Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

অগ্রাহায়ণ ৫ ১৪৩৩, শুক্রবার ২০ নভেম্বর ২০২৬

প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে আকভান, উপকূলে ব্যাপক প্রস্তুতি

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:৫৬, ১৯ নভেম্বর ২০২৬

আপডেট: ১১:৪০, ১৯ নভেম্বর ২০২৬

প্রিন্ট:

প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে আকভান, উপকূলে ব্যাপক প্রস্তুতি

ছবি সংগৃহীত

বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’ গতিপথ পরিবর্তন করে উত্তর-উত্তরপশ্চিম দিকে এগোচ্ছে। এর প্রভাবে বাংলাদেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত জারি করা হয়েছে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার সব নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

অন্যদিকে, ঘূর্ণিঝড়টির সম্ভাব্য আঘাত মোকাবিলায় ভারতের উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওডিশা উপকূলে সতর্কতা জারি করা হয়েছে। পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি জোরদার করেছে ওডিশা সরকার।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড়টি উত্তর দিকে অগ্রসর হচ্ছে। এটি আরও উত্তর ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে শুক্রবার (২০ নভেম্বর) দুপুর নাগাদ ভারতের উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওডিশা উপকূল অতিক্রম করতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ঘূর্ণিঝড়টির অবস্থান ছিল ১৩ দশমিক ৯ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮৫ দশমিক ২ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে। গত মধ্যরাতে এটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ১৮০ কিলোমিটার, কক্সবাজার থেকে ১ হাজার ১২৫ কিলোমিটার, মোংলা থেকে ১ হাজার ৭০ কিলোমিটার এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৬০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।

ঘূর্ণিঝড়টির কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৮৯ কিলোমিটার। দমকা বা ঝোড়ো হাওয়ার আকারে তা ঘণ্টায় ১১৭ কিলোমিটার পর্যন্ত বাড়ছে। কেন্দ্রের কাছাকাছি সাগর বেশ উত্তাল রয়েছে।

ঘূর্ণিঝড়ের প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে। এতে সমুদ্রবন্দর ও সংলগ্ন উপকূলীয় এলাকায় দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এ পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

ভারতের উপকূলে আঘাতের আশঙ্কা
ভারতের আবহাওয়া অধিদপ্তরের (আইএমডি) পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড়টি আগামী শুক্রবার (২০ নভেম্বর) দুপুরের মধ্যে মাচিলিপত্তনম ও পুরীর মধ্যবর্তী উপকূল দিয়ে আঘাত হানতে পারে। এ সময় এটি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৯০ থেকে ১০০ কিলোমিটার এবং দমকা হাওয়ার গতিবেগ ঘণ্টায় ১১০ কিলোমিটার পর্যন্ত হতে পারে।

আইএমডির মহাপরিচালক মৃত্যুঞ্জয় মহাপাত্র জানিয়েছেন, অন্ধ্রপ্রদেশের কলিঙ্গপত্তনম থেকে ওডিশার গোপালপুরের মধ্যবর্তী যেকোনো স্থানে ঘূর্ণিঝড়টি উপকূল অতিক্রম করতে পারে। এর প্রভাবে পুরী পর্যন্ত শক্তিশালী বাতাস ও উত্তাল সমুদ্রের পরিস্থিতি তৈরি হতে পারে। আবহাওয়ার কয়েকটি পূর্বাভাস মডেলে ঘূর্ণিঝড়টির গতিপথ আবার পরিবর্তনের সম্ভাবনাও দেখা গেছে।

ওডিশার ১৪ জেলায় লাল সতর্কতা
ঘূর্ণিঝড় ও এর প্রভাবে ভারী বৃষ্টির আশঙ্কায় ওডিশার ১৪টি উপকূলীয় ও আশপাশের জেলায় সতর্কতা জারি করা হয়েছে। জেলাগুলো হলো-গজপতি, গঞ্জাম, পুরী, খুরদা, জগৎসিংহপুর, কেন্দ্রপাড়া, ভদ্রক, বালাসোর, নয়াগড়, কটক, যাজপুর, ঢেঙ্কানাল, কেওনঝড় ও ময়ূরভঞ্জ।

এসব জেলার বেশির ভাগ এলাকায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়ে লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।

পরিস্থিতি মোকাবিলায় দক্ষিণ ও উপকূলীয় ছয়টি জেলার স্কুল ও অঙ্গনওয়াড়ি কেন্দ্র বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। অন্য জেলাগুলোতেও আবহাওয়ার পরিস্থিতি বিবেচনায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নিতে জেলা প্রশাসকদের ক্ষমতা দেওয়া হয়েছে।

এ ছাড়া সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ছুটি ২২ নভেম্বর পর্যন্ত বাতিল করেছে ওডিশা সরকার। জরুরি পরিস্থিতিতে প্রশাসনিক কার্যক্রম সচল রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ঝুঁকিপূর্ণ এলাকার মানুষকে সরানোর নির্দেশ
ঘূর্ণিঝড়ের আশঙ্কায় ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের চিহ্নিত করে দ্রুত নিরাপদ আশ্রয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। বিশেষ করে কাঁচা ঘর, উপকূলীয় ও নিচু এলাকায় বসবাসকারীদের ঘূর্ণিঝড় ও বন্যা আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়ার প্রস্তুতি চলছে।

গত মাসে ঘূর্ণিঝড় ‘আর্নব’-এর পর অতিবৃষ্টিতে সৃষ্ট ভূমিধসে ওডিশায় অন্তত ১০ জনের মৃত্যু হয়েছিল। আগের অভিজ্ঞতা মাথায় রেখে এবার ভারী বৃষ্টির আশঙ্কায় ভূমিধসপ্রবণ এলাকার বাসিন্দাদেরও আগেভাগে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে বাংলাদেশের উত্তর বঙ্গোপসাগরে মাছ ধরার সব নৌকা ও ট্রলারকে নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ বহাল রয়েছে। আবহাওয়া পরিস্থিতির পরবর্তী পরিবর্তনের ওপর নির্ভর করছে সমুদ্রবন্দরগুলোর সতর্কসংকেত এবং উপকূলীয় এলাকার নিরাপত্তাব্যবস্থা।

Walton
Walton