Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

অগ্রাহায়ণ ৪ ১৪৩৩, শুক্রবার ২০ নভেম্বর ২০২৬

শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন আইনজীবীর

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০০:১৯, ২০ নভেম্বর ২০২৬

প্রিন্ট:

শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন আইনজীবীর

ছবি: সংগৃহীত

বাতিল হয়ে যাওয়া কূটনৈতিক পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পুনরায় ফিরে পেতে এবার ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজস্ব স্বাক্ষরিত অনুমতিপত্রসহ (ওকালতনামা) নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের দ্বারস্থ হয়েছেন তাঁর আইনজীবীরা। বৃহস্পতিবার রাতে জাতীয় দৈনিক ইত্তেফাকের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। 

খবরে বলা হয়েছে, শেখ হাসিনার পক্ষে লন্ডনের আইনি পরামর্শদাতা সংস্থা ম্যাট্রিক্স চেম্বার্স বৃহস্পতিবার দ্বিতীয় দফায় হাইকমিশনে ই-মেইল পাঠিয়েছে। এই বার্তায় বাতিল হওয়া পাসপোর্ট ও এনআইডি ফিরে পেতে কী কী আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া অনুসরণ করতে হবে, তা জানতে চাওয়া হয়েছে।

এবারের ই-মেইলের সঙ্গে শেখ হাসিনার স্বাক্ষরিত আনুষ্ঠানিক ওকালতনামা যুক্ত করা হয়েছে, যার মাধ্যমে তার হয়ে আইনি সিদ্ধান্ত নেওয়ার বৈধ অনুমতি জমা দিয়েছে ম্যাট্রিক্স চেম্বার্স। এর আগে গত ৯ নভেম্বর প্রথমবারের মতো বাংলাদেশ হাইকমিশনারের দপ্তরে ই-মেইল পাঠিয়েছিল সংস্থাটি। তবে প্রথম আবেদনের সঙ্গে শেখ হাসিনার স্বাক্ষরিত কোনো অনুমতিপত্র সংযুক্ত ছিল না।

ম্যাট্রিক্স চেম্বার্সের দাবি, গণমাধ্যমের খবরের মাধ্যমে তারা জানতে পেরেছে যে আগের ই-মেইলটি হাইকমিশন পেয়েছে। কিন্তু গত ১০ দিনে হাইকমিশনের পক্ষ থেকে কোনো সাড়া না পাওয়ায় দ্রুত প্রয়োজনীয় তথ্য জানাতে আবারও আবেদন করা হয়েছে।

Walton
Walton