Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

অগ্রাহায়ণ ৭ ১৪৩৩, রোববার ২২ নভেম্বর ২০২৬

সাভার-আশুলিয়ায় কাজে ফিরছেন শ্রমিকরা, বন্ধ ২৩ কারখানা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৯:৫৪, ২২ নভেম্বর ২০২৬

প্রিন্ট:

সাভার-আশুলিয়ায় কাজে ফিরছেন শ্রমিকরা, বন্ধ ২৩ কারখানা

ছবি সংগৃহীত

পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণের দাবিতে চলমান অসন্তোষের মধ্যেও সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে পরিস্থিতি শান্ত রয়েছে। রোববার (২২ নভেম্বর) সকালে অধিকাংশ কারখানার শ্রমিককে স্বাভাবিকভাবে কর্মস্থলে ফিরতে দেখা গেছে। তবে এখনো বন্ধ রয়েছে ২৩টি পোশাক কারখানা।

সকালে শিল্পাঞ্চলের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, অন্যান্য দিনের মতোই শ্রমিকেরা নিজ নিজ কারখানার উদ্দেশে রওনা হয়েছেন। অনেকেই শান্তিপূর্ণভাবে কারখানায় প্রবেশ করেছেন। কাজে যোগ দিতে তাঁদের মধ্যে স্বাভাবিক তৎপরতা দেখা গেছে।

এর আগের দিন, শনিবারও শিল্পাঞ্চলের পরিস্থিতি তুলনামূলক শান্ত ছিল। তবে বিচ্ছিন্ন কিছু ঘটনার কারণে রোববারও ২৩টি কারখানা বন্ধ রাখা হয়েছে।

শিল্প পুলিশ সূত্রে জানা গেছে, বন্ধ কারখানাগুলোর মধ্যে ২১টি শ্রম আইনের ১৩(১) ধারায় 'নো ওয়ার্ক, নো পে' ভিত্তিতে বন্ধ রয়েছে। অন্যদিকে শ্রমিকেরা কাজে যোগ না দেওয়ায় আরও দুটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া এ তথ্য জানিয়েছেন।

শিল্প পুলিশ বলছে, সকালে যে শান্তিপূর্ণ পরিবেশ দেখা গেছে, তা দিনভর বজায় থাকবে বলে তারা আশাবাদী। তবে কারখানাগুলোতে শ্রমিকদের উপস্থিতি ও উৎপাদন কার্যক্রমের ওপর পরিস্থিতি অনেকটাই নির্ভর করছে।

এদিকে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ স্থান ও বিভিন্ন কারখানার সামনে সতর্ক অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

Walton
Walton