Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

অগ্রাহায়ণ ৫ ১৪৩৩, শুক্রবার ২০ নভেম্বর ২০২৬

রূপপুর পারমাণবিক কেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়ামের সপ্তম চালান

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:৩৬, ২০ নভেম্বর ২০২৬

প্রিন্ট:

রূপপুর পারমাণবিক কেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়ামের সপ্তম চালান

ছবি সংগৃহীত

ভোরের আলো ফোটার আগেই পাবনার ঈশ্বরদীতে পৌঁছাল পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের আরেক গুরুত্বপূর্ণ চালান। রাশিয়া থেকে আনা ইউরেনিয়ামের সপ্তম চালান শুক্রবার সকালে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রকল্প এলাকায় প্রবেশ করেছে। তিনটি বিশেষ লরিতে বহন করা এই জ্বালানি ব্যবহার করা হবে কেন্দ্রটির দ্বিতীয় ইউনিটে।

শুক্রবার (২০ নভেম্বর) সকাল ৬টা ২৪ মিনিটের দিকে সেনাবাহিনীর তত্ত্বাবধানে গাড়িবহরটি প্রকল্পের ভেতরে প্রবেশ করে। নাটোর-কুষ্টিয়া-পাবনা মহাসড়ক হয়ে দাশুড়িয়া ট্রাফিক মোড় অতিক্রম করে লরিগুলো গন্তব্যে পৌঁছায়।

এ সময় প্রকল্পে কর্মরত রাশিয়ার নাগরিক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা গাড়িবহরকে স্বাগত জানান। পুরো যাত্রাপথে সেনাবাহিনীর পাশাপাশি পুলিশ, এসআরবি এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করেন।

এর আগে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে ঈশ্বরদীর রূপপুরের উদ্দেশে যাত্রা শুরু করে ইউরেনিয়ামবাহী গাড়িগুলো। বিশেষ নিরাপত্তাবলয়ের মধ্য দিয়ে এগিয়ে আসা বহরটির নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে শুক্রবার সকাল ৬টা ১৫ মিনিট থেকে সাড়ে ৬টা পর্যন্ত পাবনা-নাটোর-কুষ্টিয়া মহাসড়কে ছোট-বড় সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রাখা হয়।

নতুন এই চালান যুক্ত হওয়ার মধ্য দিয়ে রূপপুর প্রকল্পে ইউরেনিয়াম সরবরাহের সংখ্যা দাঁড়াল সাতটিতে। এর মধ্যে প্রথম ইউনিটের জন্য এসেছে অতিরিক্ত জ্বালানির একটি চালান। দ্বিতীয় ইউনিটের জন্য পৌঁছেছে ছয়টি চালান।

রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটমের পূর্বঘোষণা অনুযায়ী, দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি কার্গো বিমানে ১৬৩টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি আনার পরিকল্পনা রয়েছে। প্রথম ইউনিটে পুনরায় জ্বালানি সরবরাহের জন্য আরও দুটি কার্গোতে ৪৮টি অ্যাসেম্বলি আনার কথা রয়েছে। সব মিলিয়ে নয়টি চালানে এসব পারমাণবিক জ্বালানি দেশে পৌঁছানোর পরিকল্পনা রয়েছে।

রাশিয়ার প্রযুক্তিতে নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে রয়েছে ভিভিইআর-১২০০ প্রযুক্তির দুটি ইউনিট। প্রতিটির বিদ্যুৎ উৎপাদনক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াট। পূর্ণ সক্ষমতায় দুটি ইউনিট চালু হলে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ।

প্রকল্পটির প্রথম ইউনিট ইতিমধ্যে পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে। গত ১৭ নভেম্বর জাতীয় গ্রিডে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। ওই দিন বিকেল ৩টা ১৬ মিনিটে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনামের উপস্থিতিতে গ্রিডের সঙ্গে সফলভাবে সিনক্রোনাইজেশন সম্পন্ন হয়।

সেদিন কেন্দ্রটিতে সর্বোচ্চ ৩৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়েছিল। প্রথম ইউনিটের এই অগ্রগতির মধ্যেই দ্বিতীয় ইউনিটের জ্বালানি সরবরাহের কাজও এগিয়ে চলছে।

দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণ এবং দীর্ঘমেয়াদে জ্বালানি নিরাপত্তা জোরদারে রূপপুর প্রকল্পকে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। দুটি ইউনিট পূর্ণাঙ্গভাবে উৎপাদনে গেলে বিদ্যুৎ খাতে যুক্ত হবে বড় সক্ষমতা। সে লক্ষ্যেই জ্বালানি সরবরাহ থেকে শুরু করে কেন্দ্রের বিভিন্ন কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।

Walton
Walton