Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

অগ্রাহায়ণ ৩ ১৪৩৩, বুধবার ১৮ নভেম্বর ২০২৬

২৫৬ সেতু নির্মাণে ৮ হাজার ৮৮৮ কোটি, একনেকে ২১ প্রকল্প

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:৩০, ১৮ নভেম্বর ২০২৬

প্রিন্ট:

২৫৬ সেতু নির্মাণে ৮ হাজার ৮৮৮ কোটি, একনেকে ২১ প্রকল্প

ছবি সংগৃহীত

দেশের ৪৮ জেলার ১২৫টি উপজেলায় ২৫৬টি দীর্ঘ সেতু নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার। এ জন্য ৮ হাজার ৮৮৮ কোটি ৩৮ লাখ টাকার একটি মেগা প্রকল্প অনুমোদনের জন্য উঠছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায়। প্রকল্পটি বাস্তবায়িত হলে গ্রামীণ সড়ক যোগাযোগে নতুন সংযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।

বুধবার (১৮ নভেম্বর) সকাল ১০টায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে প্রধানমন্ত্রী ও একনেক সভাপতি তারেক রহমানের সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ২০২৬-২৭ অর্থবছরে এটি একনেকের সপ্তম সভা।

পরিকল্পনা বিভাগের এনইসি-একনেক ও সমন্বয় অনুবিভাগের সভার নোটিশ অনুযায়ী, বৈঠকে নতুন ও সংশোধিত মিলিয়ে ২১টি প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। পাশাপাশি আগে অনুমোদিত আরও ১৪টি চলমান প্রকল্পের অগ্রগতি ও সংশোধনী প্রস্তাব নিয়ে আলোচনা হবে।

২৫৬ সেতুতে বদলাতে পারে গ্রামীণ যোগাযোগ
স্থানীয় সরকার বিভাগের অধীনে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রস্তাবিত ‘উপজেলা, ইউনিয়ন ও গ্রাম সড়কে দীর্ঘ সেতু নির্মাণ’ প্রকল্পটি সভার গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়। দেশের আট বিভাগের ৪৮ জেলার ১২৫টি উপজেলায় এসব সেতু নির্মাণের পরিকল্পনা করা হয়েছে।

সম্পূর্ণ সরকারি অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়নের প্রস্তাব রয়েছে। ব্যয় ধরা হয়েছে ৮ হাজার ৮৮৮ কোটি ৩৮ লাখ টাকা। অনুমোদন পেলে ২০২৬ সালে কাজ শুরু করে ২০৩১ সালের মধ্যে নির্মাণ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

পরিকল্পনা কমিশন প্রকল্পটি যাচাই-বাছাই শেষে অনুমোদনের সুপারিশ করেছে। বাস্তবায়নের দায়িত্বে থাকবে এলজিইডি।

২১ প্রকল্পে ব্যয় ৩৪ হাজার ৬৬৭ কোটি টাকা
একনেকে উপস্থাপনের জন্য প্রস্তুত ২১টি প্রকল্পের মোট প্রস্তাবিত ব্যয় ৩৪ হাজার ৬৬৭ কোটি ৮৮ লাখ টাকা। এর মধ্যে ১৪টি নতুন প্রকল্প, পাঁচটি সংশোধিত এবং দুটি প্রকল্পের মেয়াদ বাড়ানোর প্রস্তাব রয়েছে।

অর্থায়নের বড় অংশ আসবে সরকারের নিজস্ব তহবিল থেকে। এ খাতে বরাদ্দ প্রস্তাব করা হয়েছে ৩৪ হাজার ২৩২ কোটি ৭২ লাখ টাকা। বৈদেশিক প্রকল্প ঋণ থেকে ৪২৪ কোটি ৭৩ লাখ এবং বাস্তবায়নকারী সংস্থার নিজস্ব তহবিল থেকে ১০ কোটি টাকা জোগানের পরিকল্পনা রয়েছে।

এ ছাড়া মন্ত্রী কর্তৃক অনুমোদিত ৫০ কোটি টাকার কম ব্যয়ের ১৪টি ছোট ও মাঝারি প্রকল্প সভায় অবগতির জন্য উপস্থাপন করা হবে।

ঢাকার তিন অভিজাত এলাকায় পয়ঃলাইন নির্মাণ
রাজধানীর গুলশান, বনানী ও বারিধারার পয়ঃবর্জ্য দাশেরকান্দি পয়ঃশোধনাগারে পৌঁছাতে ১৪০ কিলোমিটার পয়ঃলাইন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। ‘দাশেরকান্দি পয়ঃশোধনাগারের জন্য পয়ঃবর্জ্য সংগ্রহ লাইন নির্মাণ প্রকল্প (ফেজ-১)’ নামে প্রস্তাবিত উদ্যোগটির ব্যয় ধরা হয়েছে ৯৯৩ কোটি ৬৪ লাখ টাকা।

প্রকল্পের আওতায় ছয়টি পয়ঃবর্জ্য উত্তোলন ও পাম্পিং স্টেশন নির্মাণে ৬ কোটি ৭০ লাখ এবং পয়ঃলাইন পরিষ্কারের যন্ত্রপাতি কেনায় ২ কোটি টাকা ব্যয়ের প্রস্তাব রয়েছে। ২০২৭ সালের জানুয়ারিতে শুরু হয়ে ২০২৯ সালের ডিসেম্বরে কাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

ঢাকা ওয়াসার স্যুয়ারেজ মাস্টারপ্ল্যান অনুযায়ী, মহানগরীর পয়ঃসেবা নিশ্চিত করতে পাঁচটি শোধনাগার নির্মাণের পরিকল্পনা রয়েছে। চীনের অর্থায়নে নির্মিত দাশেরকান্দি পয়ঃশোধনাগার ২০২৩ সালের ১ জুলাই থেকে ঢাকা ওয়াসার তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে।

কেন্দ্রটির সক্ষমতা পুরোপুরি কাজে লাগানো যাচ্ছে না পর্যাপ্ত পয়ঃবর্জ্য সংগ্রহের নেটওয়ার্কের অভাবে। বিশেষ করে শুষ্ক মৌসুমে বর্জ্যের ঘাটতিতে কার্যকর পরিচালনা ব্যাহত হয়। নতুন প্রকল্পের মাধ্যমে হাতিরঝিল এলাকার রাস্তার নিচ দিয়ে গুলশান, বনানী ও বারিধারার বর্জ্য দাশেরকান্দিতে নেওয়ার পরিকল্পনা করা হয়েছে।

গ্রামীণ সড়ক, নদীভাঙন ও জলাশয় খননে বড় বরাদ্দ
একনেকের আলোচ্য তালিকায় দেশের বিভিন্ন অঞ্চলের যোগাযোগ ও পানি ব্যবস্থাপনা উন্নয়নে একাধিক প্রকল্প রয়েছে। সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জের গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকা ব্যয়ের প্রস্তাব করা হয়েছে।

ফরিদপুর ও রাজবাড়ীর গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়নে বরাদ্দ প্রস্তাব ২ হাজার ৮১৭ কোটি ৭২ লাখ টাকা। যশোর, ঝিনাইদহ, মাগুরা ও নড়াইলের পল্লি সড়ক উন্নয়নে ব্যয় ধরা হয়েছে ২ হাজার ১৯৯ কোটি টাকা।

দেশব্যাপী খাল, ছোট নদী ও জলাশয় খনন এবং পুনঃখননে ৬ হাজার ৯২২ কোটি টাকা ব্যয়ের পরিকল্পনা রয়েছে। এ ছাড়া সুগন্ধা ও সন্ধ্যা নদীর ভাঙন থেকে বরিশাল রক্ষায় ৯৩৮ কোটি ২৫ লাখ টাকা এবং জামালপুরে ব্রহ্মপুত্র ও জিঞ্জিরাম নদীর ভাঙন প্রতিরোধে ৪৯১ কোটি ৮৫ লাখ টাকার প্রকল্প তালিকায় রয়েছে।

ঢাকা মহানগরীর জলাধার ও নদী সুরক্ষায় ৫৬৭ কোটি টাকার মেট্রো ঢাকা প্রকল্পও উপস্থাপন করা হবে।

সড়ক অবকাঠামোর ক্ষেত্রে মোকামতলা-কালাই-জয়পুরহাট আঞ্চলিক মহাসড়ক চার লেনে উন্নীত করতে ১ হাজার ৯০৭ কোটি টাকা এবং জয়পুরহাট সড়ক বিভাগের তিনটি জেলা মহাসড়ক প্রশস্ত করতে ৪৭২ কোটি টাকা ব্যয়ের প্রস্তাব রয়েছে।

শিক্ষা, স্বাস্থ্য ও কৃষিতেও নতুন উদ্যোগ
প্রস্তাবিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে ধামরাইয়ে এনএসআই প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণে ৩৮৩ কোটি ৬৯ লাখ টাকা এবং বাংলাদেশ বিমান বাহিনীর ঢাকা এলাকার আবাসিক উন্নয়নে ৪৯৫ কোটি টাকা ব্যয়ের উদ্যোগ।

জয়পুরহাট, বগুড়া ও গাইবান্ধায় ক্ষুদ্রসেচ উন্নয়নে ৬৪৮ কোটি ৫৫ লাখ টাকা এবং চরফ্যাশনে দারিদ্র্য বিমোচন স্বাস্থ্যসেবা কেন্দ্র স্থাপনে ২৭ কোটি ৩৮ লাখ টাকা ব্যয়ের প্রস্তাব রয়েছে।

সংশোধিত প্রকল্পে বাড়তি অর্থের প্রস্তাব
চলমান কয়েকটি প্রকল্পের ব্যয় বাড়ানোর প্রস্তাবও থাকছে বৈঠকে। আট বিভাগীয় শহরে পূর্ণাঙ্গ ক্যানসার, হৃদরোগ ও কিডনি চিকিৎসাকেন্দ্র স্থাপন প্রকল্পের দ্বিতীয় সংশোধনীতে ১ হাজার ৯৯ কোটি টাকা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।

এ ছাড়া পল্লি জীবিকায়ন প্রকল্পের তৃতীয় পর্যায়ে ১০৫ কোটি টাকা, জয়পুরহাটের গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ৩৩১ কোটি ৭৬ লাখ টাকা এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়নে ২৪২ কোটি টাকা ব্যয় বৃদ্ধির প্রস্তাব রয়েছে।

পাইকগাছা কৃষি কলেজ স্থাপন প্রকল্পে ২৪২ কোটি এবং গণগ্রন্থাগার অধিদপ্তরের বহুতল ভবন নির্মাণে ২৭ কোটি ৬৫ লাখ টাকা অতিরিক্ত ব্যয়ের প্রস্তাবও আলোচনায় আসবে।

৫০ কোটি টাকার কম ব্যয়ের ১৪টি প্রকল্পের তালিকায় নদী পুনঃখনন, জলবায়ু সহনশীল কৃষি, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট স্থাপন, জীবপ্রযুক্তির মাধ্যমে কৃষিবীজ উন্নয়ন, মৎস্যসম্পদ ও জলজ প্রতিবেশ সংরক্ষণের উদ্যোগ রয়েছে। দুর্গম পর্যটন এলাকায় স্যাটেলাইট প্রযুক্তির মাধ্যমে টেলিটকের উচ্চগতির মোবাইল নেটওয়ার্ক সম্প্রসারণের পরিকল্পনাও রয়েছে।

একনেকের এই সভায় অনুমোদনের অপেক্ষায় থাকা প্রকল্পগুলোর বড় অংশই যোগাযোগ, পানি ব্যবস্থাপনা, নগরসেবা ও কৃষি অবকাঠামো ঘিরে। প্রস্তাবগুলো অনুমোদিত হলে আগামী কয়েক বছরে দেশের বিভিন্ন অঞ্চলে সরকারি উন্নয়ন বিনিয়োগের বড় কর্মযজ্ঞ শুরু হওয়ার সুযোগ তৈরি হবে।

Walton
Walton