ছবি সংগৃহীত
ঘন কুয়াশার কারণে দুই ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে আবারও ফেরি চলাচল শুরু হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) সকাল ৮টার দিকে কুয়াশার ঘনত্ব কমে এলে ফেরি চলাচল স্বাভাবিক করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।
ফেরি চলাচল বন্ধ থাকায় পাটুরিয়া ও দৌলতদিয়া-দুই ঘাটেই আটকা পড়েছিল ফেরি ও যানবাহন। চলাচল পুনরায় শুরু হওয়ায় মাঝনদীতে আটকে থাকা ফেরিগুলো গন্তব্যের উদ্দেশে যাত্রা করেছে। ঘাটে অপেক্ষমাণ যানবাহনও সিরিয়াল অনুযায়ী পারাপার করা হচ্ছে।
এর আগে দুর্ঘটনার আশঙ্কায় সকাল ৬টা থেকে এই নৌপথে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। ঘন কুয়াশায় নৌপথের মার্কিং বাতি দেখা যাচ্ছিল না। এ সময় মাঝনদীতে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নামের একটি ফেরি আটকা পড়ে।
বিআইডব্লিউটিসির মহাব্যবস্থাপক আব্দুস সালাম জানান, যাত্রী ও যানবাহনের নিরাপত্তার কথা বিবেচনা করেই সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। কুয়াশার ঘনত্ব কমে দৃশ্যমানতা স্বাভাবিক হওয়ায় সকাল ৮টার দিকে আবার ফেরি চলাচলের অনুমতি দেওয়া হয়।




