Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

অগ্রাহায়ণ ৪ ১৪৩৩, বৃহস্পতিবার ১৯ নভেম্বর ২০২৬

উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:২১, ১৯ নভেম্বর ২০২৬

প্রিন্ট:

উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার

সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ছবি সংগৃহীত

রাজধানীর উত্তরার একটি বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী ও সিলেট-৬ আসনের সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ২টা ২০ মিনিটের দিকে উত্তরার ৩ নম্বর সেক্টরের ২ নম্বর সড়কের একটি বাসায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালেদ মনসুর গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই বাসায় অভিযান চালানো হয়। গ্রেপ্তারের সময় নুরুল ইসলাম নাহিদ পরিবারের সদস্যদের সঙ্গে সেখানে অবস্থান করছিলেন।

পুলিশের ভাষ্য অনুযায়ী, সাবেক এই মন্ত্রীর বিরুদ্ধে হত্যা, হামলা ও ভাঙচুরের অভিযোগে একাধিক মামলা রয়েছে। তবে কোন মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হবে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে পুলিশ।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, আওয়ামী লীগ সরকারের পতনের পর সিলেটের বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ থানায় নুরুল ইসলাম নাহিদের বিরুদ্ধে একাধিক হত্যা মামলা হয়েছে। এর মধ্যে বিয়ানীবাজার থানায় দুটি এবং গোলাপগঞ্জ থানায় তিনটি মামলা রয়েছে।

মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্টের সংঘর্ষে নিহত ময়নুল ইসলামের স্ত্রী শিরিন বেগম এবং রায়হান উদ্দিনের ভাই বোরহান উদ্দিন পৃথক দুটি হত্যা মামলা করেন। বিয়ানীবাজার থানা পুলিশ মামলা দুটির তথ্য নিশ্চিত করেছে।

অন্যদিকে, গোলাপগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিতে নিহত ঢাকা দক্ষিণ ইউনিয়নের নিশ্চিন্ত গ্রামের নাজমুল ইসলামের (২৪) স্ত্রী খাদিজা মাহিরুল একটি হত্যা মামলা করেন। ওই মামলায় নুরুল ইসলাম নাহিদকে প্রধান আসামি করা হয়েছে। স্থানীয় আওয়ামী লীগের ১১৯ জন নেতাকর্মীসহ অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ১১০ জনকেও আসামি করা হয়েছে।

এ ছাড়া গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ ইউনিয়নের দত্তরাইল গ্রামের নিহত মিনহাজের (২৩) বড় ভাই সাঈদ আলম এবং ঘোষগাঁও গ্রামের গৌছ উদ্দিনের মৃত্যুর ঘটনায় তাঁর ভাতিজা রেজাউল করিম পৃথক দুটি হত্যা মামলা করেন। এসব মামলাতেও নুরুল ইসলাম নাহিদকে প্রধান আসামি করা হয়েছে।

নুরুল ইসলাম নাহিদ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য। তিনি সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য। ২০০৮ সালের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ সরকার গঠন করলে তাঁকে শিক্ষামন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়। টানা ১০ বছর তিনি এ দায়িত্বে ছিলেন।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারের পর নুরুল ইসলাম নাহিদকে থানায় নেওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Walton
Walton