ধান্তের ওপর ব্রকোলি পরিবারের আস্থা ছিল না। এ নিয়ে দুই পক্ষের মধ্যে টানাপোড়েন তৈরি হয়। একপর্যায়ে ২০২৫ সালে নতুন চুক্তির মাধ্যমে চরিত্রটির সৃজনশীল নিয়ন্ত্রণ অ্যামাজন এমজিএম স্টুডিওসের হাতে চলে যায়। এর মধ্য দিয়ে ৬০ বছরের বেশি সময় ধরে চলা ব্রকোলি পরিবারের নিয়ন্ত্রণের অবসান ঘটে।

এরপরই নতুন বন্ড খোঁজার প্রক্রিয়া গতি পায়। চলতি বছরের মে মাসে আনুষ্ঠানিকভাবে শুরু হয় কাস্টিং। আগস্টে দ্বিতীয় দফার অডিশন অনুষ্ঠিত হয়েছে বলেও বিভিন্ন প্রতিবেদনে উঠে আসে।

প্যাটিনসনের পাশাপাশি নিকোলাস হল্ট, ক্যালাম টার্নার, জ্যাক লোডেন, জশ ও'কনর, হ্যারিস ডিকিনসন, পল মেসকাল, টম হল্যান্ড, অ্যারন টেইলর-জনসন, হেনরি ক্যাভিল, থিও জেমস ও জ্যাকব এলর্ডির নামও আলোচনায় ছিল। তবে তাঁদের কাউকেই আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত প্রার্থী হিসেবে নিশ্চিত করা হয়নি।

কৃষ্ণাঙ্গ জেমস বন্ড নিয়ে আলোচনা

নতুন বন্ড নির্বাচনের ক্ষেত্রে চরিত্রটিতে কোনো অশ্বেতাঙ্গ অভিনেতাকে দেখা যাবে কি না, তা নিয়েও দীর্ঘদিন আলোচনা হয়েছে। বিশেষ করে অভিনেতা ইদ্রিস এলবার ভক্তরা তাঁকে পরবর্তী জেমস বন্ড হিসেবে দেখতে চেয়েছিলেন।

তবে সময়ের সঙ্গে সঙ্গে ৫৪ বছর বয়সী এলবার নাম আলোচনার বাইরে চলে আসে। চরিত্রটিতে শারীরিক কসরত ও অ্যাকশননির্ভর অভিনয়ের প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা ছিল।

এদিকে দেব প্যাটেল, হেনরি গোল্ডিং, রেজে-জ্যাঁ পেজ ও ড্যানিয়েল কালুইয়ার নামও সম্ভাব্য অভিনেতা হিসেবে সংবাদমাধ্যমে উঠে আসে।

জুন মাসে ‘জিকিউ’ সাময়িকীকে দেওয়া এক সাক্ষাৎকারে এলবা কৃষ্ণাঙ্গ জেমস বন্ড হওয়ার সম্ভাবনা নিয়ে সংশয় প্রকাশ করেন। তাঁর ভাষায়, ‘জেমস বন্ডকে যেভাবে লেখা হয়েছে, তার পেছনে একটি কারণ রয়েছে।’

কৃষ্ণাঙ্গ অভিনেতার ০০৭ চরিত্রে অভিনয় প্রসঙ্গে তিনি বলেন, ‘বাস্তবতার দিক থেকে দেখলে, কিছু বাজারে বিষয়টি গ্রহণযোগ্যতা পাবে না। বন্ড সারা বিশ্বেই জনপ্রিয়। কিন্তু কিছু সংস্কৃতিতে তারা এমনটা পছন্দ করে না। ব্যস, এটাই।’

নতুন সিনেমার গল্প এখনো অজানা

নতুন জেমস বন্ড সিনেমার চিত্রনাট্য লিখছেন ‘পিকি ব্লাইন্ডার্স’-এর নির্মাতা ও চিত্রনাট্যকার স্টিভেন নাইট। তবে সিনেমাটির গল্প, অন্যান্য অভিনয়শিল্পী কিংবা আগের পর্বের কোনো অভিনেতা নতুন ছবিতে ফিরবেন কি না, সে বিষয়ে এখনো কিছু জানানো হয়নি।

নতুন চলচ্চিত্রটি সিরিজের পুনর্নির্মাণ বা রিবুট হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে নির্মাতা কিংবা প্রযোজনা প্রতিষ্ঠান আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি।

এদিকে প্যাটিনসনের হাতে রয়েছে আরও কয়েকটি বড় প্রকল্প। আসন্ন ‘দ্য ব্যাটম্যান: পার্ট টু’ সিনেমায় তাঁকে আবারও ব্রুস ওয়েনের চরিত্রে দেখা যাবে। অন্যদিকে চলতি বছরের ‘প্রাইমটাইম’ সিনেমায় ‘টু ক্যাচ আ প্রিডেটর’-এর নির্মাতা ক্রিস হ্যানসেনের চরিত্রে তাঁর অভিনয় নিয়েও পুরস্কারের আলোচনায় আগ্রহ তৈরি হয়েছে।

জেমস বন্ড হিসেবে প্যাটিনসনের অভিষেক এখন চলচ্চিত্রপ্রেমীদের অপেক্ষার বিষয়। তবে নতুন ০০৭ চরিত্রে তাঁর অভিনয় কতটা দর্শকপ্রিয়তা পায়, তা জানতে অপেক্ষা করতে হবে সিনেমাটি মুক্তি পাওয়া পর্যন্ত।

Walton
Walton