Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

অগ্রাহায়ণ ৩ ১৪৩৩, বৃহস্পতিবার ১৯ নভেম্বর ২০২৬

সাত জেলায় আ.লীগের সাবেক মন্ত্রী-এমপিদের বাড়িতে অগ্নিসংযোগ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০০:৪৭, ১৯ নভেম্বর ২০২৬

প্রিন্ট:

সাত জেলায় আ.লীগের সাবেক মন্ত্রী-এমপিদের বাড়িতে অগ্নিসংযোগ

ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে থানায় হামলা এবং বিএনপি নেতার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনার জের ধরে দেশের অন্তত সাতটি জেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও স্থানীয় নেতাদের বাড়িতে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার রাত থেকে বুধবার রাত পর্যন্ত পিরোজপুর, কুমিল্লা, সিরাজগঞ্জ, নারায়ণগঞ্জ, পটুয়াখালী, চাঁদপুর ও গাজীপুরে এসব হামলার ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ এবং আসামি ছিনিয়ে নেওয়ার পর গোপালগঞ্জ-৩ আসনের বিএনপি সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে আগুন দেওয়া হয়। এই ঘটনার প্রতিবাদে এবং আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার জেরে বিভিন্ন জেলায় বিক্ষোভ ও পাল্টা অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

বুধবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে ৭টার মধ্যে পিরোজপুরের নাজিরপুর উপজেলায় সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী ব্যারিস্টার শ ম রেজাউল করিমের দুটি বাড়িতে আগুন দেওয়া হয়। স্থানীয়রা জানান, ৫০ থেকে ৬০ জনের একটি দল প্রথমে মাটিভাঙ্গা ইউনিয়নের তারাবুনিয়া গ্রামে তাঁর পৈতৃক বাড়ির দুটি টিনশেড ঘরে আগুন ধরিয়ে দেয়। এর আধা ঘণ্টা পর উপজেলা সদরের নাজিরপুর-গোপালগঞ্জ সড়কের পাশে অবস্থিত তাঁর তিনতলা ভবনেও ভাঙচুর চালিয়ে আগুন দেওয়া হয়। ঘটনার সময় বাড়িগুলোতে কেউ না থাকায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। টেলিফোনে শ ম রেজাউল করিম অভিযোগ করেন, হামলাকারীরা তাঁর বাড়ির মালামাল লুটপাট করেছে।

এর আগে বুধবার ভোররাত ১টার দিকে কুমিল্লা নগরের মুন্সেফবাড়ি এলাকায় সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের বাসভবন ও নিচতলার ব্যক্তিগত কার্যালয়ে পেট্রোল ঢেলে আগুন দেওয়া হয়। একই রাতে নগরের রামঘাট এলাকায় কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যালয়েও অগ্নিসংযোগ করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, গোপালগঞ্জে থানায় হামলা ও বিএনপি সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে আগুনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করে একদল যুবক এ ঘটনা ঘটায়।

সিরাজগঞ্জে বুধবার বিকেলে জেলা আওয়ামী লীগের কার্যালয় হাতুড়ি দিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের পর সন্ধ্যায় সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ডা. হাবিবে মিল্লাত মুন্নার এস এস রোডের বাসভবনে আগুন দেওয়া হয়। এছাড়া বুধবার রাতে নারায়ণগঞ্জের ফতুল্লার জামতলায় সাবেক সংসদ সদস্য এ কে এম শামীম ওসমানের পরিত্যক্ত বাড়িতে এবং রাত ১০টার দিকে পটুয়াখালী শহরের দক্ষিণ সবুজবাগ এতিমখানা রোডে জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর হোসেনের বাসভবনে আগুন দেয় দুর্বৃত্তরা। পটুয়াখালীতে জেলা শ্রমিক লীগের জ্যেষ্ঠ সহসভাপতি খলিলুর রহমানের বাড়িতেও হামলা ও ভাঙচুর চালানো হয়েছে। পাশাপাশি চাঁদপুরে সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির পরিত্যক্ত বাড়িতেও অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে।

এর আগে মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে গাজীপুর নগরের দক্ষিণ ছায়াবীথি এলাকায় সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের একটি পুরনো টিনশেড বাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা। স্থানীয়রা জানান, একদল লোক বাড়ির ভাড়াটিয়াদের বের করে দিয়ে আগুন ধরিয়ে দিলে পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট তা নিয়ন্ত্রণে আনে।

চলমান সহিংসতা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বিদেশে অবস্থানরত আওয়ামী লীগ নেতাদের উসকানিকে দায়ী করেছেন এবং নাশকতায় জড়িত প্রত্যেককে আইনের আওতায় আনার হুঁশিয়ারি দিয়েছেন। সংশ্লিষ্ট জেলাগুলোর পুলিশ প্রশাসন জানিয়েছে, অগ্নিসংযোগের ঘটনাগুলো তদন্ত করা হচ্ছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সতর্কতা বাড়ানো হয়েছে।

Walton
Walton