Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

অগ্রাহায়ণ ৬ ১৪৩৩, শনিবার ২১ নভেম্বর ২০২৬

রিয়াদ লক্ষ্য করে হুতিদের ছোড়া তিন ক্ষেপণাস্ত্র ধ্বংস

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:৩৬, ২১ নভেম্বর ২০২৬

প্রিন্ট:

রিয়াদ লক্ষ্য করে হুতিদের ছোড়া তিন ক্ষেপণাস্ত্র ধ্বংস

ছবি সংগৃহীত

সৌদি আরবের রাজধানী রিয়াদ লক্ষ্য করে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করেছে দেশটির বিমান প্রতিরক্ষাব্যবস্থা। শনিবার ভোরে এ ঘটনা ঘটে। ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থনকারী সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট এ তথ্য জানিয়েছে। নতুন করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে পড়েছে সৌদি আরব।

সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় ক্ষেপণাস্ত্র প্রতিহত করার বিষয়টি নিশ্চিত করেন। শনিবার রাত ২টার কিছু পর তিনি এ ঘোষণা দেন।

এর আগে রাত ১টা ৫৩ মিনিটে রিয়াদের বাসিন্দাদের সতর্ক করে জরুরি বার্তা পাঠায় দেশটির বেসামরিক প্রতিরক্ষা বিভাগ। বার্তায় সম্ভাব্য আকাশপথের হামলার বিষয়ে সতর্ক করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, রাজধানীতে দুটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে সতর্কতা তুলে নেয় বেসামরিক প্রতিরক্ষা বিভাগ।

এদিকে এক্সে দেওয়া বার্তায় হুতি বিদ্রোহীরা সৌদি আরবের বিভিন্ন স্থাপনায় হামলা চালানোর দাবি করেছে। তাদের ঘোষিত লক্ষ্যবস্তুর মধ্যে রিয়াদও ছিল।

রিয়াদের দক্ষিণে আল-সুলাইল গভর্নরেট এবং ইয়েমেন সীমান্তসংলগ্ন নাজরানেও আগাম সতর্কবার্তা জারি করে সৌদি কর্তৃপক্ষ।

এর আগের দিন শুক্রবার সন্ধ্যায় দেশটির জাজান অঞ্চল লক্ষ্য করে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে হুতিরা। সৌদি বিমান প্রতিরক্ষাব্যবস্থা সেগুলোও আকাশেই ধ্বংস করে। তবে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ জাজানের আল-শুকাইক এলাকায় পড়ে। খবর পেয়ে সেখানে যায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

হামলার ধারাবাহিকতায় জাজান এবং আসির অঞ্চলের খামিস মুশাইত এলাকায়ও সতর্কবার্তা জারি করা হয়।

শুক্রবার এর আগে জোটের মুখপাত্র আল-মালিকি জানান, ইয়েমেনের রাজধানী সানায় হুতি বিদ্রোহীদের অন্যতম প্রধান রসদভান্ডার লক্ষ্য করে অভিযান চালিয়েছে জোটের বাহিনী।

জোটের আগের এক বিবৃতি অনুযায়ী, শুক্রবার সৌদি আরবের আকাশসীমায় প্রবেশ করা পাঁচটি ড্রোন ও তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়। এর মধ্যে জাজান অভিমুখী দুটি ক্ষেপণাস্ত্র ছিল। দেশটির দক্ষিণাঞ্চলে চারটি ড্রোন ও আরও একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়। রিয়াদ অঞ্চলের আকাশে ভূপাতিত করা হয় আরেকটি ড্রোন।

এর এক দিন আগেই রিয়াদের কিং আবদুল্লাহ ফাইন্যান্সিয়াল ডিস্ট্রিক্টে হুতিদের হামলায় একটি বহুতল ভবনের কয়েকটি তলা ক্ষতিগ্রস্ত হয়। পাশের কয়েকটি ভবনেও হামলার প্রভাব পড়ে। তবে এতে কেউ হতাহত হননি বলে জানিয়েছে সৌদি বেসামরিক প্রতিরক্ষা বিভাগ।

বেসামরিক ও অর্থনৈতিক স্থাপনায় হামলার তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, হুতিদের এ ধরনের হামলা আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তার জন্য হুমকি। নিজেদের সার্বভৌমত্ব রক্ষা এবং নাগরিক, বাসিন্দা ও জাতীয় সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অধিকার সৌদি আরবের রয়েছে বলেও বিবৃতিতে জানানো হয়।

এদিকে হুতি বিদ্রোহীদের সামরিক সক্ষমতা ও হামলার হুমকি মোকাবিলায় ইয়েমেনের সানা, সাদা ও তাইজ অঞ্চলে অভিযান চালানোর কথা জানিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট। লোহিত সাগর উপকূলের হোদেইদা বন্দরের বিভিন্ন স্থাপনাও তাদের অভিযানের লক্ষ্যবস্তু। জোটের দাবি, ইয়েমেন ও সৌদি আরবের বেসামরিক জনগণের নিরাপত্তা নিশ্চিত করতেই এসব অভিযান পরিচালনা করা হচ্ছে।

চলতি বছরের শুরুর দিকে ইয়েমেনের সরকারি বাহিনী এবং সৌদি আরবের বেসামরিক লক্ষ্যবস্তুতে আবারও হামলা শুরু করে হুতি বিদ্রোহীরা। এর মধ্য দিয়ে সংঘাতের চার বছরের যুদ্ধবিরতির অবসান ঘটে। নতুন করে পাল্টাপাল্টি হামলায় উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে।

সূত্র: আরব নিউজ

Walton
Walton