Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

অগ্রাহায়ণ ৫ ১৪৩৩, শুক্রবার ২০ নভেম্বর ২০২৬

পূর্ব লেবাননে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র স্থাপনায় ইসরায়েলের হামলা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:০৮, ২০ নভেম্বর ২০২৬

প্রিন্ট:

পূর্ব লেবাননে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র স্থাপনায় ইসরায়েলের হামলা

ছবি সংগৃহীত

লেবাননের পূর্বাঞ্চলে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র উৎপাদন ও অস্ত্র সংরক্ষণের কাজে আগে ব্যবহৃত একটি স্থাপনায় বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। চলতি সপ্তাহে একই অঞ্চলে এটি দ্বিতীয় হামলার ঘটনা।

ইসরায়েলি সামরিক বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, লেবাননের বেকা অঞ্চলের জানতা এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই হামলা চালানো হয়। স্থাপনাটি অতীতে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র উৎপাদন ও অস্ত্র মজুতের কাজে ব্যবহৃত হতো।

বিবৃতিতে আরও বলা হয়, যুদ্ধের সময়ও ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) ওই স্থাপনায় একাধিকবার হামলা চালিয়েছিল। সম্প্রতি সেখানে হিজবুল্লাহর সদস্যদের উপস্থিতি শনাক্ত করেন ইসরায়েলি সেনারা। স্থাপনাটি পুনরায় চালু করা ঠেকাতে এবার এর প্রবেশপথগুলো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

অন্যদিকে, লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) জানিয়েছে, পূর্ব লেবাননে পাঁচটি বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বিমানবাহিনী।

এর আগে সোমবার একই অঞ্চলে হামলা চালিয়েছিল ইসরায়েল। তখন ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করে, সিরিয়া থেকে লেবাননে হিজবুল্লাহর জন্য পাঠানো অস্ত্রের একটি চালান লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

বৃহস্পতিবারের বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, হিজবুল্লাহকে সামরিক সক্ষমতা পুনর্গঠনের সুযোগ দেওয়া হবে না। ইসরায়েলি বেসামরিক নাগরিক ও সেনাদের নিরাপত্তার জন্য সংগঠনটির তৎপরতা ঠেকাতে অভিযান অব্যাহত থাকবে।

২০২৩ সাল থেকে ইসরায়েলের সঙ্গে পরপর দুটি যুদ্ধে হিজবুল্লাহ সামরিকভাবে দুর্বল হয়ে পড়েছে। সর্বশেষ চলতি বছরের মার্চে মধ্যপ্রাচ্যের সংঘাতে লেবাননকে জড়িয়ে ফেলে সংগঠনটি। সে সময় ইসরায়েলকে লক্ষ্য করে রকেট হামলা চালায় হিজবুল্লাহ। জবাবে লেবাননে বিমান হামলা শুরু করে ইসরায়েল এবং একপর্যায়ে স্থল অভিযানও চালায়।

তবে সামরিক সক্ষমতা হারানোর দাবি মানতে নারাজ হিজবুল্লাহর নেতারা। সংগঠনটির আইনপ্রণেতারা বলছেন, তারা আবারও সামরিক শক্তি পুনর্গঠনের কাজ চালিয়ে যাচ্ছেন।

বৃহত্তর আঞ্চলিক সংঘাত নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা এবং ওয়াশিংটনের মধ্যস্থতায় ইসরায়েল-লেবানন কাঠামোগত চুক্তির পর গত জুন থেকে লেবাননে সংঘাতের তীব্রতা কমেছে।

ওই কাঠামোগত সমঝোতায় হিজবুল্লাহর নিরস্ত্রীকরণ, দক্ষিণ লেবানন থেকে ধাপে ধাপে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং ওই এলাকায় লেবাননের সেনাবাহিনী মোতায়েনের বিষয় রয়েছে।

তবে চুক্তি বাস্তবায়নের অগ্রগতি থমকে আছে। অস্ত্র সমর্পণে রাজি হয়নি হিজবুল্লাহ।

এদিকে দক্ষিণ লেবাননে এখনো বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সামরিক বাহিনী। সীমান্তবর্তী ওই এলাকায় প্রায় ১০ কিলোমিটার গভীর একটি অঞ্চলকে নিজেদের ঘোষিত 'নিরাপত্তা অঞ্চল' হিসেবে বিবেচনা করছে ইসরায়েল। সেখানে দেশটির সেনারা অবস্থান করছে।
সূত্র: আরব নিউজ

Walton
Walton