ছবি সংগৃহীত
রোহিঙ্গাদের ওপর ২০১৭ সালে চালানো সামরিক অভিযানে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে করা মামলার রায় আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ঘোষণা করবে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত আদালতের এই রায়ের দিকে তাকিয়ে আছে আন্তর্জাতিক সম্প্রদায়। রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্যও দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, মামলাটিতে প্রথমবারের মতো আন্তর্জাতিক বিচার আদালত নির্ধারণ করতে যাচ্ছে, রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের দায় মিয়ানমার রাষ্ট্রের ওপর বর্তায় কি না।
আদালতের নির্ধারিত সূচি অনুযায়ী, স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ১০টায় রায় ঘোষণা শুরু হওয়ার কথা। বাংলাদেশের সময় অনুযায়ী তা বিকেল ৩টা।
২০১৭ সালের আগস্ট ও সেপ্টেম্বরে মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর ব্যাপক সামরিক অভিযান চালায় দেশটির সেনাবাহিনী। ওই অভিযানে হত্যা, ধর্ষণ, নির্যাতন ও বাড়িঘরে অগ্নিসংযোগের অভিযোগ ওঠে। প্রাণ বাঁচাতে কয়েক লাখ রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নেন। জাতিসংঘের অনুসন্ধানী দল ও বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার প্রতিবেদনে এসব ঘটনার বিস্তারিত উঠে এসেছে।
মামলার মূল প্রশ্ন হলো, রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত অপরাধগুলো ১৯৪৮ সালের গণহত্যা সনদের আওতায় গণহত্যা হিসেবে বিবেচিত হবে কি না এবং এসব অপরাধের জন্য মিয়ানমার রাষ্ট্রকে আন্তর্জাতিক আইনে দায়ী করা যায় কি না।
২০১৯ সালের ১১ নভেম্বর পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সমর্থনে মিয়ানমারের বিরুদ্ধে আইসিজেতে মামলাটি করে। গাম্বিয়ার অভিযোগ, রোহিঙ্গাদের বিরুদ্ধে পরিচালিত সামরিক অভিযান ও সংশ্লিষ্ট কর্মকাণ্ডের মাধ্যমে মিয়ানমার ১৯৪৮ সালের গণহত্যা সনদ লঙ্ঘন করেছে।
আন্তর্জাতিক আইনে মামলাটির বিশেষ তাৎপর্য রয়েছে। গণহত্যা সনদের আওতায় কোনো দেশ সরাসরি ক্ষতিগ্রস্ত না হলেও সনদ লঙ্ঘনের অভিযোগে অন্য রাষ্ট্রের বিরুদ্ধে মামলা করতে পারে। গাম্বিয়ার মামলার এখতিয়ার নিয়ে শুরুতে আপত্তি তুলেছিল মিয়ানমার। তবে ২০২২ সালের ২২ জুলাই আইসিজে সেই আপত্তি খারিজ করে জানায়, মামলাটি বিচার করার এখতিয়ার আদালতের রয়েছে।
মিয়ানমার বরাবরই গণহত্যার অভিযোগ অস্বীকার করে আসছে। দেশটির বক্তব্য, রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর হামলার জবাব দিতে নিরাপত্তা অভিযান চালানো হয়েছিল। তবে জাতিসংঘের ২০১৮ সালের এক অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়, রাখাইনে সেনাবাহিনীর অভিযান প্রকৃত নিরাপত্তা হুমকির তুলনায় অনেক বেশি মাত্রার ছিল। প্রতিবেদনে মিয়ানমারের শীর্ষ সামরিক কর্মকর্তাদের বিরুদ্ধে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের তদন্তের সুপারিশও করা হয়।
মামলার প্রাথমিক পর্যায়ে মিয়ানমারের পক্ষে আইনি লড়াইয়ে নেতৃত্ব দিয়েছিলেন দেশটির তৎকালীন বেসামরিক সরকারের প্রধান অং সান সু চি। ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে তাঁর সরকারের পতনের পর মিয়ানমারের পক্ষে নতুন আইনজীবী দল মামলাটি পরিচালনা করছে।
গণহত্যার অভিযোগ প্রমাণ করা আন্তর্জাতিক আইনে বেশ কঠিন। শুধু হত্যা, ধর্ষণ কিংবা নির্যাতনের ঘটনা প্রমাণ করলেই হয় না। সংশ্লিষ্ট জনগোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস করার সুনির্দিষ্ট উদ্দেশ্য ছিল, সেটিও প্রতিষ্ঠা করতে হয়।
গাম্বিয়ার আইনজীবীরা আদালতে যুক্তি দিয়েছেন, রোহিঙ্গাদের বিরুদ্ধে দীর্ঘদিনের বৈষম্য, নাগরিকত্বের অধিকার থেকে বঞ্চিত করা এবং শিক্ষা, স্বাস্থ্যসেবা, জীবিকা ও চলাচলের ওপর কঠোর বিধিনিষেধ আরোপের বিষয়গুলো গণহত্যার উদ্দেশ্য প্রমাণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ।
গাম্বিয়ার পক্ষে রায় এলে আন্তর্জাতিক আইনে তা নতুন নজির তৈরি করতে পারে। আইসিজের রায় চূড়ান্ত; এর বিরুদ্ধে আপিলের সুযোগ নেই। তবে আদালত কোনো ব্যক্তির বিরুদ্ধে ফৌজদারি সাজা দিতে পারে না। এই মামলায় বিচার হচ্ছে মিয়ানমার রাষ্ট্রের আন্তর্জাতিক আইনি দায়ের।
রোহিঙ্গাদের কাছেও রায়ের গুরুত্ব অনেক। কানাডায় বসবাসরত রোহিঙ্গা অধিকারকর্মী মোহাম্মদ নওকিমের মতে, দীর্ঘদিনের নির্যাতন ও দুর্ভোগের আন্তর্জাতিক স্বীকৃতির অপেক্ষায় রয়েছেন রোহিঙ্গারা।
বর্তমানে বাংলাদেশের কক্সবাজারের বিভিন্ন শরণার্থী শিবিরে ১০ লাখের বেশি রোহিঙ্গা বসবাস করছেন। তাঁদের নিজ দেশে ফেরার পথ এখনো অনিশ্চিত। রাখাইন রাজ্যের বড় অংশ আরাকান আর্মির নিয়ন্ত্রণে থাকায় পরিস্থিতি আরও জটিল হয়েছে। সেখানে চলমান সংঘাত, রোহিঙ্গাদের প্রতি স্থানীয় জনগোষ্ঠীর বিরূপ মনোভাব এবং ধ্বংস হয়ে যাওয়া বসতিগুলো প্রত্যাবাসনের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।
বিশ্লেষকদের মতে, আইসিজের রায় রোহিঙ্গাদের ন্যায়বিচারের প্রশ্নে নতুন দিকনির্দেশনা দিতে পারে। তবে শুধু আদালতের সিদ্ধান্তে সংকটের সমাধান হবে না। রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর উদ্যোগও প্রয়োজন।




