Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

অগ্রাহায়ণ ৩ ১৪৩৩, বুধবার ১৮ নভেম্বর ২০২৬

শ্রমিকদের বিক্ষোভ: দেশের শিল্পাঞ্চল এলাকাগুলোতে থমথমে পরিস্থিতি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:১৯, ১৮ নভেম্বর ২০২৬

প্রিন্ট:

শ্রমিকদের বিক্ষোভ: দেশের শিল্পাঞ্চল এলাকাগুলোতে থমথমে পরিস্থিতি

শ্রমিকদের বিক্ষোভ: দেশের শিল্পাঞ্চল এলাকাগুলোতে থমথমে পরিস্থিতি

নূন্যতম মজুরি বৃদ্ধির দাবিতে আজও মাঠে নেমেছে পোশাক শ্রমিকরা। এ পরিস্থিতিতে শহরের মিরপুর, গাজীপুর, সাভারসহ কয়েকটি স্থানে অস্থির অবস্থা বিরাজ করছে। সকাল থেকেই এসব এলাকায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ পরিস্থিতিতে স্বাভাবিক যান চলাচল ব্যাহত হয়েছে। এতে বিপাকে পড়েছে সাধারন মানুষ।

আজ বুধবার (১৮ নভেম্বর) দুপুর পৌনে একটায় সরেজমিনে দেখা যায়, মিরপুর-১২ নম্বরের ট্রাফিক পুলিশ বক্সটির বিভিন্ন অংশ ভাঙচুর করা হয়েছে। বিশেষ করে বক্সটির জানালার কাচ ভেঙে ফেলা হয়েছে। পরে পরিস্থিতি সামাল দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরে সেখানে অবস্থান নেন।

এর আগে, বেলা পৌনে ১২টার দিকে মিরপুর ১১ নম্বর এলাকায় পোশাক শ্রমিকদেও সাথে পুলিশের এ সংঘর্ষ শুরু হয়। শ্রমিকদের সড়কে অবস্থানকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এ সময় শ্রমিকরাও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন।

সরেজমিনে দেখা গেছে, সংঘর্ষের একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে মিরপুর ১১ নম্বর, ১২ নম্বর ও পল্লবী এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। সংঘর্ষের কারণে এসব এলাকায় যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ফলে ওই সড়কগুলোতে চলাচলকারী যাত্রী ও সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েছেন।

এদিকে, গাজীপুরের শিল্পাঞ্চলে শ্রমিক বিক্ষোভকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে। বিক্ষোভ-ভাঙচুরের আশঙ্কা ও বড় ধরনের বিশৃঙ্খলা এড়াতে গাজীপুরে ৪০টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। 

এদিন, গাজীপুর মহানগরীর মালেকের বাড়ি ও বোর্ডবাজার এলাকায় কয়েকটি কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে সড়কে অবস্থান নেন। এতে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এগিয়ে গেলে শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে তাদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। এ সময় পুলিশের একটি পাজেরো গাড়িতে আগুন দেন শ্রমিকরা। পরে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে। এ ঘটনায় পুরো শিল্পাঞ্চলে থমথমে পরিস্থিতি সৃষ্টি হয়।

অন্যদিকে, মজুরি বৃদ্ধির দাবিতে ঢাকার সাভারে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টিয়ারশেল নিক্ষেপ করেছে।

এছাড়া, পোশাক শ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে ঢাকার সাভার ও আশুলিয়ার ২০ থেকে ২৫টি কারখানায় উৎপাদন কার্যক্রম বন্ধ রয়েছে। বুধবার (১৮ নভেম্বর) ১৩টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এর মধ্যে কয়েকটি কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে হাজিরা কার্ড পাঞ্চ করে বেরিয়ে গেছেন। অন্যদিকে, ১১টি কারখানার শ্রমিকেরা কাজ বন্ধ রেখে ভেতরেই অবস্থান করছেন।

প্রসঙ্গত, ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, বকেয়া বেতন পরিশোধ, শ্রমিক ছাঁটাই বন্ধ, কর্মক্ষেত্রে হয়রানি বন্ধসহ বিভিন্ন দাবিতে গত কয়েক দিন ধরে মিরপুর, সাভার, আশুলিয়া ও গাজীপুরসহ বিভিন্ন শিল্পাঞ্চলে পোশাকশ্রমিকদের বিক্ষোভ চলছে। শ্রমিকদের আন্দোলন ঘিরে কয়েকটি এলাকায় সড়ক অবরোধ, কারখানায় উৎপাদন বন্ধ এবং পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনাও ঘটেছে। পরিস্থিতি সামাল দিতে গত ১ নভেম্বর সরকার ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করে। তবে বোর্ড গঠনের পরও বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিকদের বিক্ষোভ অব্যাহত রয়েছে।
 

Walton
Walton