Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

অগ্রাহায়ণ ৭ ১৪৩৩, রোববার ২২ নভেম্বর ২০২৬

সিয়াটল বিমানবন্দরে বিমানে ওঠার সময় দুই অভিবাসী আটক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৯:২০, ২২ নভেম্বর ২০২৬

প্রিন্ট:

সিয়াটল বিমানবন্দরে বিমানে ওঠার সময় দুই অভিবাসী আটক

ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের সিয়াটল-টাকোমা আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের বিমানে ওঠার সময় অভিযান চালিয়ে দুজনকে আটক করেছেন দেশটির অভিবাসন কর্মকর্তারা। শনিবার ২১ নভেম্বর ব্যস্ত বিমানবন্দরের জেট ব্রিজে (বিমানে ওঠানামার সংযোগপথ) এ ঘটনা ঘটে। এতে যাত্রী ও বিমানকর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং লস অ্যাঞ্জেলেসগামী একটি ফ্লাইটের যাত্রা বিলম্বিত হয়।

আলাস্কা এয়ারলাইনসের ফ্লাইট ১৩০৬-এ যাত্রীরা যখন উঠছিলেন, তখন মুখোশ পরা কয়েকজন অভিবাসন কর্মকর্তা সেখানে উপস্থিত হন। তাঁদের অভিযানের সময় অন্তত একজনকে টেনেহিঁচড়ে নিয়ে যাওয়ার দৃশ্য ভিডিওতে দেখা গেছে। এ সময় এক নারীকে চিৎকার করে বলতে শোনা যায়, কর্মকর্তারা তাঁর মেয়েকে নিয়ে যাচ্ছেন, অথচ তাঁর মেয়ের কাজের অনুমতিপত্র রয়েছে।

যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থা (আইসিই) এক বিবৃতিতে জানায়, নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে মেক্সিকোর নাগরিক রিকার্ডো লারোন্দো মেন্দোজাকে আটক করা হয়েছে। সংস্থাটির দাবি, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন, যা দেশটির অভিবাসন আইনের লঙ্ঘন।

আইসিই আরও জানায়, অভিযানের সময় আরেক যাত্রী কর্মকর্তাদের লক্ষ্য করে গরম কফি ছুড়ে মারেন। ওই নারী সোফিয়া হার্নান্দেজ মেহিয়াও মেক্সিকোর নাগরিক। সংস্থাটির দাবি, তিনিও যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থান করছিলেন এবং তাঁর ভিসার মেয়াদও শেষ হয়ে গিয়েছিল। একজন ফেডারেল কর্মকর্তাকে আক্রমণের অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা হতে পারে।

অনলাইন ফ্লাইট তথ্য অনুযায়ী, ফ্লাইটটি স্থানীয় সময় সকাল ৮টা ১০ মিনিটে ছেড়ে যাওয়ার কথা থাকলেও অভিযানের কারণে যাত্রা বিলম্বিত হয়।

আগাম না জানিয়ে অভিযান, উদ্বিগ্ন এয়ারলাইনস

আলাস্কা এয়ারলাইনস জানিয়েছে, আইসের কর্মকর্তারা অভিযান চালানোর আগে তাদের কোনো ধরনের পূর্বাভাস দেননি। থ্যাংকসগিভিং ছুটির আগে যুক্তরাষ্ট্রে যখন ব্যস্ততম ভ্রমণ মৌসুম চলছে, তখন এ ধরনের ঘটনা যাত্রী ও কর্মীদের জন্য বাড়তি উদ্বেগ তৈরি করেছে।

এক বিবৃতিতে বিমান সংস্থাটি বলেছে, ‘আলাস্কা ফ্লাইট ১৩০৬-এ যাত্রী ওঠার সময় শনিবার সকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান নিয়ে আমরা উদ্বিগ্ন। সংশ্লিষ্ট কর্মী ও যাত্রীদের জন্য ঘটনাটি কতটা আতঙ্কজনক ছিল, তা আমরা উপলব্ধি করছি।’

সংস্থাটি আরও জানিয়েছে, প্রত্যেক যাত্রীকে মর্যাদা ও সম্মানের সঙ্গে সেবা দেওয়ার নীতিতে তারা অটল।

অভিযানে অংশ নেওয়া কর্মকর্তাদের গায়ে কোনো পরিচয়চিহ্নযুক্ত পোশাক ছিল না। তাঁদের পরনে ছিল সাধারণ জ্যাকেট ও খাকি রঙের প্যান্ট। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কয়েকজন কর্মকর্তা মাটিতে থাকা একজনকে নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছেন। আশপাশে স্যুটকেস নিয়ে দাঁড়িয়ে থাকা যাত্রীরা পুরো ঘটনা দেখছেন।

গত গ্রীষ্মের পর থেকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিমানবন্দরে আইসের আটক অভিযান বেড়েছে। বিশেষ করে যেসব অভিবাসী ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও দেশটিতে অবস্থান করছেন, তাঁদের লক্ষ্য করে অভিযান চালাচ্ছে সংস্থাটি।

আলাস্কা এয়ারলাইনস জানিয়েছে, বিমানবন্দর পরিচালনার দায়িত্বে থাকা পোর্ট অব সিয়াটলের সঙ্গে তারা যোগাযোগ করছে। অভিযানের ক্ষেত্রে নির্ধারিত নিয়ম ও প্রটোকল অনুসরণ করা হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছেও সরাসরি উদ্বেগের বিষয়টি তুলে ধরেছে বিমান সংস্থাটি।

পোর্ট অব সিয়াটল এক বিবৃতিতে বলেছে, ঘটনাটি শুধু আটক হওয়া ব্যক্তিদের পরিবারের জন্যই নয়, অন্য যাত্রীদের জন্যও উদ্বেগজনক ছিল। কী ঘটেছিল, তা জানতে স্থানীয় কর্তৃপক্ষ ফেডারেল কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করবে।

আইসিকে বিলুপ্তির দাবি ওয়াশিংটনের গভর্নরের

ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ওয়াশিংটনের ডেমোক্র্যাট গভর্নর বব ফার্গুসন। আইসের অভিযানের কৌশলকে ‘গভীরভাবে অমার্কিন’ আখ্যা দিয়ে সংস্থাটি বিলুপ্ত করার দাবি জানিয়েছেন তিনি।

শ্রমিক সংগঠনের নেতা ও স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে এক সংবাদ সম্মেলনে ফার্গুসন বলেন, ‘ভিডিওটি ভয়াবহ এবং শিউরে ওঠার মতো। আমাদের এমন একটি অভিবাসন নিয়ন্ত্রণ ও সীমান্ত নিরাপত্তাব্যবস্থা প্রয়োজন, যা কার্যকর, নৈতিক ও মানবিক। আইস সেই মানদণ্ড পূরণ করতে পারছে না। এই সংস্থাকে সংস্কার করেও আর ঠিক করা সম্ভব নয়।’

বিমানবন্দরের জেট ব্রিজে আইসের কর্মকর্তারা কীভাবে প্রবেশের অনুমতি পেলেন, তা খতিয়ে দেখছেন বলেও জানান গভর্নর।

গত মার্চে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মুখ ঢেকে রাখার ওপর সীমাবদ্ধতা আরোপ করে একটি অঙ্গরাজ্য আইন সই করেছিলেন ফার্গুসন। তাঁর ধারণা, অভিযানে অংশ নেওয়া আইস কর্মকর্তারা ওই আইন লঙ্ঘন করেছেন।

শ্রমিক সংগঠনেরও ক্ষোভ

ওয়াশিংটন স্টেট লেবার কাউন্সিলের সভাপতি এপ্রিল সিমস জানিয়েছেন, আটক অভিযানের সময় ওই ফ্লাইটে শ্রমিক সংগঠনের কয়েকজন সদস্যও ছিলেন। তাঁর মতে, বছরের অন্যতম ব্যস্ত ভ্রমণ মৌসুমে এ ধরনের অভিযান যাত্রীদের দুর্ভোগ বাড়িয়েছে।

তিনি বলেন, কয়েক দিন আগেই যোগাযোগব্যবস্থার সমস্যার কারণে যুক্তরাষ্ট্রজুড়ে বহু ফ্লাইট বন্ধ রাখতে হয়েছিল। এমন পরিস্থিতিতে বিমানবন্দরের কর্মীরা আগে থেকেই বাড়তি চাপ সামলাচ্ছিলেন। যাত্রীরাও ছিলেন উদ্বিগ্ন।

সিমসের ভাষায়, ‘বিমানবন্দরের কর্মীরা আগে থেকেই অসাধারণ চাপের মধ্যে কাজ করছেন। যাত্রীরাও উদ্বিগ্ন। এমন সময়ে পরিস্থিতি শান্ত করা ও মানুষের আস্থা ফিরিয়ে আনার বদলে ফেডারেল কর্মকর্তারা আরও ভয় ও বিশৃঙ্খলা তৈরি করেছেন।’

উল্লেখ্য, ওয়াশিংটন স্টেট লেবার কাউন্সিলের সঙ্গে ছয় লাখের বেশি শ্রমিক যুক্ত রয়েছেন।

সূত্র: আরব নিউজ

Walton
Walton