ছবি সংগৃহীত
ইরানের আঞ্চলিক প্রভাব ও দেশটির মদদপুষ্ট সশস্ত্র গোষ্ঠীগুলোর অর্থায়ন বন্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এবার লেবাননে হিজবুল্লাহর সঙ্গে সংশ্লিষ্ট একটি দাতব্য সংস্থা, এর প্রতিষ্ঠাতা এবং আরও কয়েকজন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে ওয়াশিংটন।
বুধবার (১৮ নভেম্বর) যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় জানায়, নতুন নিষেধাজ্ঞার আওতায় লেবাননভিত্তিক তিন ব্যক্তি ও তিনটি প্রতিষ্ঠান রয়েছে। ইরানের মদদপুষ্ট আঞ্চলিক নেটওয়ার্কগুলোর অর্থের জোগান বন্ধে বৃহত্তর মার্কিন উদ্যোগের অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
মার্কিন অর্থ মন্ত্রণালয়ের বৈদেশিক সম্পদ নিয়ন্ত্রণ দপ্তর (ওএফএসি) হিজবুল্লাহ-সংশ্লিষ্ট দাতব্য সংস্থা ‘তা’আওয়ানু অ্যাসোসিয়েশন’, এর প্রতিষ্ঠাতা এবং লেবাননের দুই ভাই হাসান ও ইব্রাহিম খেচেনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে। ওয়াশিংটনের অভিযোগ, স্বর্ণ ও নগদ অর্থ পাচারের একটি নেটওয়ার্কের মাধ্যমে এই দুই ভাই হিজবুল্লাহকে সহায়তা করেছেন।
যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এক বিবৃতিতে বলেন, হিজবুল্লাহর মতো সন্ত্রাসী গোষ্ঠীকে ব্যবহার করে লেবাননের সার্বভৌমত্ব ক্ষুণ্ন করার ইরানি প্রচেষ্টা মেনে নেওয়া হবে না। আঞ্চলিক প্রভাব বিস্তার এবং মদদপুষ্ট গোষ্ঠীগুলোর অর্থায়নে তেহরানের তৎপরতা ঠেকাতে যুক্তরাষ্ট্র ব্যবস্থা অব্যাহত রাখবে।
দাতব্য সংস্থার আড়ালে অর্থায়নের অভিযোগ
মার্কিন অর্থ মন্ত্রণালয়ের দাবি, ‘ওয়া তা’আওয়ানু’ নামের লেবাননভিত্তিক সংস্থাটি দক্ষিণ লেবাননে জরুরি ত্রাণ ও সহায়তা কার্যক্রম পরিচালনা করে। তবে মানবিক সহায়তার আড়ালে বিদেশি দাতাদের কাছ থেকে পাওয়া অর্থের একটি অংশ হিজবুল্লাহর কর্মকাণ্ডে ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ করেছে ওয়াশিংটন।
সংস্থাটির প্রতিষ্ঠাতা আফিফ আবদেল রিদা চৌমানের বিরুদ্ধেও নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্তৃপক্ষের ভাষ্য, তিনি সংস্থাটির প্রতিষ্ঠার পাশাপাশি এর কার্যক্রম সমন্বয়ের দায়িত্বে ছিলেন।
অর্থ মন্ত্রণালয় বলছে, বেসামরিক দাতব্য প্রতিষ্ঠানকে কাজে লাগিয়ে হিজবুল্লাহ নিজেদের মানবিক সহায়তাদানকারী হিসেবে তুলে ধরার চেষ্টা করছে। একই সঙ্গে এসব প্রতিষ্ঠানের মাধ্যমে গোষ্ঠীটির অবৈধ অর্থায়নের কার্যক্রমও চলছে।
স্বর্ণ ও অর্থ পাচারের নেটওয়ার্কে নিষেধাজ্ঞা
নতুন নিষেধাজ্ঞার তালিকায় রয়েছেন লেবাননের ব্যবসায়ী ও অর্থ বিনিময়কারী হাসান খেচেন এবং তাঁর ভাই ইব্রাহিম খেচেন।
মার্কিন কর্তৃপক্ষের অভিযোগ, তাঁরা দীর্ঘদিন ধরে হিজবুল্লাহর পক্ষে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) কুদস ফোর্স থেকে বিপুল পরিমাণ অর্থ লেবাননে স্থানান্তর করেছেন।
হাসান খেচেনের মালিকানাধীন প্রতিষ্ঠান গোল্ড গ্লোবাল কোম্পানিকেও নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে। একই সঙ্গে তুরস্কভিত্তিক প্রতিষ্ঠান সানকারি গোল্ড কুয়ুমজুলুক তিজারেত লিমিটেড সিরকেতির বিরুদ্ধেও ব্যবস্থা নিয়েছে ওয়াশিংটন। মার্কিন অভিযোগ, প্রতিষ্ঠান দুটির মাধ্যমে হিজবুল্লাহকে সহায়তা করা হয়েছে।
নিষেধাজ্ঞার আওতায় আসা ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
ইরানের বন্দর অবরোধ এড়ানোর চেষ্টা নিয়েও সতর্কতা
নতুন নিষেধাজ্ঞা ঘোষণার কয়েক ঘণ্টা আগে মার্কিন সামরিক বাহিনী সমুদ্রপথে পণ্য পরিবহন নিয়ে একটি সতর্কবার্তা প্রকাশ করে। এতে বলা হয়, ইরানে পণ্য বোঝাই করা কোনো জাহাজ থেকে সমুদ্রে অন্য জাহাজ পণ্য গ্রহণ করলে সেটিকে ইরানের বন্দর অবরোধ এড়ানোর প্রচেষ্টা হিসেবে বিবেচনা করা হতে পারে। এ ধরনের জাহাজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে যুক্তরাষ্ট্র।
এর আগে গত সপ্তাহে জি-৭ জোটের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইরানের ওপর কঠোর অর্থনৈতিক চাপ অব্যাহত রাখার কথা জানান। জি-৭-এর চার কূটনীতিকের বরাতে রয়টার্স জানায়, রুবিও বলেছেন, যুদ্ধ কিংবা ইরানের অগ্রহণযোগ্য শর্ত মেনে নেওয়ার বাইরে যুক্তরাষ্ট্রের হাতে আরও বিকল্প রয়েছে। এসব বিকল্পের মাধ্যমে তেহরানের ওপর ভয়াবহ অর্থনৈতিক চাপ সৃষ্টি করা সম্ভব।
নতুন নিষেধাজ্ঞা ও সমুদ্রপথে বাণিজ্য নিয়ন্ত্রণের পদক্ষেপে ইরানের ওপর মার্কিন চাপ আরও বাড়ল। বিশেষ করে হিজবুল্লাহর অর্থায়নের উৎস বন্ধ করতে লেবানন ও তুরস্কভিত্তিক ব্যক্তি এবং ব্যবসাপ্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করেছে ওয়াশিংটন।
সূত্র: আরব নিউজ




