Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

অগ্রাহায়ণ ২ ১৪৩৩, মঙ্গলবার ১৭ নভেম্বর ২০২৬

দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর সুড়ঙ্গ ধ্বংস করল ইসরায়েলি বাহিনী

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১০:৪৪, ১৭ নভেম্বর ২০২৬

প্রিন্ট:

দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর সুড়ঙ্গ ধ্বংস করল ইসরায়েলি বাহিনী

২০১৯ সালে ইসরায়েলি সেনাবাহিনী কর্তৃক আবিষ্কৃত হিজবুল্লাহ সুড়ঙ্গের ভেতরে থাকা যোগাযোগ সরঞ্জাম। ছবি সংগৃহীত

দক্ষিণ লেবানন থেকে লেবানন-সিরিয়া সীমান্ত পর্যন্ত বিস্তৃত এলাকায় সামরিক অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। তাদের দাবি, ইরানের মদদপুষ্ট সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর ভূগর্ভস্থ সুড়ঙ্গ, সামরিক অবকাঠামো এবং অস্ত্র সরবরাহের পথ লক্ষ্য করে এসব অভিযান পরিচালনা করা হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র এলা ওয়াওয়েয়া জানান, দক্ষিণ লেবাননে ইয়েলো লাইনের প্রায় ৩০০ মিটার পূর্বে ভূগর্ভস্থ একটি সুড়ঙ্গ নেটওয়ার্কের অংশবিশেষ ধ্বংস করেছে সেনাবাহিনীর ১০ম ব্রিগেড। মাঠপর্যায়ে অভিযান চালানোর সময় সেনারা সুড়ঙ্গটির সন্ধান পান। পরে সামরিক অবকাঠামো শনাক্ত ও ধ্বংসের অভিযানের অংশ হিসেবে এর একটি অংশ গুঁড়িয়ে দেওয়া হয়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে ওয়াওয়েয়া বলেন, ওই এলাকায় সুড়ঙ্গের সন্ধান, সেগুলো ধ্বংস এবং সম্ভাব্য হুমকি মোকাবিলায় ইসরায়েলি বাহিনীর অভিযান অব্যাহত থাকবে। নিজেদের সেনাদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি এলাকায় সামরিক নিয়ন্ত্রণ বজায় রাখাও এ অভিযানের লক্ষ্য বলে জানান তিনি।

দক্ষিণ লেবাননের ইসরায়েলি দখলদারত্বে থাকা ইয়েলো জোনেও পৃথক অভিযান চালানো হয়েছে। ওয়াওয়েয়ার ভাষ্য অনুযায়ী, ৯১তম ডিভিশনের অধীন ৩০০তম ব্রিগেড এবং ইয়াহালোম ইঞ্জিনিয়ারিং ইউনিটের সমন্বয়ে মাজদাল জাউন শহরে ৩৫ মিটার দীর্ঘ একটি সুড়ঙ্গ ধ্বংস করা হয়েছে। সুড়ঙ্গটির ভেতরে দুটি কক্ষ ছিল।

হিজবুল্লাহকে নিরস্ত্র না করা পর্যন্ত দক্ষিণ লেবাননের দখল করা এলাকা থেকে সেনা প্রত্যাহার করবে না বলে আগেই জানিয়ে রেখেছে ইসরায়েল।

এদিকে, লেবাননের শেবা শহর থেকে হামদান পরিবারের দুই সহোদরকে আটক করেছে ইসরায়েলি বাহিনীর ৮১০তম ব্রিগেড। এই ব্রিগেড দেশটির সেনাবাহিনীর ২১০তম ডিভিশনের অধীন।

ইসরায়েলি সামরিক মুখপাত্র জানিয়েছেন, আটক দুই ভাইকে দেশটির নিরাপত্তা সংস্থার সদস্যরা জিজ্ঞাসাবাদ করছেন। ওয়াওয়েয়ার অভিযোগ, তাঁরা রেজিস্ট্যান্স ব্রিগেডস বা সারায়া আল-মুকাওয়ামার সদস্য। সংগঠনটি হিজবুল্লাহর নির্দেশনা ও পৃষ্ঠপোষকতায় পরিচালিত হয় বলে দাবি করেন তিনি।

দক্ষিণ লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান সাধারণ বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে নয়, বরং হিজবুল্লাহকে লক্ষ্য করেই পরিচালিত হচ্ছে বলেও দাবি করেন এই মুখপাত্র।

লেবানন-সিরিয়া সীমান্তে বিমান হামলা
অন্যদিকে, রোববার গভীর রাতে লেবানন-সিরিয়া সীমান্ত এলাকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। তিন মাসের বেশি সময় পর ওই এলাকায় এ ধরনের হামলা চালানো হলো।

ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, সিরিয়া থেকে লেবাননে হিজবুল্লাহর জন্য অস্ত্রের একটি চালান পাঠানো হচ্ছিল। সেটিই ছিল হামলার লক্ষ্যবস্তু।

ওয়াওয়েয়া জানান, সীমান্তবর্তী জান্তা এলাকায় ইসরায়েলি বিমানবাহিনী ওই অস্ত্রের চালানে হামলা চালায়। তাঁর অভিযোগ, এসব অস্ত্রের মাধ্যমে ইসরায়েলি বেসামরিক নাগরিক ও সেনাসদস্যদের ওপর হামলা চালানোর সক্ষমতা বাড়াতে চায় হিজবুল্লাহ।

এলাকাটি অতীতেও বিপুল পরিমাণ অস্ত্র পরিবহনের কাজে ব্যবহার করা হয়েছে বলে দাবি করেন তিনি।

ইসরায়েলি সামরিক মুখপাত্র আরও অভিযোগ করেন, লেবাননের বিভিন্ন স্থাপনা ব্যবহার করে সামরিক তৎপরতা চালাচ্ছে হিজবুল্লাহ। এসব স্থাপনার মাধ্যমে অস্ত্র চোরাচালান এবং যোদ্ধাদের এক স্থান থেকে অন্য স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে বলেও দাবি তাঁর। এ ধরনের কর্মকাণ্ডকে লেবানন ও ইসরায়েলের মধ্যে বিদ্যমান চুক্তির লঙ্ঘন হিসেবে দেখছে তেল আবিব।

ওয়াওয়েয়া বলেন, ইসরায়েলি বেসামরিক নাগরিক ও সেনাদের জন্য হুমকি তৈরি করতে হিজবুল্লাহকে কোনো সুযোগ দেওয়া হবে না। দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনাদের অবস্থান বজায় থাকবে। হুমকি নির্মূল এবং যুদ্ধবিরতি চুক্তি কার্যকরের লক্ষ্যেও অভিযান চলবে।

সর্বশেষ এসব অভিযান নিয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি হিজবুল্লাহ।

ইরানের সঙ্গে বেরির টেলিফোনে আলোচনা
এদিকে, লেবাননে উত্তেজনা অব্যাহত থাকার মধ্যে দেশটির পার্লামেন্টের স্পিকার নাবিহ বেরির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ।

বেরির কার্যালয়ের বিবৃতি অনুযায়ী, আলোচনায় গালিবাফ বলেন, ‘লেবাননের যুদ্ধের অবসান না হলে এ অঞ্চলে শান্তি ফিরে আসবে না।’

চলমান আলোচনায় নিজেদের দাবি ও শর্ত নির্ধারণের ক্ষেত্রে ইরান লেবাননকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বলেও জানান তিনি।

এর আগে গত সপ্তাহে হিজবুল্লাহর মহাসচিব নাঈম কাসেম লেবানন সরকারকে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে অস্ত্র একীভূত করার আলোচনা বন্ধের আহ্বান জানান। তাঁর বক্তব্য, ইসরায়েলের হামলা ও দখলদারত্ব অব্যাহত থাকা অবস্থায় প্রতিরোধ আন্দোলনের অস্ত্রের ওপর কোনো বিধিনিষেধ আরোপ করা যাবে না।

কাসেম বলেন, ‘দখলদারত্ব চলতে থাকলে প্রতিরোধের অস্ত্রের ওপর কোনো নিয়ন্ত্রণ, নিষেধাজ্ঞা বা নিরস্ত্রীকরণ মেনে নেওয়া হবে না।’

ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা ও যুদ্ধ পরিচালনার জন্য লেবাননের সেনাবাহিনীকে প্রয়োজনীয় পরিবেশ ও সুযোগ তৈরি করে দেওয়ার দায়িত্ব রাষ্ট্রের বলে মন্তব্য করেন তিনি।
সূত্র: আরব নিউজ

Walton
Walton