Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

অগ্রাহায়ণ ২ ১৪৩৩, মঙ্গলবার ১৭ নভেম্বর ২০২৬

বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে আকভান, চার বন্দরে সতর্কতা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৯:২৭, ১৭ নভেম্বর ২০২৬

প্রিন্ট:

বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে আকভান, চার বন্দরে সতর্কতা

ছবি সংগৃহীত

বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’। আগামী ২০ নভেম্বর সন্ধ্যা নাগাদ এটি অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এরপর ভারতের অন্ধ্র উপকূল অতিক্রম করার আশঙ্কা রয়েছে। সম্ভাব্য পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশের চার সমুদ্রবন্দরে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত জারি রাখা হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের বিশেষ বিজ্ঞপ্তিতে ঘূর্ণিঝড়টির সর্বশেষ অবস্থান ও গতিপথ সম্পর্কে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ঘূর্ণিঝড়টি দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। সোমবার মধ্যরাতে এর অবস্থান ছিল ১২ দশমিক ১ ডিগ্রি উত্তর অক্ষাংশ ও ৮৫ দশমিক ৮ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে।

বর্তমানে প্রায় স্থির অবস্থায় থাকলেও পরবর্তী সময়ে উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে। এ সময় ক্রমেই শক্তিশালী হয়ে ওঠার পূর্বাভাস দেওয়া হয়েছে।

সোমবার মধ্যরাতের হিসাব অনুযায়ী, ঘূর্ণিঝড়টির কেন্দ্র চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৩০৫ কিলোমিটার, কক্সবাজার থেকে ১ হাজার ২৪৫ কিলোমিটার, মোংলা থেকে ১ হাজার ২২৫ কিলোমিটার এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ২০৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।

ঘূর্ণিঝড়টির কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার। দমকা ও ঝোড়ো হাওয়ার সময় তা ঘণ্টায় ৮৮ কিলোমিটার পর্যন্ত পৌঁছাচ্ছে। কেন্দ্রের কাছাকাছি সাগর অত্যন্ত উত্তাল রয়েছে।

এ পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে নির্দেশ দেওয়া হয়েছে।

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকেও সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব নৌযানকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

Walton
Walton