Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

অগ্রাহায়ণ ৩ ১৪৩৩, বুধবার ১৮ নভেম্বর ২০২৬

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৫.৭ ডিগ্রি, বাড়ছে শীত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১০:০৭, ১৮ নভেম্বর ২০২৬

প্রিন্ট:

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৫.৭ ডিগ্রি, বাড়ছে শীত

ছবি সংগৃহীত

ভোরের কুয়াশা, উত্তরের হিমেল বাতাস আর ক্রমেই নামতে থাকা তাপমাত্রা-সব মিলিয়ে পঞ্চগড়ের জনপদে শীতের উপস্থিতি জানান দিতে শুরু করেছে প্রকৃতি। এক দিনের ব্যবধানে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা কমেছে ১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। বুধবার (১৮ নভেম্বর) সকাল ৯টায় সেখানে তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের তথ্য অনুযায়ী, মঙ্গলবার একই সময়ে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে পারদে উল্লেখযোগ্য পতন ঘটেছে।

সকালে হালকা কুয়াশায় ঢেকে ছিল তেঁতুলিয়ার বিভিন্ন এলাকা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হয়ে সূর্যের দেখা মিললেও উত্তরের ঠান্ডা বাতাসে স্বস্তি ফেরেনি পুরোপুরি। বিশেষ করে সকাল ও সন্ধ্যার পর শীতের অনুভূতি বেশি টের পাচ্ছেন বাসিন্দারা।

জীবিকার প্রয়োজনে ভোরেই ঘর ছাড়তে হচ্ছে দিনমজুর, চা-শ্রমিক, পাথরশ্রমিক, ভ্যানচালক ও কৃষকদের। কাজের ব্যস্ততার মধ্যেও ঠান্ডা বাতাসের কারণে স্বাভাবিক কর্মপরিবেশে কিছুটা অস্বস্তি তৈরি হচ্ছে।

স্থানীয়দের অভিজ্ঞতায়, গত দুই দিন দিনের বেশির ভাগ সময় সূর্যের দেখা না মেলায় ঠান্ডার অনুভূতি ছিল বেশি। বুধবার সকালে রোদ উঠলেও বিকেল গড়িয়ে সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে আবারও বাড়তে থাকে শীত। রাত গভীর হলে পরিস্থিতি আরও কঠিন হয়ে ওঠে। ভোরের দিকে কাঁথা-কম্বল ছাড়া থাকা কষ্টকর হয়ে পড়ছে বলে জানান তাঁরা।

তাপমাত্রা কমতে থাকায় শিশু ও বয়স্কদের নিয়ে উদ্বেগ বাড়ছে পরিবারগুলোতে। স্থানীয়দের ভাষ্য, সর্দি-কাশি ও জ্বরের মতো উপসর্গ দেখা দিচ্ছে অনেকের মধ্যে। কেউ কেউ নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।

তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় জানান, হিমালয় পার্বত্যাঞ্চলের কাছাকাছি অবস্থান এবং উত্তর দিক থেকে বয়ে আসা ঠান্ডা বাতাসের প্রভাবে তাপমাত্রা কমছে। বুধবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। ওই সময় বাতাসের আর্দ্রতা ছিল ১০০ শতাংশ।

আবহাওয়ার এই পরিবর্তনে দিনের বেলায় রোদের দেখা মিললেও রাত থেকে ভোর পর্যন্ত ঠান্ডার অনুভূতি বাড়ছে। তাপমাত্রার নিম্নমুখী প্রবণতা, কুয়াশা আর হিমেল বাতাসে পঞ্চগড়ে শীতের আগমনী বার্তা এখন আরও স্পষ্ট।

Walton
Walton