Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

অগ্রাহায়ণ ৫ ১৪৩৩, শুক্রবার ২০ নভেম্বর ২০২৬

উপকূলে ধেয়ে আসছে আকভান, ১০ জেলায় ঝড়ের শঙ্কা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:০২, ২০ নভেম্বর ২০২৬

প্রিন্ট:

উপকূলে ধেয়ে আসছে আকভান, ১০ জেলায় ঝড়ের শঙ্কা

ছবি সংগৃহীত

বঙ্গোপসাগরে অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’ শক্তি হারিয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হলেও উপকূলীয় অঞ্চলে আবহাওয়ার ঝুঁকি কাটেনি। সাগর উত্তাল থাকায় দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত বহাল রাখা হয়েছে। একই সঙ্গে দেশের ১০ জেলায় ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার (২০ নভেম্বর) সকালে আবহাওয়া অধিদপ্তরের ২১ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হওয়ার সময় দুর্বল হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নেয় ‘আকভান’। বর্তমানে এটি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে।

সকাল ৬টার পর্যবেক্ষণ অনুযায়ী, ঘূর্ণিঝড়টির কেন্দ্র ছিল ১৮.৪ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮৪.৮ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে। ওই সময় চট্টগ্রাম বন্দর থেকে ৮৮৫ কিলোমিটার, কক্সবাজার থেকে ৮৬৫ কিলোমিটার, মোংলা থেকে ৭০০ কিলোমিটার এবং পায়রা বন্দর থেকে ৭৩০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল এটি।

আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড়টি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে এগিয়ে শুক্রবার সকাল ৯টা থেকে ১১টার মধ্যে ভারতের উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূল অতিক্রম করতে পারে।

ঘূর্ণিঝড়ের কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার। দমকা অথবা ঝোড়ো হাওয়ার সময় তা ঘণ্টায় ৮৮ কিলোমিটার পর্যন্ত পৌঁছাচ্ছে। কেন্দ্রের কাছাকাছি সাগর অত্যন্ত উত্তাল রয়েছে।

এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে গভীর সঞ্চালনশীল মেঘমালার সৃষ্টি অব্যাহত রয়েছে। সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন উপকূলীয় অঞ্চলে দমকা হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

এ পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সাগরের পাশাপাশি দেশের অভ্যন্তরীণ আবহাওয়াতেও দুর্যোগপূর্ণ পরিস্থিতির আশঙ্কা রয়েছে। শুক্রবার দুপুর ১টা পর্যন্ত নদীবন্দরগুলোর জন্য দেওয়া পৃথক সতর্কবার্তায় ১০ জেলায় ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

জেলাগুলো হলো-ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার। এসব অঞ্চলের ওপর দিয়ে পূর্ব অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

ঝোড়ো হাওয়ার পাশাপাশি বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এ কারণে সংশ্লিষ্ট জেলার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

ঘূর্ণিঝড় ‘আকভান’ দুর্বল হলেও সমুদ্র ও উপকূলীয় অঞ্চলে এর প্রভাব পুরোপুরি কেটে যায়নি। বিশেষ করে সাগরে থাকা মাছ ধরার নৌযানগুলোর জন্য নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশনাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ সতর্কবার্তা।

Walton
Walton