ছবি সংগৃহীত
রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামির ভাগ্য নির্ধারণ হতে যাচ্ছে আজ। তাদের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর মঙ্গলবার (১৭ নভেম্বর) রায় ঘোষণা করবেন হাইকোর্ট। বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত বেঞ্চের কার্যতালিকায় মামলাটি রয়েছে এক নম্বরে।
এর আগে সোমবার শুনানি শেষে রায়ের জন্য আজকের দিন ধার্য করেন আদালত। মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি হলেন সোহেল রানা ও স্বপ্না খাতুন।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল ওসমান চৌধুরী এবং সৈয়দ ইজাজ কবির। আসামিদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে মামলা পরিচালনা করেন মো. হাফিজুর রহমান খান।
যেভাবে সামনে আসে হত্যাকাণ্ড
রামিসার পরিবার পল্লবী থানার সেকশন-১১, ব্লক-বি এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করত। তাঁর বাবা বনানীর একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। একই ভবনের অন্য একটি ফ্ল্যাটে থাকতেন আসামি সোহেল রানা ও তাঁর স্ত্রী স্বপ্না। রামিসা পপুলার মডেল হাই স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
গত ১৯ মে শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়। হত্যাকাণ্ডের পর কক্ষের জানালার গ্রিল কেটে পালিয়ে যান সোহেল রানা। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ তাঁর স্ত্রী স্বপ্নাকে হেফাজতে নেয়। পরে নারায়ণগঞ্জের ফতুল্লা থানার সামনে থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় রামিসার বাবা বাদী হয়ে পল্লবী থানায় হত্যা মামলা করেন। ২১ মে সোহেল রানা ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
১৯ দিনের মাথায় মৃত্যুদণ্ডের রায়
তদন্ত শেষে ২৫ মে সোহেল রানা ও স্বপ্না আক্তারের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপপরিদর্শক অহিদুজ্জামান। একই দিন মামলাটি বিচারের জন্য ট্রাইব্যুনালে পাঠানো হয়।
১ জুন দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু হয়। পরদিনই রাষ্ট্রপক্ষে ১৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়। ৩ জুন ফৌজদারি কার্যবিধির ৩৪২ ধারা অনুযায়ী আসামিদের পরীক্ষা করা হয়।
এরপর ৭ জুন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন মামলার রায় ঘোষণা করেন। রায়ে সোহেল রানা ও স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। হত্যাকাণ্ডের মাত্র ১৯ দিনের মাথায় বিচারিক আদালতের এই রায় আসে।
ট্রাইব্যুনালের নির্দেশনায় বলা হয়, ফৌজদারি কার্যবিধির ৩৬৮ ধারা অনুযায়ী আসামিদের মৃত্যু না হওয়া পর্যন্ত ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। তবে ৩৭৪ ধারা অনুসারে হাইকোর্ট বিভাগের অনুমোদন ছাড়া এ দণ্ড কার্যকর করা যাবে না।
মৃত্যুদণ্ডের পাশাপাশি সোহেল রানাকে পাঁচ লাখ এবং স্বপ্নাকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ রামিসার আইনগত উত্তরাধিকারীদের দেওয়ার নির্দেশ দেন আদালত। অর্থ পরিশোধ না করলে আসামিদের স্থাবর-অস্থাবর সম্পত্তি ক্রোক ও বিক্রি করে সেই অর্থ পরিবারের কাছে পৌঁছে দেওয়ার নির্দেশনাও রয়েছে রায়ে।
বিচারিক আদালতের রায়ের পর দুই আসামির মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স এবং তাঁদের জেল আপিল হাইকোর্টে আসে। সেসব নথি ও আপিলের ওপর শুনানি শেষে আজ রায় ঘোষণার অপেক্ষায় রয়েছে মামলাটি।




