Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

অগ্রাহায়ণ ৫ ১৪৩৩, শুক্রবার ২০ নভেম্বর ২০২৬

গণহত্যার দায়ে মিয়ানমার অভিযুক্ত, প্রত্যাবাসনের স্বপ্ন রোহিঙ্গাদের

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৯:৫৩, ২০ নভেম্বর ২০২৬

প্রিন্ট:

গণহত্যার দায়ে মিয়ানমার অভিযুক্ত, প্রত্যাবাসনের স্বপ্ন রোহিঙ্গাদের

ছবি সংগৃহীত

একটি রায়, আর তাতেই ফিরে এলো সাত বছর আগের রক্তাক্ত স্মৃতি। কক্সবাজারের আশ্রয়শিবিরে বড় পর্দায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) সিদ্ধান্ত দেখার সময় অনেক রোহিঙ্গার চোখ ভিজে ওঠে। মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার দায় প্রতিষ্ঠিত হওয়ার রায়কে তারা দেখছেন দীর্ঘদিনের বঞ্চনা ও বিচারহীনতার বিরুদ্ধে এক ঐতিহাসিক অগ্রগতি হিসেবে। এখন তাদের একটাই প্রত্যাশা-এই সিদ্ধান্তের কার্যকর বাস্তবায়ন এবং নিরাপদে নিজ ভূমিতে ফিরে যাওয়ার অধিকার।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আইসিজের রায় সরাসরি সম্প্রচার করা হয় কক্সবাজারের বিভিন্ন রোহিঙ্গা আশ্রয়শিবিরে। শত শত মানুষ একসঙ্গে বড় পর্দায় আদালতের কার্যক্রম দেখেন। রায়ের মুহূর্তে অনেকের মনে ভেসে ওঠে হারিয়ে যাওয়া স্বজন, পুড়ে যাওয়া বসতভিটা আর রাখাইনে ফেলে আসা জীবনের স্মৃতি।

২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনীর দমন-পীড়ন ও সহিংসতা থেকে বাঁচতে বাংলাদেশে পালিয়ে আসেন লাখ লাখ রোহিঙ্গা। উখিয়া ও টেকনাফের আশ্রয়শিবিরগুলোতে শুরু হয় তাদের অনিশ্চিত জীবন। আশ্রয় মিললেও স্বজন হত্যার বিচার কিংবা জন্মভূমিতে নিরাপদে ফেরার আকাঙ্ক্ষা কখনো মুছে যায়নি।

সেই বিচারপ্রত্যাশার আন্তর্জাতিক রূপ নেয় ২০১৯ সালে। রোহিঙ্গাদের ওপর গণহত্যার অভিযোগে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে মামলা করে। নেদারল্যান্ডসের হেগে বৃহস্পতিবার সেই মামলার রায় ঘোষণা করেন আদালত।

৯-৬ ভোটে দেওয়া সিদ্ধান্তে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যার দায়ে মিয়ানমারকে দায়ী করা হয়। গণহত্যা প্রতিরোধ এবং অপরাধীদের বিচারের আওতায় আনার বাধ্যবাধকতা পালনে দেশটির ব্যর্থতার বিষয়টিও উঠে আসে রায়ে।

জামতলী আশ্রয়শিবিরের বাসিন্দা আলী আকবরের কাছে আদালতের এই সিদ্ধান্ত কেবল আইনি স্বীকৃতি নয়, বরং এক ভয়াবহ অতীতের স্মারক। ২০১৭ সালে রাখাইনে সেনাবাহিনীর দমন-পীড়নের সময় প্রতিবেশীদের চোখের সামনে হত্যা হতে দেখেছেন তিনি।

প্রাণ বাঁচাতে বাংলাদেশে আশ্রয় নেওয়ার পর থেকেই স্বজন হত্যার বিচার এবং নিজের মাটিতে ফেরার অপেক্ষায় দিন কাটছে তার। আইসিজের রায় দেখতে গিয়ে সেই হারানো মানুষগুলোর স্মৃতি নতুন করে তাড়া করেছে আলী আকবরকে। কান্নায় ভেঙে পড়ে তিনি বলেন, দীর্ঘদিন পর ন্যায়বিচারের পথে এমন অগ্রগতি দেখলেও স্বজনদের হারানোর বেদনা ভুলে থাকা সম্ভব নয়।

একই আশ্রয়শিবিরের আরেক বাসিন্দা মোহাম্মদ ইউসুফের কাছে দিনটি ছিল বিশ্ববাসীর সামনে রোহিঙ্গাদের দীর্ঘদিনের অভিযোগ তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। শত শত মানুষের সঙ্গে বড় পর্দায় রায় দেখার অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, শুধু আদালতের সিদ্ধান্ত শুনলেই হবে না, তার বাস্তব প্রতিফলনও দেখতে চান তারা।

ইউসুফের প্রত্যাশা, আন্তর্জাতিক সম্প্রদায় মিয়ানমার সরকারের ওপর চাপ অব্যাহত রাখবে। রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বানও জানান তিনি।

রোহিঙ্গা নেতা সৈয়দ উল্লাহর বক্তব্যেও উঠে এসেছে একই দাবি। তার মতে, দীর্ঘ প্রতীক্ষার পর আইসিজের সিদ্ধান্ত ন্যায়বিচার প্রতিষ্ঠার পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি তৈরি করেছে। কিন্তু কাগজে-কলমে রায় থাকলেই মানুষের জীবনে তার সুফল পৌঁছাবে না।

তিনি চান, আন্তর্জাতিক সম্প্রদায় মিয়ানমারের ওপর চাপ বাড়াক, যাতে রোহিঙ্গাদের স্বদেশে ফেরার পথ নিশ্চিত হয়। প্রত্যাবাসনের প্রশ্নে আর কোনো অজুহাত কিংবা দীর্ঘসূত্রতা মেনে নিতে রাজি নন তারা। সৈয়দ উল্লাহর আশা, এই সিদ্ধান্ত রাখাইনে ফেরার পথ আরও সুগম করবে।

কক্সবাজারে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মোহাম্মদ মিজানুর রহমানের মূল্যায়নেও রায়ের তাৎপর্য উঠে এসেছে। তার মতে, রোহিঙ্গাদের পরিচয় ও অধিকার প্রতিষ্ঠায় আইসিজের সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মিয়ানমার দীর্ঘদিন ধরে রোহিঙ্গাদের বহিরাগত হিসেবে উপস্থাপনের যে বয়ান দিয়ে আসছে, আদালতের এই রায় তার বিপরীতে আন্তর্জাতিক ভিত্তি তৈরি করেছে বলে মনে করেন তিনি। একই সঙ্গে তার প্রত্যাশা, সিদ্ধান্তটি রোহিঙ্গাদের প্রত্যাবাসনের পথ তৈরিতেও ইতিবাচক ভূমিকা রাখবে।

রায়ের দিন আশ্রয়শিবিরে যে আবেগের বিস্ফোরণ ঘটেছে, তার পেছনে রয়েছে বছরের পর বছর ধরে জমে থাকা ক্ষোভ, শোক ও অপেক্ষা। বিচার পাওয়ার স্বীকৃতি এসেছে, কিন্তু ঘরে ফেরার নিশ্চয়তা এখনো তাদের কাছে অধরা।

রোহিঙ্গাদের কাছে তাই এই রায়ের গুরুত্ব শেষ পর্যন্ত আদালতের কাঠগড়ায় সীমাবদ্ধ নয়। তারা দেখতে চান, আন্তর্জাতিক বিচারিক সিদ্ধান্ত বাস্তবে কতটা কার্যকর হয়, আর কত দিনে ফিরে যেতে পারেন ফেলে আসা জন্মভূমিতে।

Walton
Walton