Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

অগ্রাহায়ণ ৩ ১৪৩৩, বুধবার ১৮ নভেম্বর ২০২৬

দুই সপ্তাহ পরই আসছে ‘পঞ্চায়েত ৫’

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৬:০২, ১৮ নভেম্বর ২০২৬

প্রিন্ট:

দুই সপ্তাহ পরই আসছে ‘পঞ্চায়েত ৫’

দুই সপ্তাহ পরই আসছে ‘পঞ্চায়েত ৫’

উপমহাদেশের জনপ্রিয় সিরিজগুলোর মধ্যে ‘পঞ্চায়েত’ প্রথম দিকের। দীপক কুমার মিশ্রর এই কমেডি সিরিজ বাংলাদেশেও বিপুল জনপ্রিয়। ইতোপূর্বে এর চারটি সিজন মুক্তি পেয়েছে, হয়েছে সফল। সেই সাফল্যের ধারাবাহিকতায় এবার আসছে সিরিজটির পঞ্চম সিজন।

কবে আসছে নতুন সিরিজ? দোলাচল কাটিয়ে আনুষ্ঠানিক ঘোষণাই এবার এসে গেল। মাত্র দুই সপ্তাহ পর, অর্থাৎ ৩ ডিসেম্বর অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাবে ‘পঞ্চায়েত ৫’। আজ বুধবার (১৮ নভেম্বর) ঘোষণাটি দিয়েছেন নির্মাতারা।

অফিসিয়াল পোস্টার প্রকাশের সঙ্গে ক্যাপশন দেওয়া হয়েছে এরকম, ‘কিছু লড়াই, কিছু প্রেম থাকবে, আর ফুলেরা গ্রাম আপনাদের অপেক্ষায় থাকবে।’

প্রসঙ্গত, আগের সিজনের শেষটা হয়েছিল ফুলেরা গ্রামের পঞ্চায়েত নির্বাচন দিয়ে। সেখানে জয় পেয়ে গল্পের মোড় ঘুরিয়ে দিয়েছে ভূষণ কুমার (বনরাকাস) ও তার স্ত্রী ক্রান্তি দেবী। ফলে নতুন সিজনে তাদের আলাদা দাপট দেখা যাবে। তাদের সঙ্গে পঞ্চায়েত সচিব অভিষেক ত্রিপাঠির দ্বন্দ্ব ও টানাপোড়েন উঠে আসবে পর্দায়। এছাড়া অভিষেক ও রিঙ্কির প্রেমের গল্পও এবার বেশ খানিকটা এগোবে বলে শোনা যাচ্ছে।

বরাবরের মতোই ‘পঞ্চায়েত’-এর প্রধান চরিত্রগুলোতে থাকছেন জিতেন্দ্র কুমার, রঘুবীর যাদব, নীনা গুপ্তা, ফয়সাল মালিক, চন্দন রায়, সানভিকা, দুর্গেশ কুমার, অশোক পাঠক, সুনিতা রাজওয়ার প্রমুখ। প্রযোজনায় দ্য ভাইরাল ফিভার।
 

Walton
Walton