Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

অগ্রাহায়ণ ৩ ১৪৩৩, বুধবার ১৮ নভেম্বর ২০২৬

কেশম দ্বীপে মার্কিন হামলা, বাহরাইনে ইরানি ড্রোন আঘাত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১০:২৪, ১৮ নভেম্বর ২০২৬

প্রিন্ট:

কেশম দ্বীপে মার্কিন হামলা, বাহরাইনে ইরানি ড্রোন আঘাত

ছবি সংগৃহীত

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি বিমান হামলা অব্যাহত রয়েছে। যুদ্ধের তীব্রতা আপাতত কিছুটা কমলেও নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা কাটেনি। শান্তি প্রতিষ্ঠায় আঞ্চলিক দেশগুলোর মধ্যস্থতা চলার মধ্যেই উপসাগরীয় কয়েকটি দেশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার আশঙ্কায় বেসামরিক নাগরিকদের সতর্ক করেছে।

১৭ নভেম্বর মার্কিন কর্মকর্তারা বিভিন্ন সংবাদমাধ্যমকে জানান, হরমুজ প্রণালির কাছে ইরানের কেশম দ্বীপে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। এর আগে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) দাবি করে, বাহরাইনে অবস্থিত একটি মার্কিন সামরিক স্থাপনায় তারা হামলা চালিয়েছে।

বার্তা সংস্থা এএফপিকে নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান থেকে নির্ভুল লক্ষ্যভেদী অস্ত্র ব্যবহার করে কেশম দ্বীপে আইআরজিসির একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকেন্দ্রে আঘাত হানা হয়েছে।

ওই কর্মকর্তা বলেন, মার্কিন সেনাসদস্য ও সামরিক সম্পদ লক্ষ্য করে ইরানের হামলার জবাব দিতেই এ অভিযান চালানো হয়েছে। সর্বশেষ ইরানি হামলায় কোনো মার্কিন সেনা হতাহত হননি কিংবা সামরিক স্থাপনার ক্ষয়ক্ষতিও হয়নি বলে দাবি করেছে ওয়াশিংটন।

অন্যদিকে আইআরজিসি জানিয়েছে, বাহরাইনের শেখ ইসা বিমানঘাঁটিতে মার্কিন বাহিনীর পরিচালিত একটি রাডারব্যবস্থাকে লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে। ১৭ নভেম্বর বাহিনীটির সংবাদমাধ্যম সেপাহ নিউজে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, রেভল্যুশনারি গার্ডের যুদ্ধ ড্রোন ব্যবহার করে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে এ অভিযান পরিচালনা করা হয়েছে।

বাহরাইনে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পঞ্চম বহরের সদর দপ্তর অবস্থিত। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলার জবাবে দেশটি প্রায়ই ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্যবস্তু হচ্ছে।

সংঘাতের সীমা যাচাই করছে দুই পক্ষ
লন্ডনভিত্তিক ঝুঁকি বিশ্লেষণ প্রতিষ্ঠান মেনা অ্যানালিটিকার আন্দ্রেয়াস ক্রিগ এএফপিকে বলেন, সাম্প্রতিক হামলা-পাল্টা হামলাকে পূর্ণাঙ্গ যুদ্ধ শুরুর তাৎক্ষণিক ইঙ্গিত হিসেবে দেখার সুযোগ নেই। বরং দুই পক্ষই একে অপরের সহনশীলতার সীমা যাচাই করছে।

ক্রিগের ভাষ্য, ওয়াশিংটন ও তেহরান উভয়েই প্রতিপক্ষের নির্ধারিত সীমা কত দূর পর্যন্ত অতিক্রম করা যায়, তা পরীক্ষা করছে। এমন পরিস্থিতিতে কতটা সামরিক পদক্ষেপ নিলে নিয়ন্ত্রণের বাইরে সংঘাত ছড়িয়ে পড়বে না, সেটিও বোঝার চেষ্টা চলছে।

ফেব্রুয়ারির শেষ দিকে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলার মধ্য দিয়ে যে যুদ্ধ শুরু হয়েছিল, তার ব্যাপক আকারের বিমান অভিযান এখন অনেকটাই স্তিমিত। কিন্তু দুই পক্ষের মধ্যে এখনো কোনো পূর্ণাঙ্গ শান্তিচুক্তি হয়নি। মাঝেমধ্যে নতুন করে হামলার ঘটনা যুদ্ধ আবারও তীব্র হওয়ার আশঙ্কা বাড়াচ্ছে।

এদিকে ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের অবরোধ অব্যাহত রয়েছে। এতে তেল ও জ্বালানিপণ্য রপ্তানি বাধাগ্রস্ত হচ্ছে, দেশের অর্থনীতিতেও দেখা দিয়েছে তীব্র সংকট। একই সঙ্গে ইরানি হামলার আশঙ্কায় কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল এখনো ঝুঁকিপূর্ণ।

বাহরাইন ও কুয়েতে নাগরিকদের সতর্কতা
এদিকে ১৮ নভেম্বর ভোরে সম্ভাব্য ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার আশঙ্কায় বাহরাইন ও কুয়েতের কর্তৃপক্ষ বেসামরিক নাগরিকদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেয়।

বাহরাইনের সামরিক বাহিনী জানায়, তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা একাধিক ইরানি আকাশপথের হামলা শনাক্ত করে, প্রতিহত ও ধ্বংস করেছে। এসব হামলা লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগেই ঠেকানো সম্ভব হয়েছে বলে দাবি করেছে দেশটির সামরিক কর্তৃপক্ষ। পরে পরিস্থিতি স্বাভাবিক ঘোষণা করে সতর্কতা প্রত্যাহার করা হয়।

বাহরাইন নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়, দেশটির প্রতিরক্ষা বাহিনীর আকাশ প্রতিরক্ষাব্যবস্থা একাধিক ইরানি হামলা প্রতিহত করেছে।

কুয়েতের সামরিক বাহিনীও শত্রুভাবাপন্ন ড্রোন হামলার জবাবে পাল্টা ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে। একই সঙ্গে নাগরিকদের নিরাপত্তাসংক্রান্ত নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে কুয়েতের সেনাবাহিনী জানায়, বিস্ফোরণের যেসব শব্দ শোনা যাচ্ছে, সেগুলো মূলত আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে শত্রুপক্ষের হামলা প্রতিহত করার সময় সৃষ্টি হচ্ছে।

মধ্যস্থতায় কাতার ও ওমান
সামরিক উত্তেজনার মধ্যেই কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে মধ্যপ্রাচ্যের দেশগুলো। ১৭ নভেম্বর ইরানি কর্মকর্তারা কাতারের মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠক করেন। আলোচনার লক্ষ্য ছিল দুই পক্ষের অবস্থানের ব্যবধান কমিয়ে সমঝোতার পথ তৈরি করা।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি বলেন, আলোচনায় বিভিন্ন পক্ষের প্রস্তাবের মধ্যে দূরত্ব কমিয়ে অভিন্ন অবস্থানে পৌঁছানোর বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে।

একই দিনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ওমান সফরে যান। দেশটি এর আগেও ওয়াশিংটন ও তেহরানের মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছে।

ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আরাঘচির সঙ্গে বৈঠকে সমুদ্রপথের নিরাপত্তা এবং আন্তর্জাতিক বাণিজ্যের নির্বিঘ্ন প্রবাহ নিশ্চিত করার বিষয়টি আলোচনায় এসেছে।

চীন সফরে ট্রাম্প, আলোচনায় আসতে পারে ইরান যুদ্ধ
এদিকে ১৯ নভেম্বর দক্ষিণ চীনের শেনজেনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। মধ্যপ্রাচ্যের সংঘাতের পাশাপাশি ইউক্রেন যুদ্ধও আলোচনার বিষয় হতে পারে।

ট্রাম্প এর আগে বলেছিলেন, ইরানের সঙ্গে আলোচনা এগোলে দেশটির ওপর বড় পরিসরের হামলা আবার শুরু না-ও করতে পারেন তিনি। তবে তেহরানের সঙ্গে সমঝোতায় পৌঁছানো এখন আর জরুরি মনে করছেন না বলেও মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তাঁর দাবি, যুদ্ধে ইতিমধ্যে জয়ী হয়েছে যুক্তরাষ্ট্র।

তবে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলমান পাল্টাপাল্টি হামলা, হরমুজ প্রণালিতে অস্থিরতা এবং মধ্যস্থতাকারীদের অব্যাহত তৎপরতা বলছে, সংঘাতের স্থায়ী অবসানের পথ এখনো অনিশ্চিত।

Walton
Walton