ছবি সংগৃহীত
রাজধানীর কাঁঠালবাগানে ১০ তলা একটি আবাসিক ভবনে আগুনের ঘটনায় অন্তত পাঁচজন দগ্ধ হয়েছেন। তাঁদের মধ্যে তিনজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৮টা ২০ মিনিটের দিকে এলাকার কাঞ্চন টাওয়ারের চতুর্থ তলায় এ অগ্নিকাণ্ড ঘটে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস লিকেজের কারণে আগুনের সূত্রপাত হয়েছে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, অগ্নিকাণ্ডের খবর পেয়ে সকাল ৮টা ৩১ মিনিটে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় ১৪ মিনিটের চেষ্টায় সকাল ৮টা ৪৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই দগ্ধ তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের রেসিডেন্ট সার্জন (ইমার্জেন্সি) ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, অগ্নিকাণ্ডে দগ্ধ পাঁচজন চিকিৎসার জন্য ইনস্টিটিউটে এসেছেন। তাঁদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।
দগ্ধ ব্যক্তিদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে।




