Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

অগ্রাহায়ণ ৩ ১৪৩৩, বুধবার ১৮ নভেম্বর ২০২৬

ইরানে কিশোরীকে হত্যা, বাবার সঙ্গে গ্রেপ্তার স্কুলপ্রধান

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৮:৩৭, ১৮ নভেম্বর ২০২৬

প্রিন্ট:

ইরানে কিশোরীকে হত্যা, বাবার সঙ্গে গ্রেপ্তার স্কুলপ্রধান

সোগান্দ সায়াদির ছবি সংগৃহীত

ইরানের ১৬ বছর বয়সী স্কুলছাত্রী সোগান্দ সায়াদির রহস্যজনক মৃত্যুকে ঘিরে দেশটিতে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। বাবার সঙ্গে বাড়ি ফেরার পর তার মৃত্যু হয়। মৃত্যুর আগে স্কুল কর্তৃপক্ষকে নিজের নিরাপত্তা নিয়ে আশঙ্কার কথা জানিয়েছিল বলে খবর প্রকাশিত হয়েছে। এরপরও তাকে সুরক্ষা দিতে স্কুল কর্তৃপক্ষ কেন কার্যকর পদক্ষেপ নেয়নি, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

এ ঘটনায় মঙ্গলবার (১৭ নভেম্বর) সোগান্দের বাবা ও স্কুলের প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে ইরানি কর্তৃপক্ষ। পশ্চিমাঞ্চলীয় কেরমানশাহ শহরে এ ঘটনা ঘটে।

বিচার বিভাগের সঙ্গে সংশ্লিষ্ট সংবাদমাধ্যম মিজান নিউজ এজেন্সির প্রতিবেদনে প্রাদেশিক প্রধান কৌঁসুলি হামিদরেজা কারিমির বরাত দিয়ে বলা হয়েছে, সোগান্দের বাবাকে শারীরিক নির্যাতন ও হত্যার অভিযোগে আটক করা হয়েছে। আর দায়িত্বে অবহেলার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন স্কুলের প্রধান শিক্ষক।

কারিমি জানান, তদন্তকারীরা ঘটনাটি হত্যা, নাকি আত্মহত্যা-তা খতিয়ে দেখছেন। মৃত্যুর প্রকৃত কারণ এবং এ ঘটনায় কারও অপরাধমূলক দায় রয়েছে কি না, তা নিশ্চিত করতে ফরেনসিক পরীক্ষা চলছে।

সোগান্দের মৃত্যুর পর শিক্ষক সংগঠন ও মানবাধিকার সংস্থাগুলো ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে।

স্কুলেই বাবার নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ
মানবাধিকার সংগঠন হানা হিউম্যান রাইটস অর্গানাইজেশনের তথ্য অনুযায়ী, বাবার সঙ্গে বাড়ি ফিরলে নিজের জীবন বিপন্ন হতে পারে বলে আগেই স্কুল কর্তৃপক্ষকে সতর্ক করেছিল সোগান্দ। পরদিন সকালে তাদের আবাসিক ভবনের আঙিনায় তার মরদেহ পাওয়া যায়।

সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে হানা জানায়, সোগান্দের ব্যক্তিগত জীবনসংক্রান্ত একটি বিষয় জানার পর স্কুল কর্তৃপক্ষ তার বাবা কিউমারস সায়াদিকে ডেকে পাঠায়।

মানবাধিকার সংগঠনটির সংগৃহীত তথ্য অনুযায়ী, এক কিশোরের সঙ্গে সোগান্দের প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধের সূত্রপাত হতে পারে। তবে এ কারণেই তার বাবাকে ডেকে পাঠানো হয়েছিল-এমন অভিযোগ অস্বীকার করেছেন স্কুলের প্রধান শিক্ষক।

হানার সূত্রগুলোর দাবি, স্কুলে সহপাঠীদের সামনেই মেয়েকে মারধর করেন তার বাবা। স্কুলের বাইরে একটি দেয়ালের সঙ্গে বারবার তার মাথা আঘাত করেন তিনি। পরে বাড়িতেও নির্যাতন অব্যাহত থাকে। একপর্যায়ে ভবন থেকে তাকে নিচে ফেলে দেওয়া হয় বলে দাবি করেছে সংগঠনটি।

তবে ঘটনার অন্য বিবরণে বলা হয়েছে, ভবনের পঞ্চম তলা থেকে পড়ে যায় সোগান্দ। ঠিক কীভাবে তার মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত নয়।

এদিকে, স্কুল থেকে সোগান্দের বের হওয়ার বিষয়ে ভিন্ন তথ্য দিয়েছে কেরমানশাহ শিক্ষা বিভাগ। তাদের বক্তব্য, মেয়ের শিক্ষাসংক্রান্ত নথিপত্র সংগ্রহ এবং তাকে পশ্চিম ইরানের গিলান-ই ঘারব শহরের একটি শিক্ষাপ্রতিষ্ঠানে স্থানান্তরের ব্যবস্থা করতে স্কুলে গিয়েছিলেন তার বাবা।

শিক্ষা বিভাগের দাবি, সকাল ৯টার দিকে বাবা-মেয়ে একসঙ্গে স্কুল থেকে বের হন।

বিভাগটির জনসংযোগ পরিচালক জাহাঙ্গির আগায়ি জানান, সোগান্দ তার সৎমায়ের সঙ্গে বসবাস করত এবং পরিবারে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ ছিল। তাকে নিজের আদি শহরে ফিরে যাওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছিল বলেও জানান তিনি।

স্কুলের ভূমিকা নিয়ে শিক্ষক সংগঠনের প্রশ্ন
সোগান্দের মৃত্যুর ঘটনায় স্কুল কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে সরব হয়েছে ইরানের শিক্ষক সংগঠনগুলোর সমন্বয় পরিষদ। সোমবার দেওয়া এক বিবৃতিতে সংগঠনটি অভিযোগ করে, প্রাণনাশের আশঙ্কার কথা জানানোর পরও স্কুল কর্মকর্তারা বিষয়টি গুরুত্ব দেননি।

এ ঘটনায় শিক্ষা মন্ত্রণালয়ের জবাবদিহি দাবি করেছে সংগঠনটি। একই সঙ্গে শিক্ষার্থীদের ব্যক্তিগত জীবনে অযাচিত হস্তক্ষেপ বন্ধ, শিশু সুরক্ষার ব্যবস্থা জোরদার এবং পারিবারিক সহিংসতায় জড়িত ব্যক্তিদের দায়মুক্তি দেয় এমন আইন বাতিলের আহ্বান জানিয়েছে তারা।

হানা হিউম্যান রাইটস অর্গানাইজেশনও সোগান্দের মৃত্যুর স্বাধীন তদন্ত দাবি করেছে। পাশাপাশি স্কুলের কর্মকর্তা-কর্মচারীদের সম্ভাব্য দায় খতিয়ে দেখার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

ইরানের আইনেও এ ধরনের হত্যাকাণ্ডের বিচার নিয়ে বিতর্ক রয়েছে। দেশটির ইসলামি দণ্ডবিধির ৩০১ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, নিজের সন্তানকে হত্যার ক্ষেত্রে বাবা ও পিতামহ কিসাস বা প্রতিশোধমূলক মৃত্যুদণ্ড থেকে অব্যাহতি পান। আইনটির এ বিধান পারিবারিক সহিংসতা ও নারী হত্যার বিচার নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি করেছে।

সাত মাসে ৮৪ নারী ও কিশোরী হত্যার তথ্য
সোগান্দের মৃত্যু ইরানে নারী ও কিশোরীদের ওপর পারিবারিক সহিংসতা এবং হত্যার বিস্তৃত চিত্র সামনে এনেছে।

বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত ও নথিভুক্ত ঘটনার হিসাব অনুযায়ী, চলতি বছরের ২১ মার্চ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত ইরানে অন্তত ৮৪ নারী ও কিশোরী হত্যার শিকার হয়েছেন। তাঁদের মধ্যে ১৮ বছরের কম বয়সী ১২ জন।

নিহতদের ৭৫ জনই হত্যাকারীদের পূর্বপরিচিত ছিলেন। অপ্রাপ্তবয়স্ক ১২ জনের মধ্যে আটজনকে হত্যা করেছেন তাঁদের বাবা, ভাই অথবা অন্য কোনো রক্তের সম্পর্কের আত্মীয়।

তবে এই পরিসংখ্যান কেবল সংবাদমাধ্যমে প্রকাশিত ও নথিভুক্ত ঘটনাগুলোর হিসাব। ইরানে নারী ও কিশোরী হত্যার প্রকৃত সংখ্যা এর চেয়ে বেশি হতে পারে।

নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে আইন প্রণয়নের উদ্যোগও দীর্ঘদিন ধরে ঝুলে আছে। এ বিষয়ে ইরানের সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে ১৫ বছরের বেশি সময় ধরে আলোচনা চললেও আইনটি এখনো অনুমোদন পায়নি।

সোগান্দের মৃত্যুতে এবার স্কুল ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর দায়িত্ব নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। পরিবারের ভেতরে সহিংসতার আশঙ্কা জানানো কোনো কিশোরীকে সুরক্ষা দেওয়ার দায়িত্ব কার, বিপদের পূর্বাভাস পাওয়ার পরও কেন প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হলো না-এসব প্রশ্নের উত্তর চাইছেন শিক্ষক ও মানবাধিকারকর্মীরা।
সূত্র: ইরান ইন্টারন্যাশনাল

Walton
Walton