Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

অগ্রাহায়ণ ৫ ১৪৩৩, শুক্রবার ২০ নভেম্বর ২০২৬

সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার গেটে আগুন

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:৩৪, ২০ নভেম্বর ২০২৬

প্রিন্ট:

সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার গেটে আগুন

ছবি সংগৃহীত

সিলেট নগরীতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসার প্রবেশপথের গেটে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে কেরোসিন মেশানো কাপড়ে আগুন লাগিয়ে গেটের সঙ্গে ঝুলিয়ে দেওয়া হয়। শুক্রবার সকালে বিষয়টি সামনে আসার পর আশপাশের নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। এ ঘটনায় কেউ হতাহত হননি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ৩টা থেকে ৪টার মধ্যে নগরীর দাড়িয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। প্রতিমন্ত্রীর বাসার সামনের গলির প্রবেশপথে আগুন লাগানোর পর দুর্বৃত্তরা সেখান থেকে সরে যায়।

সিলেট মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (সিটিএসবি ও গণমাধ্যম) মো. আফজাল হোসেন জানান, একটি কাপড়ে কেরোসিন মিশিয়ে তাতে আগুন ধরিয়ে গেটের সঙ্গে ঝুলিয়ে দেওয়া হয়েছিল।

তিনি জানান, দাড়িয়াপাড়ার ওই গলিতে তিন থেকে চারটি বাসা রয়েছে। সেগুলোর একটি পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে আশপাশের বিভিন্ন স্থানে থাকা ক্লোজড সার্কিট (সিসিটিভি) ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে।

এলাকাটিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারিও বাড়ানো হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

এদিকে সিলেট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. কুতুব উদ্দিন জানিয়েছেন, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত সিলেটে কোনো অগ্নিকাণ্ডের খবর তাদের কাছে পৌঁছায়নি।

ঘটনার পেছনে কারা জড়িত, কী উদ্দেশ্যে এই অগ্নিসংযোগ করা হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

Walton
Walton