Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

অগ্রাহায়ণ ২ ১৪৩৩, মঙ্গলবার ১৭ নভেম্বর ২০২৬

গ্র্যামিতে ইতিহাস গড়লেন বিয়ন্সে, শততম মনোনয়ন অর্জন

প্রকাশিত: ১০:৫৮, ১৭ নভেম্বর ২০২৬

প্রিন্ট:

গ্র্যামিতে ইতিহাস গড়লেন বিয়ন্সে, শততম মনোনয়ন অর্জন

ছবি সংগৃহীত

সংগীতের অন্যতম মর্যাদাপূর্ণ পুরস্কার গ্র্যামিতে নতুন ইতিহাস গড়লেন মার্কিন পপ তারকা বিয়ন্সে। সোমবার ঘোষিত মনোনয়নের মধ্য দিয়ে প্রথম শিল্পী হিসেবে গ্র্যামিতে তাঁর মনোনয়নের সংখ্যা দাঁড়িয়েছে ১০০-তে। আর এবারের মনোনয়নে নারীদের দাপটও ছিল চোখে পড়ার মতো। সর্বোচ্চ ১১টি মনোনয়ন পেয়েছেন ব্রিটিশ গায়িকা ও গীতিকার রে (Raye)। স্প্যানিশ সংগীতশিল্পী রোজালিয়ার ঝুলিতে উঠেছে নয়টি মনোনয়ন।

বিয়ন্সের শততম মনোনয়ন এসেছে আরঅ্যান্ডবি বিভাগের বিভিন্ন ক্যাটাগরিতে। তাঁর আর্কাইভভিত্তিক প্রকাশনা ‘মর্নিং ডিউ (ডঙ্ক)’-এর জন্য এই স্বীকৃতি মিলেছে।

দীর্ঘদিন ধরে গ্র্যামি পুরস্কারে নারীদের প্রতিনিধিত্ব নিয়ে আলোচনা রয়েছে। সেই প্রেক্ষাপটে এবারের মনোনয়ন তালিকায় নারী শিল্পীদের শক্ত অবস্থান বিশেষভাবে নজর কেড়েছে। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে আগামী ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে গ্র্যামির ৬৯তম আসর। আয়োজনটি করে থাকে রেকর্ডিং অ্যাকাডেমি।

মনোনয়নে সবার ওপরে রে
এবারের আসরে সর্বোচ্চ ১১টি মনোনয়ন পেয়েছেন ব্রিটিশ গায়িকা ও গীতিকার রে। পপ ও আরঅ্যান্ডবির সঙ্গে জ্যাজের মিশেলে তৈরি তাঁর সংগীতকর্ম শ্রেষ্ঠ অ্যালবাম, শ্রেষ্ঠ গান ও শ্রেষ্ঠ রেকর্ড-গ্র্যামির সবচেয়ে মর্যাদাপূর্ণ তিনটি বিভাগেই মনোনয়ন পেয়েছে।

নিজের পাশাপাশি অন্য শিল্পীদের জন্য গান লেখার স্বীকৃতিও পেয়েছেন তিনি। তুলনামূলক নতুন বিভাগ শ্রেষ্ঠ গীতিকার ক্যাটাগরিতেও মনোনয়ন এসেছে তাঁর।

অন্যদিকে, স্প্যানিশ সংগীতশিল্পী রোজালিয়া পেয়েছেন নয়টি মনোনয়ন। গত সপ্তাহে অনুষ্ঠিত লাতিন গ্র্যামিতে তাঁর ব্যতিক্রমী ধ্রুপদি পপ অ্যালবাম ‘লাক্স’ একাধিক স্বীকৃতি অর্জন করে। এবার মূল গ্র্যামিতেও অ্যালবামটি নিয়ে আলোচনায় রয়েছেন তিনি।

অ্যালবাম অব দ্য ইয়ার বিভাগে ‘লাক্স’ পুরস্কার পেলে টানা দ্বিতীয়বারের মতো কোনো স্প্যানিশ ভাষার অ্যালবাম এই সম্মান অর্জন করবে। গ্র্যামির ইতিহাসে এটি হবে মাত্র দ্বিতীয় ঘটনা।

গত বছরের আসরে পুয়ের্তো রিকোর সংগীত তারকা ব্যাড বানির ‘দেবি তিরার মাস ফোতোস’ প্রথম স্প্যানিশ ভাষার অ্যালবাম হিসেবে অ্যালবাম অব দ্য ইয়ার পুরস্কার জিতে ইতিহাস গড়েছিল।

নতুনদেরও শক্ত অবস্থান
প্রথমবারের মতো গ্র্যামির মনোনয়ন পেয়েই আলোচনায় এসেছেন কান্ট্রি সংগীতশিল্পী এলা ল্যাংলি। তাঁর বহুল জনপ্রিয় গান ‘চুজিন টেক্সাস’-এর জন্য সাতটি মনোনয়ন পাওয়ার সুযোগ তৈরি হয়েছে। একই সংখ্যক মনোনয়ন পেয়েছেন আরেক কান্ট্রি তারকা মিরান্ডা ল্যামবার্ট। গানটির সহলেখক ল্যামবার্ট এবার প্রডিউসার অব দ্য ইয়ার বিভাগেও মনোনয়ন পেয়েছেন।

পপ-রক সংগীতশিল্পী অলিভিয়া রদ্রিগো এবং বহুমুখী সংগীত প্রতিভার অধিকারী ফিবি ব্রিজার্সও সাতটি করে মনোনয়ন পেয়েছেন। ব্রিজার্সের তৃতীয় একক স্টুডিও অ্যালবাম ‘লস্ট উইকএন্ড’ সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে।

অন্যদিকে, লিওন থমাস ও ইংলিশ গায়িকা অলিভিয়া ডিন পেয়েছেন ছয়টি করে মনোনয়ন। ‘ম্যান আই নিড’ গানটির মাধ্যমে পরিচিতি পাওয়া ডিনের পাশাপাশি ছয়টি মনোনয়ন এসেছে গ্র্যামির নিয়মিত প্রার্থী ব্রুনো মার্সের ঝুলিতেও।

টেইলর সুইফটও এবারের আসরে আলোচনার কেন্দ্রে রয়েছেন। তাঁর অ্যালবাম ‘দ্য লাইফ অব আ শোগার্ল’ এবং ‘টয় স্টোরি’ চলচ্চিত্র সিরিজের সর্বশেষ সিনেমার জন্য লেখা গানের সুবাদে পাঁচটি মনোনয়ন পেয়েছেন তিনি।

নিউইয়র্কের ইন্ডি রক ব্যান্ড গিজও প্রথমবারের মতো গ্র্যামির মনোনয়ন পেয়েছে। এবারের আসরে তাদের ঝুলিতে রয়েছে পাঁচটি মনোনয়ন।

সেরা নবীন শিল্পী বিভাগে এলা ল্যাংলিকে এগিয়ে রাখছেন সংগীতাঙ্গনের অনেকেই। তবে গিজ, ইলেকট্রোপপ শিল্পী স্লেয়টার এবং কানাডীয় রক জুটি অ্যাঞ্জিন দ্য পুয়াত্রিনও প্রতিদ্বন্দ্বিতায় চমক দেখাতে পারে।

অভিজ্ঞ শিল্পীদেরও উপস্থিতি
নতুনদের পাশাপাশি সংগীতজগতের প্রতিষ্ঠিত তারকারাও এবারের মনোনয়ন তালিকায় জায়গা করে নিয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন ম্যাডোনা, পল ম্যাককার্টনি, ব্রুস স্প্রিংস্টিন ও দ্য রোলিং স্টোনস।

এক দশকের বেশি সময় পর আবারও গ্র্যামির মনোনয়ন পেয়েছেন ম্যাডোনা। তাঁর ‘কনফেশন্স টু’ অ্যালবাম এবং পপ তারকা সাবরিনা কার্পেন্টারের সঙ্গে যৌথ কাজের সুবাদে এবার চারটি মনোনয়ন এসেছে তাঁর।

প্রয়াত সংগীতশিল্পী ডলি পার্টনও পেয়েছেন তিনটি মনোনয়ন। কান্ট্রি সংগীতের বিভিন্ন বিভাগের পাশাপাশি নিজের স্মৃতিকথা পাঠের জন্য শ্রেষ্ঠ অডিওবুক বিভাগেও মনোনয়ন পেয়েছেন তিনি।

২০২১ সালে মারা যাওয়া কিংবদন্তি জ্যাজ পিয়ানোবাদক ও ব্যান্ডলিডার চিক কোরিয়াও এবারের গ্র্যামিতে দুটি পুরস্কার জয়ের সুযোগ পাচ্ছেন। মৃত্যুর পরও ছয়টি গ্র্যামি পেয়েছেন তিনি। সব মিলিয়ে তাঁর অর্জিত গ্র্যামির সংখ্যা ২৯।

২০২৭ সালের গ্র্যামিতে ১০০ বিভাগ
২০২৭ সালের গ্র্যামি পুরস্কারে প্রতিযোগিতামূলক বিভাগের সংখ্যা ১০০টি। যুক্তরাষ্ট্রের টেলিভিশন নেটওয়ার্ক এবিসিতে সম্প্রচারিত হবে অনুষ্ঠানটি। একই সঙ্গে ডিজনি প্লাস ও হুলুতেও দেখা যাবে এই আয়োজন।

এবারের আসর সম্প্রচারে বড় পরিবর্তনও আসছে। প্রায় অর্ধশতাব্দী পর প্রথমবারের মতো সিবিএসের পরিবর্তে এবিসিতে সম্প্রচারিত হবে গ্র্যামি পুরস্কার অনুষ্ঠান।

Walton
Walton