Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

অগ্রাহায়ণ ৩ ১৪৩৩, বুধবার ১৮ নভেম্বর ২০২৬

কুয়েতে শত্রুপক্ষের ড্রোন হামলা প্রতিহত, উত্তপ্ত উপসাগরীয় অঞ্চল

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৮:৪৭, ১৮ নভেম্বর ২০২৬

প্রিন্ট:

কুয়েতে শত্রুপক্ষের ড্রোন হামলা প্রতিহত, উত্তপ্ত উপসাগরীয় অঞ্চল

ছবি সংগৃহীত

মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে ‘শত্রুপক্ষের’ ড্রোন হামলা প্রতিহত করার দাবি করেছে কুয়েত। বুধবার (১৮ নভেম্বর) দেশটির কর্তৃপক্ষ জানায়, আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ব্যবহার করে এসব ড্রোন মোকাবিলা করা হচ্ছে। এদিকে বাহরাইন ইরানের বিরুদ্ধে ‘অপরাধমূলক হামলার’ অভিযোগ তুলেছে। একই সময়ে সৌদি আরব ও ইয়েমেনকেও ঘিরে নতুন করে নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়েছে।

কুয়েত কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটির বিভিন্ন এলাকায় বিস্ফোরণের মতো যে শব্দ শোনা যাচ্ছে, তা মূলত আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে ড্রোন প্রতিহত করার কারণে হচ্ছে। তবে হামলাগুলোর উৎস বা কোন পক্ষ এগুলো চালিয়েছে, সে বিষয়ে এখনো বিস্তারিত জানায়নি দেশটি।

অন্যদিকে, পরপর দুটি সম্ভাব্য বিপৎসংকেত জারির পর নাগরিকদের শান্ত থাকার আহ্বান জানিয়েছে বাহরাইন। দেশটির অভিযোগ, ইরান তাদের লক্ষ্য করে ‘অপরাধমূলক হামলা’ চালিয়েছে।

আলজাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা জানিয়েছেন, বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের আগের হামলার জবাবে হরমুজ প্রণালির কেশম দ্বীপে একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকেন্দ্রে হামলা চালানো হয়েছে। তবে এ হামলার ক্ষয়ক্ষতি বা বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

এদিকে, ইয়েমেনের হুতি বিদ্রোহীরা সৌদি আরবের ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইনের পাম্পিং স্টেশনগুলো লক্ষ্য করে ড্রোন হামলার দাবি করেছে। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, রাজধানী রিয়াদের কাছেও একটি ড্রোন প্রতিহত করা হয়েছে।

সাম্প্রতিক এসব ঘটনা উপসাগরীয় অঞ্চলে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা বাড়িয়েছে। বিশেষ করে হরমুজ প্রণালির মতো গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ ঘিরে সামরিক তৎপরতা আন্তর্জাতিক মহলের উদ্বেগ বাড়াচ্ছে।

সূত্র: আলজাজিরা

Walton
Walton