মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানী ছবি: সংগৃহীত
শোষণ-বঞ্চনার বিরুদ্ধে আজীবন লড়েছেন, রাজনীতির কেন্দ্রে তুলে এনেছেন কৃষক, শ্রমিক ও নিপীড়িত মানুষের অধিকার। ক্ষমতার মোহ নয়, সাধারণ মানুষের মুক্তিই ছিল তাঁর রাজনীতির মূল লক্ষ্য। ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে বাংলাদেশের স্বাধীনতাসংগ্রাম, প্রতিটি ঐতিহাসিক বাঁকেই নিজের অবস্থান স্পষ্ট করেছেন মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানী। আজ ১৭ নভেম্বর তাঁর ৫০তম মৃত্যুবার্ষিকী।
১৯৭৬ সালের এই দিনে ঢাকার তৎকালীন পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। পরে টাঙ্গাইলের সন্তোষে তাঁকে সমাহিত করা হয়। অর্ধশতাব্দী পেরিয়েও শোষণ ও বৈষম্যের বিরুদ্ধে তাঁর সংগ্রামী জীবন রাজনৈতিক ইতিহাসে বিশেষ গুরুত্ব বহন করছে।
মওলানা ভাসানীর রাজনীতির প্রধান দর্শন ছিল শোষণমুক্ত ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা। ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে জনস্বার্থকে স্থান দেওয়ায় সাধারণ মানুষের কাছে তিনি পরিচিত হয়ে ওঠেন ‘মজলুম জননেতা’ ও ‘লাল মাওলানা’ হিসেবে। তাঁর রাজনৈতিক কর্মকাণ্ড শুধু ক্ষমতার পালাবদলে সীমাবদ্ধ ছিল না; সাধারণ মানুষের জীবনযুদ্ধও ছিল সেই রাজনীতির অবিচ্ছেদ্য অংশ।
১৮৮০ সালের ১২ ডিসেম্বর সিরাজগঞ্জের ধানগড়া গ্রামে জন্মগ্রহণ করেন আবদুল হামিদ খান ভাসানী। তাঁর বাবা শরাফত আলী খান এবং মা মোসাম্মৎ মজিরন বিবি। ধর্মীয় শিক্ষার পাশাপাশি ভারতের দেওবন্দে পড়াশোনা করেন তিনি। টাঙ্গাইলের কাগমারিতে শিক্ষকতার মধ্য দিয়ে কর্মজীবন শুরু হলেও পরবর্তী সময়ে কৃষক-শ্রমিকের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে নিজেকে যুক্ত করেন।
ব্রিটিশ শাসনামলে আসামের কৃষক আন্দোলনে নেতৃত্ব দিয়ে রাজনৈতিক অঙ্গনে পরিচিতি লাভ করেন ভাসানী। জমিদারি প্রথার অবসান এবং কৃষকের ভূমির অধিকারের দাবিতে সোচ্চার ছিলেন তিনি। আসামের ধুবড়ী এলাকায় ভাসানচরে কৃষক আন্দোলনে নেতৃত্ব দেওয়ার সূত্রেই তাঁর নামের সঙ্গে যুক্ত হয় ‘ভাসানী’ উপাধি।
পাকিস্তান প্রতিষ্ঠার পর পূর্ব বাংলার মানুষের রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক অধিকার আদায়ের সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। ১৯৪৯ সালের ২৩ জুন ঢাকার রোজ গার্ডেনে আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠিত হলে দলটির প্রথম সভাপতি নির্বাচিত হন। পরবর্তী সময়ে ১৯৫৭ সালে প্রতিষ্ঠা করেন ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ)।
১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচন থেকে ১৯৬৯ সালের গণ-অভ্যুত্থান-বিভিন্ন রাজনৈতিক আন্দোলনে তাঁর সক্রিয় উপস্থিতি ছিল। পূর্ব বাংলার মানুষের অধিকার আদায়ে তাঁর ভূমিকা তাঁকে গণমানুষের রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বে পরিণত করে।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হলে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে অবস্থান নেন এই প্রবীণ নেতা। পাকিস্তানি বাহিনীর গণহত্যা ও নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক জনমত গঠনে ভূমিকা রাখেন। মুক্তিযুদ্ধের সময় ভারতে অবস্থানকালে প্রবাসী বাংলাদেশ সরকারের উপদেষ্টা পরিষদের সঙ্গেও যুক্ত ছিলেন তিনি।
স্বাধীনতার পরও থেমে থাকেনি তাঁর প্রতিবাদী রাজনৈতিক কর্মকাণ্ড। খাদ্যনিরাপত্তা, অর্থনৈতিক সাম্য ও গণতান্ত্রিক জবাবদিহির দাবিতে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন। ১৯৭৩ সালে খাদ্যের দাবিতে তাঁর অনশন কর্মসূচি ব্যাপক আলোচনার জন্ম দেয়।
জীবনের শেষ পর্যায়েও আধিপত্যবাদবিরোধী অবস্থান থেকে সরে আসেননি ভাসানী। ১৯৭৬ সালের ১৬ মে ফারাক্কা বাঁধের প্রতিবাদে ঐতিহাসিক লংমার্চের নেতৃত্ব দেন তিনি। এই কর্মসূচি তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনের অন্যতম স্মরণীয় অধ্যায় হয়ে রয়েছে।
৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলের সন্তোষ, রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে স্মরণানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সকালে সন্তোষে তাঁর মাজারে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হওয়ার কথা রয়েছে। পাশাপাশি আলোচনা সভা, দোয়া মাহফিল ও স্মরণসভাও অনুষ্ঠিত হবে।
এদিকে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসংলগ্ন মাজার প্রাঙ্গণে ১১ নভেম্বর থেকে সাত দিনব্যাপী ঐতিহ্যবাহী ভাসানী মেলা চলছে। আজ ১৭ নভেম্বর মেলার শেষ দিন। এতে ভক্ত, অনুসারী ও সাধারণ মানুষের সমাগম ঘটেছে।
১৯৭৬ সালের ১৭ নভেম্বর তাঁর জীবনের অবসান ঘটলেও শোষণ, বৈষম্য ও আধিপত্যবাদের বিরুদ্ধে মওলানা ভাসানীর অবস্থান আজও বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ। মৃত্যুর পাঁচ দশক পরও তাঁর সংগ্রামী জীবন ও রাজনৈতিক দর্শন নতুন করে আলোচনায় ফিরে আসে।




