প্রধানমন্ত্রী তারেক রহমান ছবি সংগৃহীত
এক দিনের সরকারি সফরে লালমনিরহাট পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১০টার দিকে হেলিকপ্টারে করে তিনি লালমনিরহাটে পৌঁছান। এর আগে সকাল সাড়ে ৮টায় নিজ বাসভবন থেকে তেজগাঁও বিমানবন্দরের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। সকাল ৯টার দিকে হেলিকপ্টারে লালমনিরহাটের উদ্দেশে যাত্রা করেন তিনি।
সফরের শুরুতে লালমনিরহাট এয়ারফিল্ডে পৌঁছে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ আয়োজিত প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এ সময় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসও পরিদর্শন করবেন তিনি।
এরপর লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগরে পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন তারেক রহমান। সেখানে স্থানীয় উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি।
পরবর্তী কর্মসূচিতে লালমনিরহাট সার্কিট হাউসে কিছু সময় বিরতি নেবেন প্রধানমন্ত্রী। পরে জেলা কালেক্টরেট মাঠে আয়োজিত ‘আলোকিত লালমনিরহাট’ শীর্ষক অনুষ্ঠানে অংশ নেবেন।
শিক্ষা, প্রযুক্তি ও স্থানীয় উন্নয়নকে কেন্দ্র করে সাজানো এসব কর্মসূচিতে অংশ নেওয়ার পর সন্ধ্যায় হেলিকপ্টারে ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
প্রধানমন্ত্রীর এই সফর ঘিরে জেলার বিভিন্ন পর্যায়ে কর্মসূচি বাস্তবায়নের প্রস্তুতি নেওয়া হয়েছে।




