Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

অগ্রাহায়ণ ৫ ১৪৩৩, শুক্রবার ২০ নভেম্বর ২০২৬

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের নিয়ন্ত্রণ নিয়ে ক্ষমতার লড়াই

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১০:২৯, ২০ নভেম্বর ২০২৬

প্রিন্ট:

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের নিয়ন্ত্রণ নিয়ে ক্ষমতার লড়াই

উত্তর তেহরানে অবস্থিত ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা আইআরআইবি (IRIB)-এর সদর দপ্তর ছবি সংগৃহীত

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিংয়ের (আইআরআইবি) প্রধান পেইমান জেবেল্লির মেয়াদ শেষ হয়েছে প্রায় দুই মাস আগে। কিন্তু তাঁকে পদে রাখা হবে, নাকি নতুন কাউকে দায়িত্ব দেওয়া হবে, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানায়নি দেশটির নেতৃত্ব। বিষয়টি ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা বাড়ছে। ইরানের সবচেয়ে প্রভাবশালী প্রতিষ্ঠানগুলোর একটির নিয়ন্ত্রণ কার হাতে থাকবে, তা নিয়ে ক্ষমতাসীন শিবিরের ভেতরে টানাপোড়েন চলছে বলে ধারণা করা হচ্ছে।

২০২১ সালের সেপ্টেম্বরে পাঁচ বছরের জন্য আইআরআইবির প্রধান হিসেবে দায়িত্ব নেন জেবেল্লি। গত ২৯ সেপ্টেম্বর তাঁর মেয়াদ শেষ হয়। দায়িত্ব পালনকালে দর্শক হারানো, সম্প্রচারে রাজনৈতিক ভারসাম্যের অভাব এবং কট্টরপন্থী পায়দারি ফ্রন্টের ঘনিষ্ঠ ব্যক্তিদের প্রভাব বিস্তারের অভিযোগে সমালোচনার মুখে পড়েন তিনি।

জেবেল্লির উত্তরসূরি নিয়োগের এখতিয়ার সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির হাতে। তাঁর সিদ্ধান্ত থেকে বোঝা যেতে পারে, সাঈদ জালিলির ঘনিষ্ঠ কট্টরপন্থীদের প্রভাব কমানোর পথে হাঁটবে ইরানের নেতৃত্ব, নাকি বিদ্যমান আধিপত্যই বজায় রাখবে। সংবিধান অনুযায়ী, দেশের অভ্যন্তরীণ বেতার ও টেলিভিশন সম্প্রচারে একচ্ছত্র অধিকার রয়েছে আইআরআইবির।

নিজেকে 'ছায়া সরকার' ধারণার প্রবক্তা হিসেবে তুলে ধরা সাঈদ জালিলি দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রভাবশালী সদস্য। তাঁর ভাই ভাহিদ জালিলি আইআরআইবির উপপ্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। সংস্থাটির অনুষ্ঠান ও সম্প্রচার কার্যক্রমের বড় একটি অংশের তদারকিও তাঁর হাতে।

২০২১ সালের পর আইআরআইবির বিভিন্ন চ্যানেলে গুরুত্বপূর্ণ পদে নিয়োগ পেয়েছেন জালিলির মতাদর্শের অনুসারী আরও কয়েকজন। এতে সম্প্রচার সংস্থাটির ওপর ওই গোষ্ঠীর নিয়ন্ত্রণ আরও জোরালো হয়েছে।

ইরানের রাজনৈতিক এজেন্ডা নির্ধারণ, ক্ষমতাসীনদের বক্তব্য প্রচার এবং সংকটের সময় জনমত নিয়ন্ত্রণে আইআরআইবি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। সর্বোচ্চ নেতার দপ্তরও জনগণের কাছে নিজেদের অবস্থান তুলে ধরতে এই মাধ্যমের ওপর নির্ভর করে। সংস্থাটির শীর্ষ নেতৃত্বের হাতে রয়েছে নিয়োগের বিশাল ক্ষমতা। ব্যবস্থাপনা, সম্পাদকীয় বিভাগ ও অনুষ্ঠান প্রযোজনাসহ বিভিন্ন পর্যায়ে হাজার হাজার পদে নিয়োগ দেওয়ার সুযোগ রয়েছে তাদের।

আইআরআইবির প্রধান যেভাবে নিয়োগ পান
ইরানের মন্ত্রী কিংবা রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানের নির্বাহীদের মতো আইআরআইবির প্রধান নিয়োগের দায়িত্ব সংসদ, সরকার বা সংস্থাটির তদারকি পরিষদের হাতে নেই।

ইরানের সংবিধানের ১৭৫ অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থার প্রধান সরাসরি নিয়োগ দেন সর্বোচ্চ নেতা।

ছয় সদস্যের একটি তদারকি পরিষদ আইআরআইবির কার্যক্রম পর্যবেক্ষণ করে। নির্বাহী, আইন ও বিচার বিভাগের প্রতিনিধিদের নিয়ে গঠিত এই পরিষদের দায়িত্ব সংস্থাটির ওপর নজরদারি করা। তবে প্রধান নির্বাহী নিয়োগের ক্ষমতা তাদের নেই। দৈনন্দিন ব্যবস্থাপনাতেও তাদের প্রভাব সীমিত।

বাস্তবে নিয়োগের আগে রাজনৈতিক, নিরাপত্তা ও সাংস্কৃতিক অঙ্গনের প্রভাবশালী ব্যক্তিদের মধ্যে অনানুষ্ঠানিক আলোচনা চলে। সম্ভাব্য প্রার্থীদের বিষয়ে খোঁজখবর নেয় সর্বোচ্চ নেতার দপ্তর। অন্যদিকে বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠী গণমাধ্যমে খবর ফাঁস এবং নিজেদের প্রভাবশালী যোগাযোগ কাজে লাগিয়ে পছন্দের প্রার্থীর পক্ষে তৎপরতা চালায়।

সবশেষে সর্বোচ্চ নেতা একটি ডিক্রি জারি করেন। তাতে নতুন প্রধান নিয়োগ অথবা বর্তমান প্রধানের মেয়াদ বাড়ানোর ঘোষণা থাকে।

নিয়োগের সিদ্ধান্ত আটকে আছে কেন
২০২৫-২৬ সালের সংকটের পর ইরানের রাজনৈতিক সমীকরণে যে পরিবর্তন এসেছে, তাতে আইআরআইবির নতুন প্রধান নিয়োগের বিষয়টি আগের চেয়ে অনেক বেশি তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে।

অক্টোবরের মাঝামাঝি সময়ে অনানুষ্ঠানিক সূত্রের বরাত দিয়ে ইরানের সংবাদমাধ্যম 'জমহুরি-এ-ইসলামি' জানায়, জেবেল্লিকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত ইতিমধ্যে নেওয়া হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত হিসেবে কয়েকজনের নামও বিবেচনায় রয়েছে। তবে প্রতিবেদন প্রকাশের পরও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

এর পেছনে রাজনৈতিক গোষ্ঠীগুলোর মতবিরোধ থাকতে পারে। জেবেল্লিকে আবার নিয়োগ দিলে তাঁর নেতৃত্বের সমালোচকরা অসন্তুষ্ট হবেন। অন্যদিকে তাঁকে সরিয়ে দিলে ক্ষুব্ধ হতে পারেন জালিলির অনুসারীরা। দুই পক্ষের চাপ সামলে সিদ্ধান্তে পৌঁছানো কঠিন হয়ে পড়েছে বলে ধারণা করা হচ্ছে।

মোজতবা খামেনির অধীনে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা নিয়েও অনিশ্চয়তা রয়েছে। সর্বোচ্চ নেতার দায়িত্ব নেওয়ার আট মাসের বেশি সময় পেরিয়ে গেলেও তিনি এখন পর্যন্ত প্রকাশ্যে আসেননি। তাঁর কোনো অডিও বা ভিডিও রেকর্ডিংও সত্যতা যাচাইয়ের মাধ্যমে প্রকাশ করা হয়নি। এই পরিস্থিতি নিয়োগে বিলম্বের পেছনে ভূমিকা রাখছে কি না, তা অবশ্য নিশ্চিত নয়।

সাবেক সর্বোচ্চ নেতা আলি খামেনির আমলেও গুরুত্বপূর্ণ পদে নিয়োগ নিয়ে দীর্ঘসূত্রতা দেখা গেছে। তবে সাম্প্রতিক কয়েকটি সিদ্ধান্তের সঙ্গে বর্তমান পরিস্থিতির পার্থক্য চোখে পড়ার মতো। গত জুনে বিচার বিভাগের প্রধান গোলামহোসেইন মোহসেনি-এজেইর মেয়াদ শেষ হওয়ার মাত্র তিন দিন পর তাঁকে আবারও নিয়োগ দেন মোজতবা খামেনি।

ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়েও একই ধরনের অনিশ্চয়তা চলছে। সাবেক গোয়েন্দামন্ত্রী ইসমাইল খতিবের মৃত্যুর পর আট মাসের বেশি সময় পার হলেও মন্ত্রণালয়টির নেতৃত্ব নিয়ে স্থায়ী সমাধান হয়নি।

আইআরআইবির প্রধান নিয়োগ নিয়ে দীর্ঘ নীরবতা তাই নতুন সর্বোচ্চ নেতার ক্ষমতা প্রয়োগের ধরন সম্পর্কে প্রশ্ন তুলছে। রাজনৈতিক নেতৃত্বের অভ্যন্তরীণ বিরোধ মেটাতে তিনি কতটা সক্ষম, কিংবা কতটা আগ্রহী, সেটিও এখন আলোচনায়।

নতুন নিয়োগে কী বার্তা মিলতে পারে
জেবেল্লির আমলে আইআরআইবি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বিরোধিতাকারী কট্টরপন্থীদের শক্ত ঘাঁটিতে পরিণত হয়। ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক উন্নয়নের পক্ষে থাকা অপেক্ষাকৃত বাস্তববাদী রাজনৈতিক উদ্যোগগুলোকে দুর্বল করতে কয়েক বছর ধরে এই সম্প্রচারমাধ্যমকে ব্যবহার করেছে সমঝোতাবিরোধী গোষ্ঠী।

এ কারণে নতুন প্রধান নিয়োগের মধ্য দিয়ে যুদ্ধ-পরবর্তী ইরানে সংঘাতের পক্ষে থাকা শক্তি এবং কূটনীতির সমর্থকদের মধ্যে ক্ষমতার ভারসাম্য সম্পর্কে ধারণা পাওয়া যেতে পারে। যুক্তরাষ্ট্রের সঙ্গে ভবিষ্যৎ আলোচনার বিষয়ে নতুন নেতৃত্বের অবস্থানও এই নিয়োগে প্রতিফলিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

অন্য কয়েকটি বিষয়ও সিদ্ধান্তটিকে গুরুত্বপূর্ণ করে তুলেছে। আইআরআইবির দর্শকসংখ্যা উল্লেখযোগ্য হারে কমেছে। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের প্রশাসনের সঙ্গেও সংস্থাটির সম্পর্ক ভালো যাচ্ছে না।

প্রেসিডেন্ট পেজেশকিয়ানসহ সরকারের একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তা আইআরআইবির সংবাদ ও অনুষ্ঠান প্রচারের বিভিন্ন দিক নিয়ে প্রকাশ্যে সমালোচনা করেছেন। সমালোচকদের অভিযোগ, জাতীয় সম্প্রচারমাধ্যম হিসেবে সবার প্রতিনিধিত্ব করার বদলে সংস্থাটি ক্রমেই নির্দিষ্ট কয়েকটি মতাদর্শিক গোষ্ঠীর প্রচারের প্ল্যাটফর্মে পরিণত হচ্ছে।

ইরানের বিভিন্ন সংবাদমাধ্যমে সম্ভাব্য উত্তরসূরিদের কয়েকজনের নাম এসেছে। তবে এসব আলোচনা এখনো অনুমাননির্ভর। মোজতবা খামেনির রাজনৈতিক দৃষ্টিভঙ্গি সম্পর্কে পর্যাপ্ত তথ্য না থাকায় তাঁর সিদ্ধান্ত কী হতে পারে, তা আগাম বলা কঠিন।

সম্ভাব্য তিনটি পরিস্থিতি
আইআরআইবির ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে মূলত তিনটি সম্ভাবনা সামনে রয়েছে।

প্রথমত, জেবেল্লিকে আবারও দায়িত্ব দেওয়া হতে পারে। এমন সিদ্ধান্তের অর্থ হবে, সমালোচনা বাড়লেও বর্তমান নেতৃত্বের কাজকর্ম নিয়ে ক্ষমতাসীন মহলের বড় অংশ সন্তুষ্ট। সংস্থাটির বিদ্যমান নীতিগত অবস্থানও বহাল থাকবে।

দ্বিতীয়ত, জালিলির ঘনিষ্ঠ কাউকে নতুন প্রধান করা হতে পারে। আইআরআইবির বর্তমান জ্যেষ্ঠ কর্মকর্তাদের মধ্য থেকে কাউকে বেছে নেওয়া হলে ২০২১ সাল থেকে শুরু হওয়া মতাদর্শিক পরিবর্তনের ধারাবাহিকতা বজায় থাকবে। এতে সংস্থাটির ওপর কট্টরপন্থী গোষ্ঠীর নিয়ন্ত্রণ আরও শক্ত হওয়ার ইঙ্গিত মিলবে।

তৃতীয়ত, সমঝোতার ভিত্তিতে তুলনামূলক প্রাতিষ্ঠানিক ভাবমূর্তির কাউকে দায়িত্ব দেওয়া হতে পারে। সাবেক উপপ্রধান আলি দারাবির নাম এ ক্ষেত্রে আলোচনায় আসতে পারে। তিনি বাস্তববাদী রক্ষণশীল হিসেবে পরিচিত। তাঁর মতো অভিজ্ঞ প্রশাসক অথবা অন্য কোনো জ্যেষ্ঠ কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হলে আইআরআইবির গ্রহণযোগ্যতা বাড়ানো, রাজনৈতিক গোষ্ঠীগুলোর মধ্যে বিরোধ কমানো এবং দর্শক হারানোর প্রবণতা ঠেকানোর চেষ্টা হিসেবে দেখা যেতে পারে।

এ ধরনের নিয়োগকে অবশ্য উদারীকরণের পদক্ষেপ বলা যাবে না। বরং প্রশাসনিক ও ব্যবস্থাপনাগত পরিবর্তনের ইঙ্গিত হিসেবেই একে বিবেচনা করতে হবে।

শেষ পর্যন্ত লড়াইটা শুধু কে আইআরআইবির প্রধান হবেন, তা নিয়ে নয়। আসল প্রশ্ন, কোন রাজনৈতিক গোষ্ঠী সংস্থাটির নিয়ন্ত্রণ পাবে। ইরানের সবচেয়ে প্রভাবশালী অভ্যন্তরীণ গণমাধ্যমের কর্তৃত্ব নিয়ে এই নিয়োগ এখন ক্ষমতাসীনদের মধ্যকার বৃহত্তর রাজনৈতিক দ্বন্দ্বের প্রতিফলন।

নতুন প্রধানের নাম ঘোষণার পরও কয়েকটি নিয়োগের দিকে নজর রাখা প্রয়োজন। বিশেষ করে উপপ্রধানদের পদ, রাজনৈতিক ও সাংস্কৃতিক বিভাগের দায়িত্ব এবং গুরুত্বপূর্ণ টেলিভিশন চ্যানেল ওয়ান ও থ্রির প্রধান নিয়োগের মধ্য দিয়ে সংস্থাটির ভবিষ্যৎ সম্পাদকীয় অবস্থান সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া যেতে পারে। সংবাদ নেটওয়ার্ক আইআরআইএনএনের নেতৃত্বও এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ।

অতীত অভিজ্ঞতা বলছে, আইআরআইবির কৌশলগত অবস্থান কোন দিকে যাচ্ছে, তা বুঝতে অনেক সময় প্রধান নির্বাহীর নিয়োগের চেয়ে তাঁর অধীন গুরুত্বপূর্ণ পদগুলোতে কারা আসছেন, সেটিই বেশি কার্যকর সূত্র হয়ে ওঠে।
সূত্র: ইরান ইন্টারন্যাশনাল

Walton
Walton