Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

অগ্রাহায়ণ ৩ ১৪৩৩, বুধবার ১৮ নভেম্বর ২০২৬

লকডাউন ঘিরে উত্তাল গোপালগঞ্জ: থমথমে পুরো শহর

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৩৪, ১৮ নভেম্বর ২০২৬

প্রিন্ট:

লকডাউন ঘিরে উত্তাল গোপালগঞ্জ: থমথমে পুরো শহর

লকডাউন ঘিরে উত্তাল গোপালগঞ্জ: থমথমে পুরো শহর

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৯ নভেম্বরের ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জে উত্তাল পরিস্থিতি বিরাজ করছে। এতে থমথমে হয়ে পড়েছে শহরটি।

আজ বুধবার (১৮ নভেম্বর) গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া অন্তত সাত স্থানে পোড়া গাড়ি, গাছের গুঁড়ি, খুঁটি ও বাঁশ ফেলে সড়ক অবরোধ করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা। এ অবরোধে বন্ধ হয়ে গেছে যান চলাচল। এছাড়া, বিভিন্ন স্থানে মাইকে বাজানো হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ।

তথ্য অনুযায়ী, এদিন ভোর থেকে গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের নীলফাবাজার মোড়, রামচন্দ্রপুর (রওশনপুর), সিঙ্গিপাড়া, মল্লিকের মাঠ, নতুন বাজার, পাটগাতী বাসস্ট্যান্ড ও চৌরঙ্গী মোড়ে অবরোধের এই চিত্র দেখা যায়।

এদিকে, শহরের চৌরঙ্গী এলাকা ও নীলফাবাজার মোড়ে মাইকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ বাজানো হচ্ছে। সকাল থেকেই এ ভাষণ বাজানো হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

এদিকে, অবরোধ ঘিরে গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃশ্যমান তৎপরতা চোখে পড়েনি। যদিও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলায় ২১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

অন্যদিকে, সকাল থেকেই গোপালগঞ্জের কাশিয়ানীতে বিক্ষোভ, ভাঙচুর ও সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল, উপজেলা বিএনপির কার্যালয় ও গ্রামীণ ব্যাংকে ভাঙচুর এবং ঢাকা-খুলনা মহাসড়কে অবরোধ করেন। এ সময় অতিরিক্ত দায়িত্বে থাকা কাশিয়ানী থানার এক পুলিশ পরিদর্শক গুরুতর আহত হন।

এছাড়া ঘোনাপাড়া এলাকার গ্রামীণ ব্যাংক ও বিএনপির একটি ইউনিয়ন কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটে। ঢাকা-খুলনা মহাসড়কের বিভিন্ন স্থানে গাছ ফেলে ও আগুন জ্বালিয়ে অবরোধ করেন বিক্ষোভকারীরা। এতে ওই এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এ ঘটনায় অতিরিক্ত মোতায়েন করা কাশিয়ানী থানার এক পুলিশ পরিদর্শক গুরুতর আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

এর আগে, গতকাল মঙ্গলবার (১৭ নভেম্বর) ইতিমধ্যে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় থানা ভবনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের একাধিক গাড়ি ও মোটরসাইকেল এবং বিজিবির গাড়ি ও সাঁজোয়া যানেও আগুন দেওয়া হয়। এছাড়া গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িসহ আশপাশের অন্তত ২০টি বাড়িতে অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে।

Walton
Walton