Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

অগ্রাহায়ণ ৩ ১৪৩৩, বুধবার ১৮ নভেম্বর ২০২৬

গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:১১, ১৮ নভেম্বর ২০২৬

প্রিন্ট:

গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

ছবি সংগৃহীত

ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে গাজীপুরে পোশাকশ্রমিকদের আন্দোলন নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে। বুধবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ছয়দানা ও হারিকেন এলাকায় অবস্থান নিয়ে অবরোধ করেন কয়েকটি কারখানার শ্রমিকেরা। তাঁদের সরাতে কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। শ্রমিক অসন্তোষের জেরে মহানগরীর ১০টি কারখানায় বুধবার ছুটি ঘোষণা করা হয়েছে। অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে আরও ৩৯টি কারখানা।

বুধবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে মহানগরীর ছয়দানা এলাকায় কলম্বিয়া গার্মেন্টসের সামনে শ্রমিকদের বিক্ষোভ শুরু হয়। ন্যূনতম মজুরি বাড়ানোসহ বিভিন্ন দাবিতে কয়েকটি পোশাক কারখানার কর্মীরা এই কর্মসূচিতে অংশ নেন।

একপর্যায়ে বিক্ষোভকারীরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিলে উভয় পাশের যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে মহাসড়কের বিভিন্ন অংশে দীর্ঘ যানজট তৈরি হয়। আটকে পড়েন কর্মস্থলগামী মানুষসহ বিভিন্ন গন্তব্যের যাত্রীরা।

খবর পেয়ে শিল্প পুলিশ, থানা-পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। পুলিশ সদস্যরা শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরানোর চেষ্টা করেন। কিন্তু অবরোধ অব্যাহত থাকায় সকাল সোয়া ৯টার দিকে কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাঁদের ছত্রভঙ্গ করার চেষ্টা চালানো হয়।

এরপর শ্রমিকদের একটি অংশ আবার হারিকেন এলাকায় অবস্থান নেন। ফলে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি এবং মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়।

কয়েক দিন ধরেই চলছে মজুরি আন্দোলন

শিল্প পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ন্যূনতম মজুরি বাড়ানোর দাবিতে কয়েক দিন ধরে গাজীপুরের বিভিন্ন এলাকার পোশাক কারখানায় অসন্তোষ চলছে। মঙ্গলবার কোনাবাড়ী, জরুন, ছয়দানা, ভোগড়া, চান্দনা চৌরাস্তা এবং শ্রীপুর উপজেলার কয়েকটি স্থানে শ্রমিকেরা বিক্ষোভ করেন।

সেই আন্দোলনের ধারাবাহিকতায় বুধবার সকালেও ছয়দানা ও হারিকেন এলাকায় সড়কে নামেন তাঁরা। মহানগরীর কোনাবাড়ী এলাকায় দুটি পোশাক কারখানার কর্মীরাও বিক্ষোভ করেন। তবে সেখানে তাঁরা মহাসড়কে অবস্থান নেননি।

১০ কারখানায় ছুটি, ৩৯টি অনির্দিষ্টকালের জন্য বন্ধ

শ্রমিক অসন্তোষের প্রভাব পড়েছে শিল্পকারখানার উৎপাদনেও। পরিস্থিতি বিবেচনায় বুধবারের জন্য ১০টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। পাশাপাশি ৩৯টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসাইন জানান, শ্রমিক আন্দোলনের কারণে বুধবার সকালে ১০টি কারখানায় ছুটি দেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।

মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিকদের আন্দোলন, মহাসড়ক অবরোধ এবং কারখানা বন্ধের ঘটনায় গাজীপুরের শিল্পাঞ্চলে অস্থিরতা তৈরি হয়েছে। শ্রমিকদের দাবির বিষয়ে সমাধান না আসা পর্যন্ত পরিস্থিতি কোন দিকে যায়, সেদিকে নজর রাখছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

Walton
Walton