ছবি সংগৃহীত
সন্ধ্যা নামলেই বাড়ছে শীতের দাপট। রাতভর ঘন কুয়াশা আর উত্তরের হিমেল হাওয়ায় কাবু হয়ে পড়ছেন পঞ্চগড়ের মানুষ। কয়েক দিনের ব্যবধানে তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমে এসেছে ১২ ডিগ্রির ঘরে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৬টায় সেখানে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। চলতি মৌসুমে এটাই জেলার সর্বনিম্ন তাপমাত্রা।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের হিসাবে, বৃহস্পতিবার সকাল ৬টায় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৯৮ শতাংশ। আগের দিন বুধবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এক দিনের ব্যবধানে পারদ নেমেছে ৩ দশমিক ২ ডিগ্রি।
আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। সোমবার তা ছিল ১৮ দশমিক ৫ ডিগ্রি, রোববার ১৬ দশমিক ৪ ডিগ্রি, শনিবার ১৫ দশমিক ৮ ডিগ্রি এবং শুক্রবার ১৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে, বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
দিনের চিত্র অবশ্য রাতের তুলনায় আলাদা। সকালে সূর্য ওঠার পর রোদের তেজে কিছুটা স্বস্তি মিলছে। কিন্তু সন্ধ্যা নামতেই বদলে যাচ্ছে আবহাওয়া। রাত ও ভোরে ঠান্ডার তীব্রতা বাড়ছে। স্থানীয় বাসিন্দারা বলছেন, রাতে লেপ-কম্বল ছাড়া থাকা কঠিন হয়ে পড়ছে।
হাফিজাবাদ এলাকার কৃষক মোবারক হোসেন জানান, নিজের বাগানের সবজি নিয়ে আড়তে যাওয়ার সময় বৃহস্পতিবার সকালে হঠাৎ করেই বেশি শীত অনুভব করেছেন তিনি। তাঁর ভাষায়, দিনের বেলায় গরম লাগে, ঘরে ফ্যানও চালাতে হয়। অথচ সন্ধ্যার পর থেকেই ঠান্ডা বাড়তে থাকে। রাতে লেপ-কম্বল ছাড়া থাকা যায় না।
পঞ্চগড় স্টেডিয়াম মার্কেটে পিঠা বিক্রি করেন কমলা বেগম। তিনি বলেন, বৃহস্পতিবার ভোরে ঠান্ডা বেশি থাকায় তাঁর পিঠার বিক্রি ভালো হয়েছে।
স্থানীয় বাসিন্দা গনি মিঞা জানান, কয়েক দিন আগেও রাতে এমন ঠান্ডা ছিল না। এখন ভোরে বাইরে বের হলেই শীত অনুভূত হচ্ছে। আবহাওয়ার এই পরিবর্তনে শিশু ও বয়স্কদের নিয়ে বাড়তি সতর্ক থাকতে হচ্ছে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, আগামী কয়েক দিনে তাপমাত্রা ধীরে ধীরে আরও কমতে পারে। ডিসেম্বর মাসে পঞ্চগড় জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
জেলা প্রশাসক মোছা. শুকরিয়া পারভিন বলেন, শীতার্ত মানুষের সুরক্ষায় প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। শীতবস্ত্র ও আর্থিক সহায়তা চেয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে বার্তা পাঠানো হয়েছে।




